সিরিয়ায় গ্যাস হামলার জন্য ওবামা দায়ী: ট্রাম্প
বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে গ্যাস হামলার ঘটনায় ওবামা প্রশাসনকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার বিষয়ে বারাক ওবামার নেওয়া ভুল পররাষ্ট্র নীতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গ্যাস হামলার পর একদিন চুপ থেকে আজ এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘বাশার আল-আসাদের শাসনব্যবস্থায় এ ধরনের ঘৃণ্য হামলা যুক্তরাষ্ট্রের গত প্রশাসনের দুর্বলতা ও ভুল পররাষ্ট্র নীতির কারণেই ঘটেছে।’ তিনি বলেন, ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বাস্তবে তিনি কিছুই করেননি।’
সিরিয়ার খান শেইখুন শহরে মঙ্গলবারের ওই হামলায় কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এটিকে রাসায়নিক অস্ত্রের হামলা বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার সরকার বা রাশিয়ার বিমানবাহিনী এ হামলা চালিয়েছে।