সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ইতি টানার পথ খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকেরা গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সমবেত হয়েছেন। সংলাপ আজ শুক্রবার শুরু হবে। এতে প্রথমবারের মতো যোগ দিচ্ছে ইরান। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল ভিয়েনার উদ্দেশে যাত্রা করার আগে বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দামেস্কের উদারপন্থী বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ানো হচ্ছে। ভিয়েনার আলোচনায় তাৎক্ষণিক রাজনৈতিক সমাধান নিশ্চিত নয়। তবু এ বৈঠক নিয়ে অনেক আশা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বলেন, সিরিয়ায় যুদ্ধ বন্ধ করার জন্য রাজনৈতিক সংলাপ শুরু করাই ভিয়েনা বৈঠকের প্রধান লক্ষ্য।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। তুরস্ক, সৌদি আরব এবং উপসাগরীয় আরব দেশগুলো বাশারের বিপক্ষে। তারা বলছে, সিরিয়ায় দীর্ঘমেয়াদি ভূমিকায় থাকা উচিত নয় প্রেসিডেন্ট বাশারের।
সিরিয়ার প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং সশস্ত্র বিদ্রোহীদের ভিয়েনার আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। দেশটির সরকারি কর্তৃপক্ষও এ বৈঠকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এভাবে সিরিয়ার কাউকে ছাড়াই বৈঠক আয়োজনের সমালোচনা করেছেন সিরীয় বিদ্রোহী জোটের নেতা জর্জ সাব্রা। তিনি রয়টার্সকে বলেন, ‘সিরিয়াকে আমন্ত্রণ না করা ওই আলোচনার গুরুত্বহীনতার প্রতিফলন। এটা এ বৈঠকের বড় দুর্বলতা।’
যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইরান, মিসর ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনা বৈঠকে যোগ দিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধানও এতে থাকবেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মূলত যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিরোধিতার কারণেই সিরিয়া নিয়ে এর আগে দুই দফা আন্তর্জাতিক আলোচনায় তেহরানকে বাদ দেওয়া হয়েছিল।
রুশ হামলায় নিহত প্রায় ৬০০: যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় প্রায় এক মাস ধরে চলা রুশ বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৬০০ জন নিহত হয়েছে। তাদের দুই-তৃতীয়াংশই বিদ্রোহী যোদ্ধা। সংগঠনটি গতকাল এ তথ্য প্রকাশ করেছে।