সিরিয়ায় হস্তক্ষেপ করতে চেয়েছিলেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পর্শকাতর গোপন নথি ফাঁস করা ওয়েবসাইট উইকিলিকস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের নতুন অনেক ই-মেইল প্রকাশ করেছে। এতে দেখা যায়, হিলারি ও তাঁর নির্বাচনী শিবিরের সহযোগীরা সিরিয়ায় হামলা, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক, সীমান্তমুক্ত বাণিজ্য, শরণার্থী-সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন। এগুলো দৃশ্যত সব সময় হিলারির ঘোষিত নীতি বা অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
ফাঁস হওয়া ই-মেইলে দেখা যায়, হিলারি গোল্ডম্যান সাক্সের একটি সম্মেলনে বলেছিলেন, তিনি সিরিয়া পরিস্থিতির ওপর গোপনে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন। তত দিনে তিনি অবশ্য পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।
চীন ও উত্তর কোরিয়া নিয়ে
আরেকটি ই-মেইলে দেখা যায়, হিলারি চীনের কর্মকর্তাদের এ হুমকি দিয়েছিলেন যে তাঁরা উত্তর কোরিয়ার আগ্রাসন রোধ করতে না পারলে কিংবা তাতে আগ্রহী না হলে তিনি ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করবেন। গোল্ডম্যান সাক্সের ওই সম্মেলনে হিলারি বলেন, তিনি চীনের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ‘হয় তোমরা নিয়ন্ত্রণ করো, না হলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যবস্থা নেব।’
হিলারির কাছে আগাম প্রশ্ন
ফাঁস হওয়া আরেকটি ই-মেইলে দেখা যায়, গত মার্চে সিএনএনের তখনকার কর্মী ডোনা ব্রাজিল হিলারিকে আগাম প্রশ্ন পাঠান, যা তাঁকে পরে জিজ্ঞাসা করা হবে। ডোনা বর্তমানে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বরাবরই সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছেন।
শরণার্থী নিয়ে হিলারির শঙ্কা
২০১৩ সালে ইহুদিদের সংগঠন জ্যুইশ ইউনাইটেড ফান্ড অব মেট্রোপলিটন শিকাগোতে দেওয়া এক বক্তব্যে হিলারি আশঙ্কা প্রকাশ করেন, জর্ডান ও তুরস্ক শরণার্থীদের ব্যাপারে বিশেষ কিছু করতে পারছে না। ফলে শরণার্থীদের সঙ্গে অনেক সন্ত্রাসী অন্য দেশগুলোতে প্রবেশ করছে।
চেলসি ক্লিনটন বখে গিয়েছেন
হিলারি ও তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দীর্ঘদিনের সহযোগী ডুগ ব্যান্ড ২০১১ সালে এক ই-মেইলে বলেন, হিলারির মেয়ে চেলসি ক্লিনটন তাঁর প্রতিষ্ঠানে অযাচিতভাবে নাক গলাচ্ছেন। ক্লিনটন ফাউন্ডেশনেও তাঁর কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন। চেলসির আচরণ বখে যাওয়া সন্তানের মতো।