সিরিয়ায় হামলার প্রতিবাদে আমেরিকায় প্রতিবাদ

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ২০ টির অধিক নগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পরদিন শুক্রবার নিউইয়র্কসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে যুদ্ধবিরোধী জনতা রাজপথে নেমে আসে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ার’এর সামনে সমাবেশ করেছে যুদ্ধ বিরোধী সংগঠন অ্যাক্ট নাউ টু স্টপ ওয়ার অ্যান্ড রেসিজম (আনসার)। এ সমাবেশে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার এক নায়ক বাশার আল আসাদের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ প্রদান করেন। সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলায় সাধারণ নাগরিক, শিশু এবং নারী হত্যার জের ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলার নির্দেশ প্রদান করেন। সাধারণ নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্রের হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে দায়ী করা হচ্ছে। আনসার সংগঠনের অন্যতম সংগঠক ডেভিড হেব্রেনেক বলেছেন, বোমা হামলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক নীতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তিনি বলেন, সিরিয়ায় এ ক্ষেপণাস্ত্র হামলা ইরাকের মতো আরেকটি যুদ্ধের ইঙ্গিত প্রদান করছে। যে যুদ্ধ লোভ আর করপোরেট আমেরিকার লোভী মানসিকতা থেকে আসা। এ ধরনের যুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের কোনো লাভ নেই বলে তিনি উল্লেখ করেন।
নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদী লিফলেট বিতরণ করছিলেন ভওই দিপকো নামের এক প্রতিবাদকারী। তিনি সংবাদমাধ্যমকে বলছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করছেন। বাশার আল আসাদের তাড়া খাওয়ার পর এখন ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়ে সিরিয়া থেকে সাধারণ লোক শরণার্থী হবে। এসব শরণার্থীদের আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নির্বাহী আদেশ দিয়ে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দ্বৈত নীতি বিবেকবান মানুষের কাছে বিস্ময়ের বার্তা দেয় বলে মনে করেন এ প্রতিবাদকারী। সিরিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি বিশ্বযুদ্ধ অবস্থার সৃষ্টি করছেন বলে মনে করেন প্রতিবাদকারী নাগরিক আন্দোলনের কর্মী ভওই দিপকো।
কংগ্রেসের কোনো অনুমতি ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন, এ কারণে প্রতিবাদে নেমেছেন কেরেন লী নামের এক প্রতিবাদকারী। তিনি বলেন, কংগ্রেসে আলোচনা না করে প্রেসিডেন্ট একক সিদ্ধান্তে অন্য দেশে হামলা করার পরিণাম ভালো হবে না। শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারে বিশাল প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীরা যুদ্ধ বিরোধী স্লোগান দিতে থাকেন। ইন্টারন্যাশনাল অ্যাকশন সেন্টার নামের নাগরিক সংগঠন এ সমাবেশের আয়োজন করে। অন্য দেশের ওপর খবরদারি না করা এবং ক্ষেপণাস্ত্র হামলা করে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান প্রতিবাদকারীরা।
এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম বলেছে, বৃহস্পতিবারের হামলাই সিরিয়ার স্থাপনায় শেষ হামলা নয়। আরও হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিউইয়র্কসহ আমেরিকার বড় বড় নগরে প্রতিবাদকারীদের মুখেও এমন আশঙ্কা দেখা গেছে। নাগরিক আন্দোলন এবং যুদ্ধ বিরোধী সংগঠনগুলো থেকে বলা হচ্ছে, বোমা মেরে কোথাও শান্তি প্রতিষ্ঠা হবে না। সিরিয়ায় এমন ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বহুজাতিক আরেকটি যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়বে, এমন আশঙ্কার কথাও উচ্চারিত হয়েছে বিক্ষোভকারীদের কণ্ঠে।