সিলিকন ভ্যালিতে যৌন হয়রানির যত ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর দক্ষিণ-পূর্ব উপকূলে এক শিল্পাঞ্চলের নাম সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি বিশ্বের প্রথম সারির উচ্চপ্রযুক্তির বাণিজ্যিক এলাকা। বিশ্বের বড় বড় সফটওয়্যার, ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের অধিকাংশই এখানে অবস্থিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গুগল, ইন্টেল করপোরেশন, হিউলেট-প্যাকার্ড (এইচপি), অ্যাপল কম্পিউটার্স ইনকরপোরেটেড, ওরাকল, ইয়াহু! প্রভৃতি। সম্প্রতি এই সিলিকন ভ্যালিতে বিনিয়োগকারীদের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ আনেন নারী উদ্যোক্তরা। এ নিয়ে সিএনএনে প্রকাশিত প্রতিবেদনটি তুলে ধরা হলো।

২০০১ সাল। তখন ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানে চলছিল আর্থিক মন্দা, যা ‘ডটকম ক্র্যাশ’ নামে পরিচিত। ওই সময়টাতে নারী উদ্যোক্তা সিসিলিয়া পাগকালিনাওয়ানের সামনে দুটি সুযোগ ছিল। হয় বিনিয়োগের জন্য আরও অর্থ জোগাড় করা অথবা ২৬ জন কর্মচারীকে ছাঁটাই করা। নিউইয়র্ক সিটিতে ক্ষমতাধর এক পুঁজিপতির সঙ্গে তিনি বৈঠক নির্ধারণ করেন। তাঁর আশা ছিল ওই পুঁজিপতি বিনিয়োগ করবেন।

পাগকালিনাওয়ান বলেন, সম্ভাব্য ওই বিনিয়োগকারী দামি একটি রেস্তোরাঁয় বৈঠক নির্ধারণ করেন। তিনি যখন সেখানে পৌঁছান, তখন ওই পুঁজিপতি পাঁচ হাজার ডলার মূল্যের এক বোতলের ফরমাশ দেন। মদপানে তিনি যখন অস্বীকৃতি জানান, তখন ওই পুঁজিপতি বলেন, তিনি কোনো ‘না’ শব্দ গ্রহণ করবেন না। পাগকালিনাওয়ান বলেন, কতবার তাঁর গ্লাসে মদ ঢালা হয়েছিল, তা তিনি স্মরণ করতে পারছেন না। তিনি শুধু এটাই স্মরণ করতে পারেন যে ওই পুঁজিপতি তাঁর পা স্পর্শ করেন এবং চুমু খাওয়ার জন্য এগিয়ে আসেন। পরে পাগকালিনাওয়ান অজুহাত দেখিয়ে অবকাশকক্ষে আশ্রয় নেন, বমি করেন এবং একপর্যায়ে এক বন্ধুকে সেখানে ডেকে আনেন এবং রেস্তোরাঁ ত্যাগ করেন।

পাগকালিনাওয়ান এক দশকেরও বেশি সময় ধরে ঘটনাটি চেপে রাখেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বের নেতৃস্থানীয় উচ্চপ্রযুক্তির বাণিজ্যিক এলাকা সিলিকন ভ্যালিতে একই ধরনের যৌন হয়রানির ঘটনা একের পর এক প্রকাশ পেতে শুরু করেছে। এটাই পাগকালিনাওয়ানকে মুখ খুলতে অনুপ্রেরণা জুগিয়েছে।
পাগকালিনাওয়ান সিএনএনকে বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না একই রকম ঘটনা এখনো ঘটে চলছে।’

সম্প্রতি সিলিকন ভ্যালির দুজন ক্ষমতাধর বিনিয়োগকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ৫০০ স্টার্টআপসের ডেভ ম্যাককলার বাইনারি ক্যাপিটালের জাস্টিন ক্যাল্ডবেক যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন। উভয়ই তাঁদের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। ওই দুজনের পদত্যাগের ঘটনার পর সিলিকন ভ্যালির বহু নারীই তাঁদের যৌন হয়রানির অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

উদ্যোক্তা বে আর্থার এক বিনিয়োগকারীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওই বিনিয়োগকারী একপর্যায় উঠে দাঁড়িয়ে তার যৌনাঙ্গ দেখান। বে আর্থার বলেন, ‘আমি হতবাক হয়ে যাই, অস্বস্তিতে পড়ি, এটা অন্যায়।’ আর্থার বলেন, তিনি সংবিৎ ফিরে পান এবং আর কখনোই ওই ব্যক্তির মুখোমুখি হননি।

জাস্টিন ক্যাল্ডবেকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা নারী উদ্যোক্তা সুসান হো বলেন, প্রচলিত ধারণা হলো, বিনিয়োগকারীরা কেবল পরিকল্পনা নয়, তাঁরা উদ্যোক্তাদের পুঁজির জোগান দেন। এ কারণে বিনিয়োগকারীদের প্রয়োজন উদ্যোক্ত সম্পর্কে জানা। তিনি বলেন, ‘আর এই জানাশোনার বিষয়টি সামাজিক নানা অনুষঙ্গের মধ্যেই হয়ে থাকে। এটা হতে পারে রাতের খাবার বা পানীয় পানের আমন্ত্রণের ভেতর দিয়ে।’

সুসান হো বলেন, পানীয় পান বা একসঙ্গে রাতের খাবার খাওয়ার ভেতর দোষের কিছু নেই। তবে এই প্রযুক্তি শিল্পে ক্ষমতার বৈষম্য উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে এই সাধারণ একত্র হওয়াকে জটিল করে ফেলে। এটা বিশেষভাবে জটিল নারী উদ্যোক্তাদের জন্য যেখানে পুঁজির বেশির ভাগই নিয়ন্ত্রণ করেন পুরুষ। একটি জরিপের তথ্য অনুযায়ী, সিলিকন ভ্যালিতে শীর্ষ ৭২টি প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া কর্মকর্তাদের ৮৯ শতাংশই পুরুষ। পিচবুকের নতুন তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পুরুষ উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে পুঁজিপতিরা ৬ হাজার ৪০৯ কোটি ডলার বিনিয়োগ করেন। আর নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন মাত্র ১০৫ কোটি ডলার।

এর মানে দাঁড়ায়, পুঁজির জন্য নারী উদ্যোক্তাদের পুরুষদের পেছনে ছুটতে হয়। আর সাধারণত অপ্রাতিষ্ঠানিক স্থান-রেস্তোরাঁ, পানশালা বা কফিশপে বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। আর বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের অফিসের কর্মঘণ্টার বাইরের সময়ে বিনিয়োগকারীদের সঙ্গে সাক্ষাৎ করতে হয়। আর্থার বলেন, বিনিয়োগকারী যখন তাঁর শ্লীলতাহানি করেন, তখন তিনি ‘আকস্মিক তীব্র লজ্জায় হতবাক হয়ে যান’।

এক পুঁজিপতির সঙ্গে বৈঠকের বর্ণনা দিয়ে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান সিওর্ক্সের সহপ্রতিষ্ঠাতা লিসা ওয়াং বলেন, ‘আমরা একটি কফিশপে বসে ছিলাম। ওই পুঁজিপতি আমার মুখমণ্ডল ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করি। আমি বুঝতে পারছিলাম না কী করব। কারণ, ওই ব্যক্তি চেষ্টা চালিয়েই যাচ্ছিলেন। তিনি খুবই আক্রমণাত্মক ছিলেন। ওই বিনিয়োগকারী আমার হোটেলের কক্ষে যাওয়ার জন্য আমার পিছু নিয়েছিলেন। আমি তাঁকে বলি, আপনি চলে না যাওয়া পর্যন্ত আমি লিফটে উঠব না।’

লিসা ওয়াং বলেন, একজন পুরুষ বিনিয়োগকারী আরেক পুরুষকে একটি সুযোগ, সহকর্মী, সমকক্ষ ব্যক্তি বা একজন পরামর্শদাতা হিসেবে বিবেচনা করেন। তবে আপনি যদি নারী উদ্যোক্তা হন, তবে ওই পুরুষ বিনিয়োগকারী কেবল আপনাকে একজন নারী হিসেবেই প্রথমে বিবেচনা করবে।’

কয়েক সপ্তাহ আগে বিনিয়োগকারী জাস্টিন ক্যাল্ডবেকের বিরুদ্ধে ছয় নারী যৌন হয়রানির অভিযোগ আনেন। এর মধ্যে তিনজন নারী নাম প্রকাশ না করে অভিযোগগুলো করেন। অন্য তিনজন নারী নাম প্রকাশ করেন, সিলিকন ভ্যালিতে যা দুর্লভ ঘটনা। এখানে আবেগজনিত ও আর্থিক বিষয় বিবেচনা করে নীরব থাকার পরামর্শ দেওয়া হয়।

আর্থার বলেন, এসব বিষয়ে মুখ খুললে তহবিল জোগাড় করা কঠিন হয়ে পড়ে। কেউ যদি মুখ খোলেন তবে অন্য বিনিয়োগকারীরা ওই উদ্যোক্তাকে বিশ্বস্ত বলে বিবেচনা করবেন না। আর এটাই অসংগত আচরণকারী বিনিয়োগকারীকে রক্ষা করে। তিনি বলেন, ‘শীর্ষস্থানীয় ব্যক্তিরা শীর্ষেই অবস্থান করে এবং তাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া রয়েছে। তাঁরা একে অপরকে রক্ষা করেন।’

ভ্রমণবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জার্নি’র সহপ্রতিষ্ঠাতা সুসান হো ও লেইতি সু ক্যাল্ডবেকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আনেন। সুসান হো সিএনএনকে বলেন, ‘প্রযুক্তিসহ যেকোনো শিল্পেই আপনি যখন যৌন হয়রানির কথা প্রকাশ করবেন, তখন তা হবে আপনার ক্যারিয়ারের পরমাণু বোমা ফেলার মতো। কারণ এ ক্ষেত্রে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা রয়েছে, যা যেকোনোভাবেই আপনার ব্যবসার ওপর প্রভাব ফেলবে।’

সুসান হো ও লেইতি সু অভিযুক্ত ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নেন। এসব ঘটনা প্রকাশের পর সিলিকন ভ্যালিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর বহু নারী এই প্রযুক্তিশিল্পে বিনিয়োগকারীদের হাতে তাঁদের হয়রানির শিকার হওয়ার ঘটনা প্রকাশ করতে থাকেন। সুসান হো বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এই আশাতেই এসব কথা ফাঁস করেছি যে অন্তত যেকোনো উদ্যোক্তা ক্যাল্ডবেকের সাক্ষাতের আগে দুবার ভাববে।’ তিনি বলেন, ‘অনেক নারীই ক্যাল্ডবেকের যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে সেসব নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ করার মতো শক্ত অবস্থানে নেই।’

ড্রিমার্স/ডুয়ার্সের প্রতিষ্ঠাতা গেসে হাস ২০১৪ সালে বিনিয়োগকারী পাভেল কুর্দার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এক সম্মেলনে গেসে বলেন, কুর্দা এক ই-মেইলে তাঁকে বলেছেন, ‘আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক না করে বার্লিন ছাড়ব না।’ পরে কুর্দা এক টুইট বার্তায় বলেন, তাঁর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পরবর্তী সময়ে অবশ্য কুর্দা স্বীকার করেন ওই ই-মেইল তিনিই পাঠিয়েছিলেন এবং তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

ওই ঘটনাটি প্রকাশ না করতে সামাজিক যোগাযোগমাধ্যেমে গেসে হাসকে হুমকি দেওয়া হয়। এরপরও গেসে তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। গেসে বলেন, ‘এসব বিষয় গোপন রাখা আরও খারাপ। এ ছাড়া আমি এসব বিষয় প্রকাশের সিদ্ধান্ত নেই কারণ আমার কাছে অনেক তথ্যপ্রমাণ ছিল। এ বিষয়টি প্রকাশ করা আমার দায়িত্ব ছিল।’

তবে সিএনএনের সঙ্গে কথা বলা তিন নারী আর্থার, পাগকালিনাওয়ান ও ওয়াং অভিযুক্তদের নাম উল্লেখ করেননি। কারণ তাদের কাছে সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ নেই। পাগকালিনাওয়ানের সঙ্গে যৌন হয়রানির ঘটনাটি ঘটেছিল ১৬ বছর আগে। তিনি বলেন, ‘এটা শুনে আমি সত্যিই খুব মর্মাহত যে অবস্থার তেমন কোনো হয়নি।’

ভাষান্তর: কৌশিক আহমেদ