
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক খন্দকার শিপার আহমদ বলেছেন, নিউইয়র্কে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট কবে চালু হবে, এ নিয়ে কেউ কিছু জানেন না। প্রবাসীবহুল সিলেটের ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্থা, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ বিমানের কোনো অভ্যন্তরীণ ফ্লাইট নেই।
নিউইয়র্ক সফররত খন্দকার শিপার আহমেদ সম্প্রতি প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
খন্দকার শিপার আহমেদ বলেন, সিলেট অঞ্চলসহ দেশের সর্বত্র বর্তমানে ব্যবসা-বাণিজ্যে একটা চাঞ্চল্য বিরাজ করছে। এ ক্ষেত্রে বর্তমান সরকার গৃহীত নানা উন্নয়নমূলক পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, সরকারের ব্যবসাবান্ধব নীতি এ পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে।
খন্দকার শিপার আহমেদ নিজের এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে প্রযুক্তিবিষয়ক ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল পল্লি স্থাপনের কথা উল্লেখ করেন। ডিজিটাল পল্লিতে শিল্প স্থাপনে কেবল অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদানসহ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সব সেবা প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে, যা প্রবাসী বিনিয়োগকারীদের কাজে লাগবে বলে তিনি মনে করেন।
বর্তমানে সিলেট অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে শিপার আহমদ জানান, এই অঞ্চলে আমেরিকা ও যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের উপার্জিত বৈদেশিক মুদ্রা বছরের পর বছর সিলেট বিভাগের বিভিন্ন ব্যাংকের শাখায় অলস পড়ে আছে। সরকারের গৃহীত এ ধরনের যুগোপযোগী সিদ্ধান্ত বিভাগের সর্বত্র ব্যবসা ও বাণিজ্যসহ ছোট বড় শিল্প স্থাপনে গতি ফিরে আসবে বলে তিনি মনে করেন।
শিপার আহমেদ বলেন, বিমান বাংলাদেশ ঢাকা-সিলেটে অনেক দিন ধরে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এ সুযোগে বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলো ঢাকা-সিলেট-ঢাকায় একচেটিয়া যাত্রী পরিবহনের সুযোগ পায়। তিনি বলেন, নিউইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট কবে সরাসরি চালু হবে ঠিক জানা নেই। এই ফাঁকে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনস বাংলাদেশি যাত্রীদের নিয়ে একচেটিয়া ব্যবসা করছে।
শিপার আহমেদ বলেন, বাংলাদেশ বিমান এখন অন্য এয়ারলাইনের সঙ্গে পার্টনারশিপ করে নিউইয়র্ক, কানাডা বা উত্তর আমেরিকার যেকোনো এয়ারপোর্ট থেকে ফ্লাইট চালু করতে পারে। সরকার ইচ্ছে করলেই দ্রুত এমন ব্যবস্থা নেওয়া যায়। বিমানের নিয়মিত ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন নগরীতে রয়েছে। সেখানে যাত্রী নিয়ে গেলে বিমানের নিজস্ব ফ্লাইটে ঢাকা বা সিলেট বিমানবন্দরে যাত্রী পরিবহন করা কোনো জটিল ব্যাপার নয় বলে মনে করেন এয়ারলাইনস ব্যবসায়ী খন্দকার শিপার আহমেদ।