আমেরিকার নিউইয়র্ক নগরে ১৬ সেপ্টেম্বর থেকে দুই দিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের আয়োজন নিয়ে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে সিলেটি ঐতিহ্য ও ভালোবাসা জাগিয়ে রেখেছেন, আটলান্টিকের পাড়ে এমন মানুষের মহামিলনের জন্য আয়োজন চলছে পুরোদমে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বিশ্ব সম্মেলনের।
১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে আমেরিকার সব অঙ্গরাজ্যসহ বাংলাদেশ, ভারত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, মধপ্রাচ্য, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে সিলেটের অনেকেই যোগ দিচ্ছেন। সম্মেলনে থাকছে সংগীত, নৃত্য, মিলনমেলা, আত্মকথা, পরিচিতি, শুভেচ্ছা বিনিময়, সিলেটি খাবার ও অন্যান্য স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিভিন্ন বিষয়ে উচ্চমানের সেমিনার ও আলোচনা।
সম্মেলন কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, সিলেট বিশ্ব সম্মেলন উপলক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন থাকছে। বক্তা হিসেবে থাকছেন আমেরিকার ইউনিভার্সিটি অব মাসাচুসেট, ডার্টমাউথের উপাচার্য ও প্রভোস্ট মোহাম্মদ আতাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ভারতের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অমলেন্দু চক্রবর্তী, বাংলাদেশের অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জমান আহমদ, যুক্তরাজ্যের নুতুন প্রজন্মের বক্তা সাবেরুল ইসলাম।
সিলেট বিশ্ব সম্মেলন নিয়ে নিউইয়র্কে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলের প্রবাসীদের মনে করা হয় বাঙালির প্রবাসযাত্রার অগ্রদূত। দূরদেশে নিজেদের অঞ্চল নিয়ে এমন সম্মেলনের প্রাক্কালে নিউইয়র্কে বসবাসরত প্রভাবশালী সিলেটের নেতা ও সংগঠকেরা প্রথম আলো উত্তর আমেরিকার কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন।
সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান নিউইয়র্কপ্রবাসী মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বলেন, ‘সিলেটের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আন্দোলন করে আমি জীবন কাটিয়েছি। বর্তমান বাস্তবতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সিলেট অঞ্চলের লোকজন এখনো বঞ্চিত। নিউইয়র্কের বিশ্ব সম্মেলনে শুধু সিলেটবাসীর মিলনের সমারোহ নয়, এখান থেকে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রায় সম্মিলিত আওয়াজ উঠবে এমন প্রত্যাশা আমার।’
প্রবীণ রাজনীতিবিদ আবদুল মোসাব্বির প্রথম আলোকে বলেন, প্রবাসে বাংলাদেশিদের অগ্রদূত সিলেটবাসী দেশের মহান মুক্তিযুদ্ধে তহবিল দিয়েছে। প্রবাসী সরকারকে সহযোগিতা করেছে। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনায় প্রবাসী সিলেটবাসীর অবদান ইতিহাস হয়ে আছে। দেশের বাইরে আজ বাংলাদেশের লোকজনের যে অগ্রযাত্রা, বিশ্বযাত্রা তার পথ দেখিয়েছে সিলেটের সংগ্রামী সাধারণ প্রবাসীরা। সম্মেলনের মাধ্যমে সিলেট অঞ্চলের প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্বদেশের জন্য আরও বেশি কিছু করার প্রত্যয় ঘোষণা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক, জালালাবাদ সোসাইটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সিলেট বিশ্ব সম্মেলন নিয়ে তিনি খুবই আগ্রহী। বহুদিন পর অনেকের সঙ্গে দেখা হবে। নতুনেরা দেশ নিয়ে, নিজেদের শেকড় নিয়ে কী ভাবছেন, তা জানার সুযোগ পাওয়া যাবে।
সাবেক ছাত্রনেতা, দুই যুগের নিউইয়র্কপ্রবাসী শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সিলেট বিশ্ব সম্মেলন শুধু বৃহত্তর সিলেটবাসীর বনভোজন নয়। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ বা সিলেট সদরের—যেখানের হোক না কেন, এই অঞ্চলের মানুষ নিজেদের সিলেটি বলে পরিচয় দেন, অন্য কোনো নামে নয়। নিজেরা নিজেদের ভাষায় কথা বলেন। সিলেট বিশ্ব সম্মেলনে বেশ কয়েকটি সেমিনারে বক্তৃতা করবেন আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা। এসব সেমিনারে নিজেদের অঞ্চলের সমস্যা, সম্ভাবনাসহ নতুন প্রজন্মকে উৎসের সঙ্গে বন্ধন সৃষ্টির কোনো উপায় খুঁজে পেলে বিশ্ব সম্মেলন সফল হবে। সেমিনার থেকে পাওয়া তথ্য-উপাত্ত ও সুপারিশ দেশের যথাযথ পর্যায়ে পৌঁছে দেওয়া ও বাস্তবায়নের জন্য সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতা কাজী কয়েস তাঁর প্রত্যাশার কথা জানাতে গিয়ে বলেন, ‘পূর্ব থেকে পশ্চিমের দেশে এসেও আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা বিসর্জন দিতে পারি না। আমরা আমাদের ভাষায় কথা বলি। সিলেটের মানুষ ১০০ বছর ধরে দূরের সব দেশে নিজেদের জীবনের নোঙর করে গেছেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সিলেটের প্রবাসীরা আজকের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার শক্তিশালী অনুষঙ্গ। বিশ্ব সম্মেলনের মাধ্যমে সিলেট অঞ্চলের লোকজনের মধ্যে আরও ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র শাখা বিএনপির নেতা জিল্লুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের সমরনায়ক প্রয়াত জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সময় সিলেট অঞ্চলের প্রবাসীদের কথা স্মরণ করতেন। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান তাঁর প্রতিটি উন্নয়ন কর্মসূচিতে সিলেটের কথা মাথায় রাখতেন উল্লেখ করে জিল্লুর বলেন, বিশ্ব সম্মেলনে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য প্রবাসীদের অবস্থান স্পষ্ট হবে বলে তিনি প্রত্যাশা করেন।
নিউইয়র্কে টাইম টেলিভিশনের প্রধান সাংবাদিক আবু তাহের বলেন, সিলেট বিশ্ব সম্মেলন সফল করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা সার্থক হোক। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হবে। নিজেদের অঞ্চল নিয়ে কথা বলা যাবে। নিজেদের অঞ্চলের গান শোনা যাবে। দুই দিনের জন্য হলেও বিশ্ব সম্মেলন উপলক্ষে নিউইয়র্ক নগর সিলেটময় হয়ে উঠবে।
জালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিলেট বিশ্ব সম্মেলনের অন্যতম সংগঠক জুয়েল চৌধুরী বলেন, সম্মেলন উপলক্ষে সুবীর নন্দী, শুভ্র দেব, জামালউদ্দিন হাসান বান্না, অরূপ রতন চৌধুরী, সেলিম চৌধুরী, হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, দুলাল ভৌমিক, তাজুল ইমাম, কাবেরী দাশ, কাদেরী কিবরিয়া, ফুয়াদ মুক্তাদির, সালাহউদ্দিন আহমেদ, মুক্তা চৌধুরী, রিনি দাসগুপ্তা, শান্তনীল ধর, রাহাত মুক্তাদির, শিমুল জামান, শীতেশ ধর, চন্দ্রিকা দে, রনি প্রেন্টিস-রয়, সাবু শাহ, নৃত্যশিল্পী সোনালী আচার্জি (গিনিস ওয়ার্ল্ড বুক), প্রখ্যাত শিল্পী রূপমকর ও কায়া ব্যান্ড, দীপ্তা দে, বিপাশা দাসগুপ্ত, পাপিয়া রায়, শুভ্রা গুহ, পিয়ালী দেসহ অন্যদের উপস্থিতিতে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পর্ব থাকবে বিশ্ব সম্মেলনে।