উৎসবে আনন্দের বার্তা নিয়ে 'মুসলিম হলিডে শপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে অনেকটা নিভৃতে হলেও বহু ধর্ম ও জাতিগোষ্ঠীর দেশ আমেরিকায় রমজান এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়ভাবে পালন করা হয়। পুঁজিবাদের দেশ আমেরিকায় ধর্ম, সংস্কৃতি ও উৎসবের সঙ্গে আনন্দের সমাহার থাকে সব সময়। থাকে বাজার অর্থনীতির নানা অনুষঙ্গ। রমজান উপলক্ষে আমেরিকার মুসলমানরা এখন ধর্মীয় এ মাসকে সামনে নিয়ে আসছেন নানা আকর্ষণের মাধ্যমে। রমজান উপলক্ষে সব বয়সী লোকজনের জন্য একটা উৎসব উৎসব ভাব আনার চেষ্টা চলছে। বাণিজ্যকেন্দ্র থেকে ঘরবাড়িতে নিয়ে আসা হচ্ছে ভিন্ন ব্যঞ্জনা।
অভিবাসী মুসলিমদের জন্য পবিত্র রমজান মাস, দুই ঈদসহ অন্যান্য ধর্মীয় বিশেষ দিনগুলো বাহ্যিকভাবে নিজেদের দেশের মতো ততটা আড়ম্বরপূর্ণ হয় না। এ ছাড়া ইসলামে উৎসবের সময় বাড়ি-ঘরে সাজসজ্জা ও আলোর প্রদর্শনীর তেমন রেওয়াজও নেই। তাই অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের মতো আমেরিকায় মুসলিম অনুষ্ঠানগুলো বাচ্চাদের জন্য তেমন চিত্তাকর্ষক হয় না। এ বিষয়গুলোকে মাথায় রেখেই এখন এ উৎসবগুলোকে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ দেখা যাচ্ছে লক্ষণীয় মাত্রায়। এমনই এক উদ্যোগ নিয়েছেন ইয়াসমেন বাগ।
নিউজার্সির হেলডেনের অধিবাসী ইয়াসমেন বাগ। ৩৪ বছর বয়সী এই মুসলিম বলেন, ক্রিসমাসের সময় শিশুরা যখন বন্ধুদের সঙ্গে স্থানীয় রাস্তায় ঘুরে বেড়ায়, তখন বিভিন্ন মানুষের বাড়ির ভেতর, সামনের লন ও চারপাশের সজ্জা তাকে মুগ্ধ করে। তাঁকেও বিষয়টি মুগ্ধ করত। এ জন্য তিনি তাঁর বন্ধুদের অনেক প্রশংসাও করেছেন। তাই রমজান মাসে ও বিশেষ আনন্দময় দিনগুলোতে নিজ বাড়ি ও অন্যান্য মুসলিম পরিবারের বন্ধুদের ঘরে বেড়াতে যাও

রমজান উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন এলাকা এভাবেই সাজিয়ে রাখা হয়েছে
রমজান উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন এলাকা এভাবেই সাজিয়ে রাখা হয়েছে

য়ার সময় ইসলামের সঙ্গে মানানসই উপহার কিনতে চাইতেন তিনিও। কিন্তু সাশ্রয়ী মূল্যে এমন কোনো উপহার মিলত না। এমন কোনো প্রতিষ্ঠানও ছিল না। এই ভাবনা থেকেই নিজে এমন একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর পরিকল্পনা করেন।
ইয়াসমেন বাগ পরিকল্পনায় আটকে থাকেননি। এরই মধ্যে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কাজ শুরু করেছেন তিনি। মাত্র এক মাস আগে খুলেছেন মুসলিম হলিডে শপ নামে একটি দোকান। কিন্তু বয়স কম হলে কী হবে, এরই মধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিশিগান, অ্যালাবামা, ওহাইও, ভার্জিনিয়া ও নিউজার্সির ক্রেতাদের কাছ থেকে কয়েক ডজন অর্ডার পেয়েছেন তিনি। এই বছরের রমজানের সূর্যোদয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের বাড়িতে পৌঁছে গেছে উপহার সামগ্রী।
ইয়াসমেন বাগ মনে করেন, ‘ক্রিসমাসের সময় খ্রিষ্টান কমিউনিটি এত সুন্দর করে তাদের বাড়ি-ঘর সাজায়, আত্মীয়-স্বজন বন্ধুদের নিয়ে আমোদ করে, যা দেখে আমরাও আনন্দ পাই। এসব আনন্দই বাচ্চাদের জন্য। বাচ্চারাই নিজের হাতে এসব আলোকসজ্জা, বেলুন ও চাঁদ-তারা দিয়ে তাদের ঘরবাড়ি সাজায়। নিজের আনন্দকে অন্যের সঙ্গে ভাগ করে নেয়। মুসলিম বাচ্চারাও যেন এ আনন্দ পায়, সে লক্ষ্যেই এ মুসলিম হলিডে শপ।’
ইয়াসমেন বাগের ‘মুসলিম হলিডে শপ’ পবিত্র রমজান মাসে ঘর-বাড়ি সাজাতে নানা সামগ্রী বিক্রি শুরু করেছে। ১ মে নিজের বাবার বাড়ির সামনের অংশটি নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন সামগ্রী দিয়ে নিজেই সাজিয়ে তোলেন। ইয়াসমেন বলেন, ডিসেম্বর মাসে রকফেলার সেন্টারে গেলে অনেক মুসলিম পরিবারের দেখা পাওয়া যায়, যারা ক্রিসমাস ট্রি ও এর আলোকসজ্জা দেখতে সেখানে জড়ো হয়। কিন্তু নিজেদের উৎসবে এমন কোনো উপলক্ষ না থাকায়, তেমনটি দেখা যায় না। আমেরিকায় জন্ম নেওয়া ও বড় হওয়া বাচ্চারা তাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্যকে যেন আমেরিকান ভাবধারার সঙ্গে মিলিয়ে উদ্‌যাপন করতে পারে, সে জন্যই এ প্রয়াস। শুধু অর্থ উপার্জনই এর মূল উদ্দেশ্য নয়। অন্য আমেরিকান উৎসবের সঙ্গে রমজান ও ঈদ যাতে একটি আমেরিকান উৎসব হিসেবে স্বীকৃতি পায়, আমেরিকান মুসলিমরা যাতে আমেরিকান হিসেবেই তাদের ক্রমবর্ধমান উপস্থিতি তুলে ধরতে পারে, এটাও এর উদ্দেশ্য।
গত বছর খুচরা বিক্রেতা পার্টি সিটি একটি রমজান লাইন উন্মোচন করেছে, যার মধ্যে টেবিলওয়্যার, বেলুন ও ব্যানার রয়েছে। এদিকে লক্ষণীয় যে, ওয়ালমার্টের মতো বড় দোকানও এখন ‘রমজান মোবারক’ লেখা ব্যানার তাদের প্রদর্শনীতে রাখছে। অনেক মুসলিম পরিবারই ইতিমধ্যে ব্যানার, গারল্যান্ড ও রঙিন লণ্ঠন নিয়ে তাদের বাড়ির ভেতরে ও বাইরে সাজাতে শুরু করেছে। গত কয়েক বছরে ক্লিফটন ও প্যাটারসনের সরকারি ভবনগুলোর বাইরে যে লম্বা লণ্ঠনগুলো স্থাপন করা হয়েছিল, সেগুলো শুধু বাণিজ্যিক ব্যবহারের জন্য ছিল। তাই ইয়াসমেন ছবি তৈরি করার জন্য একজন গ্রাফিক ডিজাইনারকে ও চীনের এক বিক্রেতাকে পণ্য তৈরির জন্য নিযুক্ত করেন। বর্তমানে কোম্পানিটি হেলডনে ইয়াসমেনের মা-বাবার বাড়ির বাইরে অবস্থিত। ইয়াসমেন নিজে কুইন্সের অ্যাস্টোরিয়ায় বসবাস করলেও এবং প্রোসপেক্ট পার্কে একটি বাড়ি কিনলেও হেলডেনেই তিনি আপাতত প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। ‘মুসলিম হলিডে শপ’ এমনিতে তাঁর অবসরের কাজ। মূলত সম্পদ ব্যবস্থাপক হিসেবে তিনি কাজ করেন।
ইয়াসমেন বাগ বলেন, অনেক অর্থ উপার্জন তাঁর মূল লক্ষ্য নয়। তিনি পরিবারগুলোকে আরও আনন্দময় ও ইসলামকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে কাজ করতে চান। তাঁর মতে, আমেরিকায় অনেকেই জানে না যে, তাঁর প্রতিবেশী একজন মুসলমান। এটা স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত না অন্যকে নিয়ে নিজেদের উৎসবে একসঙ্গে আনন্দ করছে, ততক্ষণ পর্যন্ত কারও পরিচয় কেউ জানবে না। আর এই উৎসব উদ্‌যাপন ও সবাইকে নিয়ে থাকার মধ্য দিয়েই নিজেদের শান্তিপ্রিয় চরিত্রটি সবার মধ্যে তুলে ধরা সম্ভব।