
সিলেটের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষার আন্দোলন নিয়ে এবারে মাঠে নামছেন প্রবাসীরা। আমেরিকা ও যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের প্রবাসীরা বলছেন, দেশের ইতিহাস–ঐতিহ্য বিনষ্টের যে অপচেষ্টা চলছে, তাতে তারা নীরব থাকতে পারেন না। সিলেটে প্রায় পৌনে দু শ বছরের পুরোনো ও ঐতিহাসিক একটি প্রত্ন নিদর্শনকে ভেঙে-গুঁড়িয়ে দিয়ে সেখানে বহুতল হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি তাঁরা দাবি জানিয়েছেন। এ নিয়ে লন্ডন ও নিউইয়র্কে মানববন্ধন, সভা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীরা বলছেন, প্রয়োজনে তারা আন্দোলনের পাশাপাশি প্রত্নতত্ত্ব ও ও ঐতিহ্য রক্ষায় আইনের আশ্রয় নেবেন। সিলেটে আবু সিনা ছাত্রাবাস নামে পরিচিত ভবনটি ১৮৫০ সালের দিকে নির্মিত হয়। প্রায় পৌনে দু শ বছরের পুরোনো এই স্থাপনাটি শুরুতে ছিল ব্রিটিশ মিশনারিদের স্থাপিত বৃহত্তর সিলেটের প্রথম মেডিকেল স্কুল। ১৮৭৬ সালে এই ভবন থেকেই প্রকাশিত হয় সিলেটের প্রথম সংবাদপত্র ‘শ্রীহট্ট প্রকাশ’।
দুই বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা আবু সিনা ছাত্রাবাস। প্রথম বিশ্বযুদ্ধে সেনা ছাউনি হিসেবে ভবনটি ব্যবহৃত হয়েছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ছিল ব্রিটিশ সেনাদের মেডিকেল ক্যাম্প।
১৯৭১ সালের রক্তস্নাত ইতিহাসের সঙ্গেও রয়েছে এই স্থাপনার স্মৃতি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। একাত্তরে এই হাসপাতাল চত্বরেই হত্যা করা হয় ডা. শামসুদ্দীন, ডা. লালা ও ড. শ্যামল কান্তির মতন মুক্তিকামীদের।
সিলেটের স্থপতি, নগর-পরিকল্পনাবিদ এবং ইতিহাস ও ঐতিহ্য সচেতন নাগরিক সমাজ বলছেন, প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই ভবনের নির্মাণশৈলীতে রয়েছে তিনটি অনন্য বৈশিষ্ট্য। ভবনের নকশায় একই সঙ্গে যোগ হয়েছে ঔপনিবেশিক ব্রিটিশ রীতি, আসামের নিজস্ব ধারার নির্মাণশৈলী এবং বাংলার নিজস্ব সংস্কৃতি। ব্রিটিশ নির্মাণশৈলীর এই ভবনে যোগ হয়েছে আসাম রীতিতে গড়া ঢালু টিনের ছাদ। এই টিনেরও রয়েছে কিছু নিজস্বতা। পানি নিষ্কাশনে রয়েছে এর অনন্য ব্যবস্থা। আসাম প্যাটার্নের ঢালু চালের সঙ্গে এই ভবনে রয়েছে বায়ু চলাচলের জন্য নির্মিত টাওয়ার। এই টাওয়ার বা চূড়াগুলোর অপূর্ব সমন্বয় এই ভবনের আরেকটি অনন্য ও বিরল বৈশিষ্ট্য।
আন্দোলনকারীরা বলছেন, এই স্থাপত্যের তুল্য আর কোনো ভবন বাংলাদেশে নেই। ভবনের মাঝখানে রয়েছে আয়তাকার একটি ইন্টারনাল ওপেন কোর্ট বা অভ্যন্তরীণ একটি খোলা মাঠ। এই ইন্টারনাল ওপেন কোর্ট বা অভ্যন্তরীণ খোলা মাঠটি বাংলার চিরায়ত উঠোন সংস্কৃতির অংশ হিসেবেই নকশায় এসেছে বলে উল্লেখ করেছেন সিলেটে দীর্ঘদিন ধরে স্থাপত্য চর্চায় জড়িত ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশাকার স্থপতি রাজন দাস। বাঙালি সংস্কৃতির মিশেলে আসাম রীতিতে গড়া এমন আরেকটি ঔপনিবেশিক ভবন বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর বলে এটিতে প্রত্নতাত্ত্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। এটিকে সংরক্ষণ না করে উল্টো বিনষ্টের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রত্ন-নিদর্শন হিসেবে ভবনটিকে রক্ষায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের নানা শ্রেণিপেশার মানুষ।
নিউইয়র্কে বসবাসরত সিলেটের প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, ‘নিদর্শন ধ্বংস করে নয়, উন্নয়ন করতে হবে ঐতিহ্য ধারণ করেই। তিনি বলেন, রবীন্দ্রনাথ একসময় শ্রীভুমি সিলেট বলেছিলেন। সে সিলেট আজ ইট পাথরে বন্দী এক নগরী হয়ে উঠছে। এমন আত্মঘাতী কাজ থেকে সরে এসে আমাদের পুরোনো স্থাপনা সংরক্ষণ করা নিজেদের সমৃদ্ধ ঐতিহ্যের জন্যই জরুরি।’
নিউইয়র্কের অন্যতম কমিউনিটি সংগঠক জেড চৌধুরী জুয়েল বলেন, ‘সিলেটে এই ভবন রক্ষার চলমান আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি। নিউইয়র্কের সিলেটবাসী মনে করছেন, সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত সিলেটের সুধী সমাজের সঙ্গে একাত্ম হয়ে ভবনটি রক্ষায় উদ্যোগ নেবেন।’
সিলেটের সাবেক ছাত্র নেতা রিয়েল এস্টেট ব্যবসায়ী মাহবুব রহমান বলেন, ‘বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন সিলেটের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। পররাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতিবাহী ভবনটি রক্ষায় এগিয়ে আসবেন বলে আমরা আশা করি।’
লন্ডন থেকে সাবেক ছাত্রনেতা সালেহ আহমেদ বলেন, স্থাপনাটি রক্ষায় প্রবাসীরা প্রয়োজনে রাজপথে নামবে। নিউইয়র্কে বসবাসরত সিলেটের সাবেক ছাত্রনেতা নিশু দত্ত বলেন, প্রবাসীরা প্রয়োজনে আইনি পদক্ষেপে আন্দোলনকারীদের সহযোগিতায় এগিয়ে আসবেন। শিগগিরই এ নিয়ে প্রবাসে মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে। কানাডা প্রবাসী তুষ্টি দে বলেন, ‘সিলেটের কোন কোন মহল এই ঐতিহ্য রক্ষার বিরোধিতা করছে শুনে অবাকই হয়েছি।’
সিলেটে চলমান আন্দোলনের অন্যতম সংগঠক পরিবেশ আন্দোলনের নেতা আবদুল করিম কিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতাল বানাতে গিয়ে প্রত্ন সম্পদ ধ্বংস করতে হবে কেন? হাসপাতালের জন্য সিলেট শহরে আরও জায়গা আছে। তিনি বলেন, দেশে থাকুন আর বিদেশে থাকুন, সিলেটের দেড় শ বছরের ঐতিহ্যবাহী স্থাপনা আবু সিনা ছাত্রাবাস ভবন রক্ষায় যে কেউ ভূমিকা রাখতে পারেন।
ক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে আবদুল করিম কিমের দেওয়া ফেসবুকের একটি পোস্টের জের ধরে আন্দোলন শুরু হয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে আবদুল করিম কিম বলেন, আমাদের বিশ্বাস, জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে সরকার দ্রুতই একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।