‘আগামী দিনে কেমন সিলেট চাই’ সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী
সিলেটের ঐতিহ্যের পরিপূরক প্রকল্প হাতে নেওয়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বের সুফল সিলেটসহ সারা বাংলাদেশ পাচ্ছে। উন্নয়ন-অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ‘কেমন সিলেট চাই’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে আমরা সচেষ্ট রয়েছি। এ লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন ঘটবে, এমন কাজও শিগগির শুরু হচ্ছে। মূলত সিলেটকে দেশের অর্থনীতির মূল স্রোতের সঙ্গে এগিয়ে নিতেই সিলেট-ঢাকা মহাসড়ক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করা হচ্ছে।’ তিনি বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়নের জন্য এলাকার নির্বাচিত প্রতিনিধিরাও সচেষ্ট রয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ব্যাংকার আহমেদ আল কবীর, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান প্রমুখ।
শিল্পপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ইফজাল চৌধুরী ও শামীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। পরে বাংলাদেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সস্ত্রীক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সীমান্তিকের চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আহমদ আল কবীর। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বাসসের সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ।
নির্বাচনে এ কে আব্দুল মোমেনের জয় নিশ্চিতে প্রবাস থেকেও যারা নানা ভাবে সহায়তা করেছেন তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এঁদের মধ্যে ছিলেন ফরিদ আলম, দেওয়ান বজলু, কমিউনিটি লিডার গউছ খান, ফকু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটিসহ বেশ কয়েকটি সংগঠন । এ সময় উমেল চৌধুরী, শেখ আতিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।