সিলেটের রান্না

বাংলাদেশের জেলাভিত্তিক রেসিপিতে বরিশাল-চট্টগ্রামের পর এবারের জেলা সিলেট। এই অঞ্চলের রান্না বহুকাল ধরে প্রসিদ্ধ। বাংলাদেশে বিভিন্ন জেলার মধ্যে এমনিতে সিলেট অঞ্চলের মানুষেরা নিজেদের বৈশিষ্ট্যে অনন্য, যার প্রভাব দেখা যায় তাদের রান্নার রেসিপিতে। লেখক রোমেনা লেইস উত্তরের নকশার জন্য উপস্থাপন করছেন মজাদার কয়েকটি সিলেট অঞ্চলের রেসিপি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিতল মাছের লসলসা

নদী-নালা-মাছের দেশ সুনামগঞ্জ। তখন আমাদের উচ্চতা তিন/চার ফুট। আমাদের ছেলেবেলায় মাছ আনতেন আব্বা আমাদের সমান উচ্চতার। বোয়াল আর চিতল মাছ। আর সে রকম মাছ কাটতে আমার আম্মার ধারালো বটিও ছিল। আম্মা যদিও মাছের দেশে বউ হয়ে এসেছিলেন সেই নীলফামারী থেকে। তবে বড় বড় মাছ অবলীলায় কাটতে পারতেন। আবার নিজের অঞ্চলের সবার মতো ছুরি বা কাটারি দিয়ে আলু, পটল, আম হাতে রেখে দ্রুত কাটতে পারতেন। মাছের মস্ত পেটিগুলো কষিয়ে ভুনা করতেন। অথবা মাখা মাখা ঝোল। তার সে কী স্বাদ।

উপকরণ: চিতল মাছের পেটি আট দশ টুকরা, মাঝারি চারটে পেঁয়াজ কাটা, মাঝারি চারটে পেঁয়াজ বাটা, এক টেবিল চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা খোলায় ভেজে গুঁড়া করা, শুকনা মরিচ গুঁড়া, কুচি কুচি করে কাটা একটা টমেটো, কয়েকটা কাঁচা মরিচ, পাঁচফোড়ন খোলায় ভেজে গুঁড়া করা, এক কাপ মসলা মিক্সড (কাপে ঝাল বুঝে এক চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে পানি দিয়ে এই পেস্ট করে নিন), পানি পরিমাণ মতো।

প্রণালি: লেবুর রস, লবণ দিয়ে মাছ মেখে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে। এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া লবণসহ মেখে নিতে হবে। চুলায় হাঁড়ি বসিয়ে এক কাপ তেল দিন। কুচি করা পেঁয়াজ তেলে দিন। প্রথমে সামান্য লবণযোগে পেঁয়াজ কুঁচি ভাজুন, নরম হয়ে গেলে তাতে প্রথমে আদা বাটা এবং পরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আরও ভাজুন। আদা রসুনের কাঁচা ঘ্রাণ চলে গিয়ে বাদামি বা সোনালি রং হয়ে এলে মসলা মেশানো পেস্টটা দেবেন। এ সময় মসলা কষাতে হবে দুবার। একবার পানি শুকিয়ে তেলের ওপর উঠলে আবার অল্প পানি দিয়ে কষাতে হবে। এবার মাছ দিয়ে মাঝে মাঝে মাছ উল্টেপাল্টে দিতে পারেন। মাছের পানি বের হবে। একবার মসলা মাখা মাখা হয়ে গেলে কুচি কুচি করে কাটা টমেটো দিয়ে কষান। এবার এক কাপ পানি দিতে পারেন। এক চিমটি পাঁচফোড়ন গুঁড়া দিতে পারেন। অবশ্য এটি দেওয়া না দেওয়া আপনার রুচির ওপর। আমি দিই, ফ্রিজের মাছে তেলের গন্ধ এড়াতে। ঢাকনা দিয়ে মধ্যম আঁচে মিনিট দশেক রাখুন। কাঁচামরিচ মাঝে অল্প একটু ফেঁড়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে চমৎকার মাখা মাখা ঝোল হবে। তখন চুলা বন্ধ করে দমে বসিয়ে রাখুন। এই চিতল মাছের স্বাদ কাউকে বলে বোঝানো যাবে না, যদি না খাইয়ে তাকে দেখিয়ে দেওয়া হয়। চিতল মাছের স্বাদ অসাধারণ, মাছের মাংস বেশ নরম ও ঘ্রাণ মনে রাখার মত।

সাতকরা দিয়ে গরুর মাংস

সাতকরা দিয়ে গরুর মাংসের কথা শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। চলুন, দেখে নিই কীভাবে তৈরি করবেন সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি।

উপকরণ: গরুর মাংস এক কেজি, সাতকরা একটি, আদা কুচি পরিমাণমতো, রসুন কুচি পরিমাণমতো, গোটা রসুন একটি, ধনে গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া দুই টেবিল চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ, সরিষার তেল পরিমাণমতো, গরম মসলা সাত থেকে আটটি (ছোট এলাচ, লবঙ্গ দারুচিনি), সাতকরা ফালি করে লবণ দিয়ে কচলে ধুয়ে নিলে তিতা কমে যায়।

সবকিছু একসঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে সামান্য পানি দিয়ে প্রেশার কুকারে বসাতে হবে। প্রেশার কুকারের চারটা সিটি হলে নামিয়ে নিন। এরপর কড়াইয়ে ঢেলে তেল বের হওয়া পর্যন্ত কষান। একটু পোড়া পোড়া ও নরম হয়ে গেলে সাতকরা দিতে হবে। আস্ত রসুন ও গোটা কাঁচা মরিচ কয়েকটা এ সময় দিয়ে দিন। তারপর সামান্য পানি দিয়ে আবারও কষাতে হবে। সাতকরা নরম হয়ে এলে একেবারে শুকনা করে নামাতে হবে। নামানোর পর মাংসের ওপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

লাই পাতা আর মাছ ভর্তা

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বাজারে শীতের অপরিহার্য সবজি লাই শাক। মূলত এটি রাই সরিষার কচি পাতা। মূল গাছের ক্ষতি না করে ছোট গাছ থেকেই সবজি হিসেবে এই পাতা সংগ্রহ করা হয়। এইভাবে একই গাছ থেকে কয়েকবার লাই শাক সংগ্রহ করা যায়। এবং পরবর্তীতে পাওয়া যায় অর্থকরী সরিষা দানা। বৃহত্তর সিলেটে এই শাকের কদর অনেক। এ দিয়ে হরেক রকমের খাবারের আইটেম হয়। শুধু লাই পাতার ভর্তা মজা। তবে টাকি মাছের ভর্তা বেশি মজা।

উপকরণ: টাকি মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৭-৮টি, আদা কুচি এক চা চামচ, হলুদ গুঁড়া সামান্য, ধনেপাতা ১ মুঠো, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: টাকি মাছ বা বোয়াল মাছ হলুদ লবণ দিয়ে মেখে কম তেলে ভেজে অথবা আগুনে ঝলসে ও ভর্তা বানানো হয়। দুটিই অসাধারণ। মাছ, হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে বা ভেঁজে কাঁটা বেছে নিতে হবে। এবার কড়াইয়ে তেল, আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ দিয়ে ভাঁজতে হবে। ভাজা হয়ে গেলে এবার এতে সেদ্ধ বা ভাঁজা মাছ দিয়ে খুব ভালো করে মেখে আরেকটু সময় ভাঁজতে হবে। নামানোর কিছুক্ষণ আগে কুচি কুচি করে কাটা লাই পাতা দিয়েই নামিয়ে নিন। এবার হাতে মেখে ভর্তা বানিয়ে নিন। একবার গরম ভাতের সঙ্গে খেলে জীবনেও ভুলবেন না।

বিন্নি চালের পায়েস

উপকরণ: বিন্নি চাল (বিরইন চাল) ১ কাপ, তরল দুধ ২ লিটার, চিনি ১ টেবিল-চামচ। খেজুরের গুড় দেড় কাপ/স্বাদ মতো। এলাচ তিনটি, দারুচিনি ১টি, তেজপাতা ১টি, কিশমিশ ও কাজুবাদাম পরিবেশনের জন্য।

প্রণালি: দুই লিটার দুধ ঘন করে এক লিটার করে নিন। চাল ধুয়ে ডুবো পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর গরম পানিতে চাল সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। একটি ননস্টিক পাত্রে দুধ, সিদ্ধ চাল, চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে জ্বাল দিন। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে রান্না করুন। আর নামানোর আগে গুড় দিন। গুড় মিশে গেলে পায়েস নামিয়ে ওপরে বাদাম কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন। এই চাল আঠালো, তাই রান্নার সময় নাড়তে হয় সাবধানে। তবে মুখে দিলেই স্বাদ টের পাবেন। ভারি মোলায়েম!