সিসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন বাংলাদেশ টাইগার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাংলাদেশ টাইগার্স দলের খেলোয়াড়েরা
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে কমনওয়েলথ টি-টোয়েন্টি লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টাইগার্স।

১১ অক্টোবর লং আইল্যান্ডের হেমস্টেড গ্রাউন্ডে ফাইনালে এমএমজি ক্রিকেট ক্লাবকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টাইগার্স।

টসে জিতে এমএমজির অধিনায়ক বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে এমএমজি ক্রিকেট ক্লাব। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না এমএমজির। টাইগার্স দলের অধিনায়ক লিসান চৌধুরী প্রথম ওভারেই আউট করেন ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদকে।

টসে জিতে এমএমজির অধিনায়ক বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে এমএমজি ক্রিকেট ক্লাব

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টাইগার্সদের। যদিও এমএমজির ব্যাটসম্যান আলেক্স ও গাজানান্দ সিং কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু টাইগার্সের স্পিনার সালাম সজীব, হাসিব ও মাসুদ হকের দুর্দান্ত বোলিংয়ে সব প্রতিরোধ ভেস্তে যায়। সজীব নেন ৩ উইকেট। এ ছাড়া হাসিব ও মাসুদ দুই উইকেট নেন। লিসান ও লাবিব নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে টাইগার্সের শুরুটা ভালোই করেন টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান দিহান ও সজীব জামান। সজীব ১৬ রানে আউট হয়ে গেলে তরুণ তুর্কি ইসমাইল হোসাইন রীতিমতো তাণ্ডব চালান এমএমজির বোলারদের ওপর। মাত্র ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ইসমাইল করেন ৪৯ রান। দিহান ও ইসমাইল আউট হওয়ার পর মনে হয়েছিল দলীয় স্কোর ১৫০ থেকে ১৬০ হবে। কিন্তু পড়ন্ত বিকেলের সূর্যের সব আলো যেন ভর করল সদ্য বাংলাদেশ থেকে আসা সিলেট প্রথম বিভাগের ক্রিকেটার তরুণ তুর্কি আহমদ লাবিবের ওপর। তাঁর ম্যাচ সেরা ২৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস টাইগার্সকে ১৯১ রানের বড় পুঁজি গড়ে দেয়। লাবিবের ৫২ রানের ইনিংস সাজিয়েছেন ৫টি চার ও ২টি ছক্কার বিনিময়ে। এ ছাড়া মাসুদ করেন ২৬ রান।

চলতি বছর ক্রিকেট মৌসুমে নিউইয়র্কে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ টাইগার্স। কমনওয়েলথ টি-টোয়েন্টি লিগে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন নাজমুল সিদ্দিক ও সেরা বোলার আসিফ মাহমুদ।

দলের কর্ণধার সারোয়ার চৌধুরী বলেন, ‘ক্রিকেটে যুক্তরাষ্ট্রে নতুন করে বাংলাদেশের নাম উঠে আসছে। আর এটি সম্ভব হয়েছে তরুণ ক্রিকেটারদের ইচ্ছা ও পরিশ্রমের কারণে।’