সীমান্ত এলাকার নাগরিকদের পাসপোর্ট দিতে অস্বীকার করছে যুক্তরাষ্ট্র

চলতি বছরে পাসপোর্ট নবায়ন করতে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের নাগরিক হুয়ান। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব তাঁকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। যে বিবৃতি তিনি পেলেন তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে হুয়ান যুক্তরাষ্ট্রের নাগরিকই নন।
হুয়ানের বয়স ৪০ বছর। টেক্সাসের দক্ষিণ প্রান্তের ব্রাউনসভিলে এক ধাত্রীর হাতে তাঁর জন্ম। তিনি তাঁর জীবনের এতটা সময় পার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিফর্ম পরে। তিন বছর সেনাবাহিনীতে একজন সৈনিক, তারপর বর্ডার পেট্রলের ক্যাডেট আর এখন কাজ করছেন স্টেট প্রিজনের নিরাপত্তাকর্মী হিসেবে। সারা জীবন দেশের পতাকাকে ধারণ করা জুয়ানই এখন আর এই দেশের নাগরিকই নন! এ ‘সত্য’ যেন তোলপাড় করে দেয় জুয়ানের জীবনকে।
ঘটনা বুঝতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন তিনি। জানতে পারেন, সরকারি কাগজপত্রে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেই তাঁকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না। তবে এ ঘটনা কেবল তাঁর জীবনে ঘটেনি। হঠাৎ করে অসহায় বোধ করছেন আরও লাখ লাখ নাগরিক। পাসপোর্টের জন্য প্রতিদিনই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নাগরিকত্ব নিয়ে হয়রানির শিকার হচ্ছেন মানুষ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাফ জবাব, পাসপোর্ট আবেদন বিবেচনার বিষয়ে যে নীতি বা অনুশীলন ছিল, তার কোনো পরিবর্তন করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অঞ্চলে নাগরিকত্ব অর্জনের জন্য অনেক জালিয়াতির ঘটনা ঘটেছে।
সরকারের অভিযোগ ১৯৫০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টেক্সাস-মেক্সিকো সীমান্ত অঞ্চলে অনেক শিশুকে ভুয়া জন্মসনদ দিয়েছিলেন ধাত্রীরা। ওই সব শিশুর মেক্সিকোতে জন্ম হলেও ধাত্রীরা তাদের যুক্তরাষ্ট্রের জন্মসনদ দেন। ১৯৯০ সালের পর এ বিষয়ে কয়েকটি মামলা হলে কিছু ব্যক্তি ভুয়া সনদের কাগজপত্র জমা দিতে সম্মত হন। ওই ঘটনার ভিত্তিতে জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা প্রশাসন টেক্সাসের রিও গ্রান্ড ভ্যালিতে ধাত্রীদের হাতে জন্ম নেওয়া শিশুদের পাসপোর্ট দিতে অস্বীকার করে।
মূলত এই অঞ্চলে হাসপাতালের ব্যয় বহনের চেয়ে ধাত্রীদের হাতে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি বেশি জনপ্রিয়। তবে সমস্যা হয় তখন, যখন একজন ধাত্রী মেক্সিকোতে জন্ম নেওয়া শিশুর যুক্তরাষ্ট্রের জন্মসনদ দেন। কারণ ওই ধাত্রীর হাতেই যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে অনেক শিশু। এই দুই দলের মধ্যে পার্থক্য বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে। কারণ কয়েক যুগ আগে সরকারিভাবেই ওই সব সনদ দেওয়া হয়েছিল।
২০০৯ সালে আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন কর্তৃক লিখিত একটি মামলার মাধ্যমে এই সমস্যার কিছু সমাধান হয়। ওবামা প্রশাসনের সময় পাসপোর্ট প্রদান না করার বিষয়টি অনেক কমে আসে। কেবল অভিযোগের ভিত্তিতেই তা খতিয়ে দেখা হচ্ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে আবার তোড়জোড় শুরু হয়।
সীমান্তে যাঁরা বসবাস করেছেন, তাঁদের নাগরিকত্ব নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। অথচ তাঁরা ভোট দিয়েছেন এবং তাঁদের পুরো জীবনই কেটেছে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধাত্রীর মাধ্যমে যাঁরা জন্মসনদ পেয়েছিলেন, তাঁদের জালিয়াতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া যাঁদের যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের জন্মসনদ আছে, তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে তাঁদের জন্ম যুক্তরাষ্ট্রে। যেসব ব্যক্তি প্রয়োজনীয় কাগজ দেখাতে পারবেন না, তাঁদের পাসপোর্ট ইস্যু করা হবে না। তবে এমন কত নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইনজীবীরা বলছেন, কেবল ধাত্রীদের হাতে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে এমনটা হচ্ছে তা নয়। অনেক জনপ্রিয় গাইনোকোলজিস্টের হাতে জন্ম নেওয়া নাগরিকদেরও হয়রানি করা হচ্ছে। তেমনি একজন জর্জ ট্রেভি। যার হাতে জন্ম নিয়েছে প্রায় ১৫ হাজার শিশু। ২০১৫ সালে তিনি মারা যান। তবে কেন এটা করা হচ্ছে, তা এখনো জানা যায়নি।
১৯৯০ সালে যেসব ধাত্রীকে ভুয়া জন্মসনদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়, তাঁদের মধ্যে একজন দুটি ভুয়া সনদ দেওয়ার বিষয় স্বীকার করেন। কিন্তু ওই নারীর হাতে জন্ম নেয় ৬০০ শিশু। অর্থাৎ এই সব শিশুর নাগরিকত্ব নিয়েই এখন প্রশ্ন উঠেছে। এক সাক্ষাৎকারে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, আমি জানি তাঁরা এখন ভোগান্তিতে পড়েছেন। তবে পরিস্থিতি পুরোপুরি আমার নিয়ন্ত্রণের বাইরে।