সীমান্ত নিরাপত্তাই নিয়ন্ত্রক হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্ডুরাস থেকে অভিবাসনপ্রত্যাশী একটি দল একটু একটু করে এগিয়ে আসছে আমেরিকার দক্ষিণ সীমান্তের দিকে। গুয়াতেমালা, মেক্সিকো হয়ে তারা আমেরিকার দিকে আসছে। দেড় হাজারের বেশি মানুষের এ ক্যারাভানে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্যারাভানকে দেখছেন ‘দেশের ওপর একটি হামলা’ হিসেবে। মধ্য আমেরিকা থেকে আমেরিকার দিকে একটু একটু করে এগিয়ে আসা হাজার মানুষের ওই ক্যারাভানকে তিনি দেখছেন ‘চোর, জোচ্চোর ও সন্ত্রাসীতে ঠাসা’ একটি দল হিসেবে। এমনকি মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই মানুষের মিছিলকে তিনি ডেমোক্র্যাটদের ‘ষড়যন্ত্র’ হিসেবেও প্রচার করছেন। বিপরীতে সীমান্তের আসন্ন এই সংকট নিয়ে একেবারে নীরব ডেমোক্র্যাটরা। তারা প্রশ্নটি এড়িয়ে যেতে পারলেই যেন বাঁচে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই ‘লৌহমানব’ সেজে সীমান্তে সশস্ত্র বাহিনী পাঠিয়ে এই অভিবাসনপ্রত্যাশী মানুষের মিছিলকে চূড়ান্তভাবে হটিয়ে দেওয়ার প্রকল্প প্রস্তাব করছেন, যা শুনে উল্লাসে ফেটে পড়ছে তাঁর সমর্থকেরা।

এটা বলার অপেক্ষা রাখে না যে, হন্ডুরাসের অভিবাসনপ্রত্যাশী মানুষের মিছিলটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, তার মধ্যে রয়েছে বিস্তর মিথ্যা। বিভিন্ন সংবাদমাধ্যম ওই ক্যারাভানে থাকা মানুষদের সম্পর্কে যতটা জানিয়েছে, তাতে এটা নিশ্চিত যে এতে থাকা অধিকাংশ মানুষই একেবারে সাধারণ। তারা শুধু চায় দারিদ্র্য ও সহিংস পরিবেশ থেকে পালিয়ে একটি শান্তিপূর্ণ ও সচ্ছল জীবনযাপন করতে। তাদের মধ্যে ট্রাম্প কথিত ‘মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদের’ কোনো অস্তিত্ব নেই। এমনকি ওই মিছিলে বেছে বেছে সব অপরাধীরা জড়ো হয়েছে, এ কথাও সত্য নয়। আর এই মিছিল ডেমোক্র্যাটরাই ষড়যন্ত্র করে সংগঠিত করেছে, এ কথা বোঝার জন্য রকেট সায়েন্স না জানলেও চলে। কেন এমন একটি মিছিল সংগঠিত করবে ডেমোক্র্যাটরা? এভাবে অভিবাসপ্রত্যাশীদের ক্যারাভান তৈরির প্রথম ধারণাটি আসে এক হন্ডুরানের কাছ থেকেই। এমন ধারণা পেছনের কারণটিও সহজেই অনুমেয়। কারণ হন্ডুরাসের চেয়ে আমেরিকায় অনেক উন্নত জীবন যাপন করা যায়। জীবনের দিকে এই টানই মানুষকে চালিত করে। একটু সহজ ও সচ্ছল জীবনের খোঁজে মানুষ সীমান্ত পাড়ি দেয়। এটা ইতিহাসের অনেক আগে থেকেই হয়ে আসছে। তাই মানুষের এই প্রবণতা খুবই স্বাভাবিক। সমস্যা হলো একা বা গুটিকয় ব্যক্তি যখন এমন অভিযাত্রায় নামে, তখন তাকে নানা বিপদের মধ্য দিয়ে যেতে হয়। দরিদ্র হন্ডুরানদের ক্ষেত্রে আমেরিকায় পৌঁছাতে হলে তাকে পেরিয়ে যেতে হয় গুয়াতেমালা ও মেক্সিকো। এই পুরো পথটির অধিকাংশই তাকে পার হতে হয় পায়ে দলে। ফলে পদে পদে বিপদ, জীবনের শেষ সঞ্চয়, যা সে ঝোলায় বেঁধে চলেছে, এমনকি প্রাণটাও লুট হয়ে যেতে পারে যেকোনো সময়। এই আশঙ্কা ও বাস্তবতা থেকেই বড় মিছিল নিয়ে অভিযাত্রার এই ধারণা এসেছে এবং তা জনপ্রিয়ও হয়েছে। এই মিছিল যত সামনে এগোয়, ততই বড় হয়। কারণ দারিদ্র্য ও সহিংসতায় জেরবার মানুষের সংখ্যা তো হন্ডুরাসে কম নয়।
এই পুরো বিষয়টিকে যখন বিস্ফোরক একটি ইস্যুতে পরিণত করছেন ট্রাম্প, তখন ডেমোক্র্যাটরা এটিকে এড়িয়ে যাওয়াটাকেই ভালো মনে করছে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তারা সীমান্ত বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগ্রহী নয়। ক্যারাভানটি যখন দক্ষিণ সীমান্তে এসে হাজির হবে, তখন করণীয় কী হবে, সে সম্পর্কে তারা একেবারে নীরব। অভিবাসনপ্রত্যাশীদের ভেতরে আসতে দেওয়া উচিত কি উচিত নয়, এমন কোনো কিছুই তাদের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি। রক্ষণশীল অঞ্চলের কোনো কোনো ডেমোক্র্যাট নেতা অবশ্য সীমান্তে দেয়াল নির্মাণ করার পরিকল্পনার পক্ষে দু-একটি কথা বলেছেন। কিন্তু এটাই আবার রদ হয়ে যায়, যখন দলের বামমনস্ক অংশটি থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) সংস্থা বিলুপ্তির কথা বারবার বলা হয়। আরেকটি অংশ বিষয়টি উত্থাপন করলেই অন্য কোনো প্রসঙ্গে ঘুরে যাচ্ছে। তারা বরং স্বাস্থ্য সুরক্ষা নীতি নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ। ফলে বিষয়টি নিয়ে একরকম কিংকর্তব্যবিমূঢ় অবস্থা ডেমোক্র্যাটদের।
ডেমোক্র্যাটরা যতই বিষয়টি এড়িয়ে যাক না কেন, বাস্তবতা কিন্তু বদলাচ্ছে না। আমেরিকার প্রতিটি টিভি চ্যানেলে বড় বড় করে দেখানো হচ্ছে আমেরিকা অভিমুখে আসতে থাকা ওই ক্যারাভানের ছবি ও সংবাদ। যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, এমন জাজ্বল্যমান একটি বাস্তবতাকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই ভালো নয়। বিশেষত মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটরা এই বিষয় এড়িয়ে গেলে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। তাদের ভোটারের মুখোমুখি হতে হবে। ভোটারদের এটা বোঝাতে হবে যে তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আমেরিকার নিরাপত্তা ও সীমান্ত নিয়ে তাদের ভাবনাটা সরাসরি তুলে ধরতে হবে।
সময় বসে থাকছে না। ডোনাল্ড ট্রাম্প ওই মানুষের মিছিলটি সম্পর্কে হাজারটা মিথ্যা বললেও একটি সত্য কিন্তু বলেছেন দৃঢ়ভাবে। আর তা হলো আমেরিকার পক্ষে এত ব্যক্তিকে গ্রহণ করাটা অসম্ভব। একটি মিছিলে ভিড়ে যাওয়ার কারণেই কেউ আমেরিকায় প্রবেশের এখতিয়ার পেতে পারে না। কারণ, হন্ডুরাসে এখন কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না। বিপরীতে ডেমোক্রেটিক পার্টি কিছুই বলছে না। তারা আইনের সমান প্রয়োগের কথা বলতে পারত। তারা বলতে পারত যে সবাইকে নিতে হবে এমন নয়, কিন্তু অভিবাসন আইন যেন সমানভাবে প্রয়োগ করা হয়। আমেরিকায় দরজায় কড়া নাড়া যেকোনো অভিবাসনপ্রত্যাশীর আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাদের সাক্ষাৎকারটা অন্তত নেওয়া হোক। তারা বলতে পারত অভিবাসন বিষয়টিকে ন্যায্য ও যৌক্তিকভাবে বিচার করা হোক। তাহলে আখেরে একটা ভালো পরিবর্তন আসতে পারত। কারণ, ট্রাম্প অভিবাসী সীমিতকরণ আইন পাস করিয়ে নিতে ব্যর্থ হলেও অভিবাসন ও বিদ্যমান অভিবাসীদের জন্য হাজারটা বাধার সৃষ্টি করতে পেরেছেন নিজ ক্ষমতাবলে। অসংখ্য আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হয়েছে। এমনকি শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবী গ্রহণের ক্ষেত্রেও ব্যাপক বাধার সৃষ্টি করা হয়েছে, যদিও এদের অবদান আমেরিকায় কম নয়। তিনি পারিবারিক অভিবাসন পদ্ধতি, অভিবাসন স্ট্যাটাস পরিবর্তনে নতুন নতুন বিধি সংযোজনের মধ্য দিয়ে পুরো বিষয়টিকে কঠিন করে তুলেছেন। তাঁর নীতির কারণে আইস কর্মকর্তাদের তৎপরতা এমন মাত্রায় বেড়েছে যে তাতে বৈধ-অবৈধ সব ধরনের অভিবাসীর নাভিশ্বাস উঠে গেছে। শরণার্থী গ্রহণের হার তিনি এক-তৃতীয়াংশে নামিয়ে এনেছেন। এ ক্ষেত্রে তাঁর প্রশাসন আরেক কাঠি সরেস। তারা প্রেসিডেন্ট নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম সংখ্যক শরণার্থী গ্রহণ করে নিজেদের কর্মদক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখছে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে ডেমোক্র্যাটরা অভিবাসন ও শরণার্থী গ্রহণের ক্ষেত্রে যৌক্তিক ও আইনি পন্থা অবলম্বনের ডাক দিলে তা আমেরিকার সব অভিবাসী এবং আরও ভালো করে বললে রাজনীতির জন্যই ভালো হতো। এমনকি ডেমোক্র্যাটরা হন্ডুরান ক্যারাভানের বিষয়ে মেক্সিকোকেও দায়িত্ব গ্রহণের আহ্বান জানাতে পারত। তারা বলতে পারত, ‘ঠিক আছে গ্রহণ না করলে না করো, কিন্তু তার কথাটি শোনো। বিনা বাক্যব্যয়ে তাড়িয়ে দিয়ো না।’ কিন্তু এমন কোনো কিছুই সামনে না আনায় ডেমোক্র্যাটদের অভিবাসন নীতি যেমন অস্পষ্ট থাকছে, তেমনি আমেরিকার সীমান্তের নিরাপত্তা নিয়ে তাদের উদাসীনতাও প্রকাশ পাচ্ছে। সত্য হচ্ছে আমেরিকার সীমান্ত কখনোই অনিরাপদ ছিল না। আমেরিকা তাকেই ঢুকতে দেয়, যাকে সে চায়। বিনিয়োগকারী থেকে শুরু করে সেবক যে-ই আমেরিকায় আসুক, আমেরিকার ইচ্ছাতেই আসে। পছন্দ না হলে তাড়িয়েও দেয়। ২০০৮ সালের পর থেকে উল্লেখযোগ্যসংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হচ্ছে আমেরিকা থেকে। এ ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যেমন, ডোনাল্ড ট্রাম্পও তেমন। তফাৎ হচ্ছে ট্রাম্প নিষ্ঠুরতা দেখাচ্ছেন। আর ওবামা প্রশাসন আইনি পন্থাটি অনুসরণ করেছে। এই প্রসঙ্গটিই এখন রাজনীতির মাঠে তুলে ধরাটা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতির নামে যে নিষ্ঠুরতা দেখাচ্ছেন, তার গোড়ায় এই ইস্যুকে কাজে লাগিয়ে আঘাত হানতে না পারলে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের আশার সমাধিও হতে পারে।