সীমান্তে আটক ২৫০ অভিবাসীকে নিউইয়র্কে স্থানান্তর
মেক্সিকো সীমান্তে আটক প্রায় আড়াই শ অবৈধ অভিবাসীকে এ মাসে নিউইয়র্ক নগরীর কাছাকাছি কারাগারে স্থানান্তর করা হয়েছে। বারগেন, হাডসন ও অরেঞ্জ কাউন্টিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জেলে আটক ২৩৫ জন অভিবাসীকে প্রথমবারের মতো নিউইয়র্ক নগরীতে স্থানান্তর করা হলো।
বন্দী অভিবাসীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমেরিকার বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হলে গত বছর শুরুতে ইমিগ্রেশন বিভাগ আটককৃত ব্যক্তিদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জড়ো করতে থাকে। এরই ধারাবাহিকতায় এবার নিউইয়র্ক নগরীর আশপাশে আনা হয়েছে বন্দী অভিবাসীদের। বর্তমানে এই বন্দীরা ফেডারেল ইমিগ্রেশন কোর্টে ওঠা মামলার বিচারের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন আইস মুখপাত্র।
সীমান্তে আটক হওয়া অনিবন্ধিত অভিবাসীরা এখন থেকে নিয়মিতভাবে নিউইয়র্কে আইসের অধীনে থাকবে। এত বেশিসংখ্যক অভিবাসীকে দেশের অন্য কোনো স্থানে কখনো স্থানান্তর করা হয়নি। গত বছর নিউইয়র্ক এলাকায় অভিবাসী পরিবারগুলো থেকে বিচ্ছিন্ন প্রায় ৩০০ শিশুকে নিয়ে আসা হয়। তাদের শরণার্থী পুনর্বাসন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ফেডারেল সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়। ফেডারেল পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম সীমান্তে আটক হওয়া অভিবাসীর সংখ্যা বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। এপ্রিল মাসের হিসাবমতে, সীমান্তে এখন পর্যন্ত ৯৮ হাজার ৯৭৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬৮ শতাংশের বেশি শিশু, যারা পরিবারের সঙ্গে ভ্রমণে এসেছিল।
সম্প্রতি নিউইয়র্কে স্থানান্তরিত অভিবাসীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছে কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয়েছে, বন্দীরা আইসের হেফাজতে বিতাড়ন (ডিপোর্টেশন) কার্যক্রমের আওতায় রয়েছে।
বাফেলোর অভিবাসন আইনজীবী ম্যাথিউ কলকেন নিউইয়র্ক ডেইলি নিউজকে বলেন, সম্প্রতি দক্ষিণ সীমান্তে ৭০ জন নারী ও ৫০ জন পুরুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়েছে। এই অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই মধ্য আমেরিকা থেকে আসা। নিজ দেশ থেকে সহিংসতার ভয়ে তাঁরা পালিয়ে এসেছেন। গত কয়েক বছর ধরেই ওই অঞ্চল থেকে দলে দলে অভিবাসনপ্রত্যাশীরা এসে ভিড় করছেন সীমান্তে।
আশ্রয় কর্মকর্তারা বলছেন, কাউকে আশ্রয় দেওয়াটা এমনিতেই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
ডিপোর্টেশনের সম্মুখীন অভিবাসীদের বিনা মূল্যে সহায়তাদানকারী প্রতিষ্ঠান নিউইয়র্ক ইমিগ্রান্ট ফ্যামিলি ইউনিটি প্রোজেক্ট জানিয়েছে, তারা নিউইয়র্ক এলাকার কারাগারগুলোতে নতুন যারা এসেছে, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আটক অভিবাসীরা যেন তাদের আইনি অধিকার পান, তা নিশ্চিতে নগর কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
নিউইয়র্কে যে আটক অভিবাসীদের পাঠানো হবে, তা অবশ্য আগেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসেই প্রেসিডেন্ট বলেছিলেন, ‘সীমান্তে আটক অভিবাসীদের নিউইয়র্কের মতো নগরীতে পাঠানো হচ্ছে, যেখানে তারা এমনকি ডিটেনশন থেকেও সুরক্ষা ভোগ করে। শুধু গত মাসেই ১ লাখ অবৈধ অভিবাসী সীমান্তে পৌঁছেছে, যা আমাদের স্কুল, হাসপাতাল ও জনসাধারণের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। এমনটা আগে কেউ কখনো দেখেনি। এখন আমরা তাদের অনেককে ওই সব শহরে পাঠাচ্ছি।