‘সুইং স্টেট’ পেনসিলভানিয়ায় এগিয়ে বাইডেন

  • নিবন্ধিত ভোটারদের ৫৪ শতাংশ বাইডেনের ও ৪৪ শতাংশ ট্রাম্পের পক্ষে

  • করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ বলে মনে করেন ৫৭ শতাংশ ভোটার

  • শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে বাইডেন জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে ১৭ শতাংশ ব্যবধানে এগিয়ে

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব অঙ্গরাজ্য দুই প্রার্থীর জয়-পরাজয় নির্ধারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার মধ্যে পেনসিলভানিয়া অন্যতম। উভয় পক্ষই এই অঙ্গরাজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে জোর প্রচার চালাচ্ছে। তবে এখন পর্যন্ত সেখানে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত জরিপে দেখা গেছে, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৪ শতাংশ মত দিয়েছেন বাইডেনের পক্ষে। আর ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন ৪৪ শতাংশ। আর সম্ভাব্য ভোটারদের মধ্যে বাইডেনকে সমর্থন জানাচ্ছেন ৫৪ শতাংশ। বিপরীতে ট্রাম্পকে সমর্থন জানাচ্ছেন ৪৫ শতাংশ সম্ভাব্য ভোটার। তবে জনমত জরিপের এই ফলাফলে ৫ শতাংশ পয়েন্ট এদিক-ওদিক হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। সে ক্ষেত্রে সম্ভাব্য ভোটারদের সমর্থন নিজের দিকে টানার ক্ষেত্রে আরও তৎপর হতে হবে বাইডেনকে।

শুধু এই জনমত জরিপেই নয়, অন্য জনমত জরিপগুলোতেও এগিয়ে রয়েছেন বাইডেন। চলতি মাসে বিভিন্ন প্রতিষ্ঠানের চালানো জনমত জরিপগুলোয় ডোনাল্ড ট্রাম্প থেকে গড়ে ৮ শতাংশ পয়েন্ট করে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ পরিচালিত জরিপের তথ্যমতে, পেনসিলভানিয়ার নিবন্ধিত ভোটারদের ৫৩ শতাংশ মনে করেন, অর্থনৈতিক সংকট ডোনাল্ড ট্রাম্প ঠিকঠাক সামাল দিতে পারছেন। তবে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ৫৭ শতাংশ নিবন্ধিত ভোটার। নিবন্ধিত ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা রয়েছে ৪৩ শতাংশ। তাঁকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন ৫৫ শতাংশ ভোটার। তাঁকে একেবারেই গ্রহণযোগ্য মনে করেন না ৪৯ শতাংশ নিবন্ধিত ভোটার।

গত প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণী ভূমিকা রেখেছিল পেনসিলভানিয়া। এবারও তার কোনো ব্যত্যয় হওয়ার কথা নয়। গেলবার পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনকে এক শতাংশ পয়েন্টের কম ব্যবধানে পরাজিত করেছিলেন। অথচ এর আগের ছয়টি প্রেসিডেন্ট নির্বাচনে এই তিন অঙ্গরাজ্য ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছিল। গতবারের এ ফল তাই এক বড় চমক ছিল। সেই চমকের কারণেই এবারের নির্বাচনেও এই তিন অঙ্গরাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে আবার ইলেকটোরাল ভোটের হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে পেনসিলভানিয়া। এই অঙ্গরাজ্যে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোটকে নিজেদের দিকে টানতে তাই উভয় পক্ষই জোর তৎপরতা চালাচ্ছে। এরই মধ্যে উভয় প্রার্থী অঙ্গরাজ্যটি সফর করেছেন। ওয়াশিংটন পোস্ট বলছে, এখন পর্যন্ত প্রচার ও ভোটার সমর্থনের দিক থেকে বাইডেন অনেকটাই এগিয়ে রয়েছেন। বিশেষত অঙ্গরাজ্যটির যেসব এলাকায় ভোটার সমর্থনের কারণে গত নির্বাচনে ট্রাম্প এগিয়ে গিয়েছিলেন, সেসব এলাকায় বাইডেন বেশ শক্ত অবস্থান গড়তে পেরেছেন।

জরিপে দেখা গেছে, চার বছরের কলেজ ডিগ্রি রয়েছে—এমন শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন আদায় করতে পেরেছেন বাইডেন। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মোট ভোটের অর্ধেকই এই অংশটির হাতে। গত কয়েক সপ্তাহের প্রচারে বাইডেন এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে, তিনি এই মানুষদের সংকট ও সম্ভাবনা সম্পর্কে অনেকে বেশি অবগত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল প্রশ্ন তুলছে বাইডেনের জন্ম ও বেড়ে ওঠা নিয়ে। তাদের বক্তব্য, বাইডেনের জন্ম ও বেড়ে ওঠা যেহেতু নিউইয়র্কে, সেহেতু তিনি পেনসিলভানিয়ার মানুষদের জন্য সঠিক ব্যক্তি নন। একই সঙ্গে তারা ডোনাল্ড ট্রাম্পকে পেনসিলভানিয়াবাসীদের রক্ষাকবচ হিসেবে উপস্থাপন করছে।

গত প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণী ভূমিকা রেখেছিল পেনসিলভানিয়া। এবারও তার কোনো ব্যত্যয় হওয়ার কথা নয়। গেলবার পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনকে এক শতাংশ পয়েন্টের কম ব্যবধানে পরাজিত করেছিলেন
ওয়াশিংটন পোস্ট–এবিসির জরিপে পেনসিলভানিয়ায় ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে বাইডেন
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন পোস্ট জানায়, শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন বাড়ছে। এই অংশটির মধ্যে সমর্থনের বিচারে বাইডেন ট্রাম্প থেকে ১৭ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন। অথচ চার বছর আগে পেনসিলভানিয়ার শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে ট্রাম্প ব্যাপক জনপ্রিয় ছিলেন। সে সময় পেনসিলভানিয়া ও জাতীয় পর্যায়ে এই গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে ট্রাম্প হিলারি থেকে এগিয়ে ছিলেন ৩০ শতাংশ পয়েন্ট। কলেজ পাস করা শ্বেতাঙ্গদের মধ্যে বাইডেন ট্রাম্প থেকে ২৩ শতাংশ পয়েন্ট ও অশ্বেতাঙ্গদের মধ্যে ৬৪ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। শুধু তাই নয়, পশ্চিম পেনসিলভানিয়ায় দিন দিন ট্রাম্পের অবস্থান দুর্বল হচ্ছে। এই অঞ্চলগুলোতে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ২৯ শতাংশ পয়েন্ট ব্যবধানে জয় পেলেও এবার জনমত জরিপে তিনি বাইডেন থেকে মাত্র ৩ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

তবে এখনো পেনসিলভানিয়ার কেন্দ্রে বেশ শক্ত অবস্থানে রয়েছেন ট্রাম্প। গতবারের মতো এবারও তিনি এ অঞ্চলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৩০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এত বড় ব্যবধানে না হলেও অঙ্গরাজ্যটির উত্তর-পূর্বাঞ্চলেয় এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফলে ট্রাম্পের প্রচার দল এই এলাকাগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে এখন। তাদের লক্ষ্যে, গত নির্বাচনের চেয়ে বেশি ভোটারকে কেন্দ্রে নিয়ে আসা, যাতে অন্য অঞ্চলের ঘাটতি পূরণ করা যায়।

তবে একটি ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান শক্তই বলা চলে। তাঁর সমর্থকদের ৭১ শতাংশই জানিয়েছেন, যা-ই ঘটুক তাঁরা ট্রাম্পকেই ভোট দেবেন। বিপরীতে বাইডেনের এমন সমর্থক রয়েছে ৫১ শতাংশ। এ অবস্থান শক্ত করতে হলে বাইডেনকে তাকাতে হবে তরুণ ভোটারদের দিকে। জরিপে দেখা গেছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী বাইডেন-সমর্থকদের মধ্যে ৭৯ শতাংশই তাঁদের সমর্থনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। অনূর্ধ্ব ৫০ বছর বয়সী সমর্থকদের মধ্যে এ হার ২৭ শতাংশ। মুশকিল হচ্ছে, বাইডেন সমর্থকদের ৯১ শতাংশের বয়সই ৫০ বছরের নিচে।

তাই এখন পরিস্থিতি যেমনই হোক, ট্রাম্প শেষ মুহূর্তে কোনো ভেলকি দেখিয়ে সব নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, এখনো পেনসিলভানিয়ায় ট্রাম্পের যথেষ্ট সুযোগ রয়েছে। গত নির্বাচনের এক মাস আগ পর্যন্ত প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচনের ঠিক আগের দু সপ্তাহে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। পিছিয়ে পড়তে থাকেন হিলারি ক্লিনটন। মূলত ই-মেইল কেলেঙ্কারির জেরেই হিলারিকে পিছিয়ে পড়তে হয়েছিল। বুথ ফেরত জরিপে দেখা গিয়েছিল, নিরপেক্ষ ভোটারেরাই বড় ব্যবধান গড়ে দিয়েছেন।