সুখের পাশে অসুখ লুকিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে আমার কাজের জায়গা স্কুলে যেতে গাড়িতে সময় লাগে মাত্র আট মিনিট, যার মধ্যে পাঁচ মিনিট থাকে নদী। পুরো পাঁচ মিনিট আমি নদী দেখার সুযোগ পাই। মনে হয়, আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে এই শহরে! সেই নদীর দিকে তাকিয়ে আমি সুখ-দুঃখের কত কথা বলি। চলার সঙ্গে সঙ্গে নদী পেছনে পড়ে যায়। অপস্রিয়মাণ সেই নদীর দিকে তাকিয়ে ভাবনার আয়নায় দেখি ফেলে আসা এই বছরটাকে। কখনো দেখি নদীর বুকে অঝোর বর্ষণ, কখনো তুষারপাত! নদী শুধু নীরবে আমার কথা শুনে যায়। বলে না কিছুই।
২০১৯ সালটা আমার জীবনের চরম বেদনাদায়ক বছর। এখনো বিশ্বাস করতে পারি না, আমার আম্মা আর পৃথিবীতে নেই। আমার আম্মা, যার প্রতিটি শ্বাস–প্রশ্বাস আমরা তার সন্তানেরা, তাদের ছেড়ে কীভাবে তিনি চলে যেতে পারেন! বিশ্বাস হয় না! আমার সত্যি বিশ্বাস হয় না! আমার অন্য ভাইবোনদের চেয়ে আমার কাছে অবিশ্বাস্য লাগে বেশি। আমি নিউইয়র্কে চলে আসার পরে আম্মার শরীর বেশি খারাপ হতে থাকে। মাত্র পাঁচ বছরে তিনি যেন ২০ বছর বয়স পাড়ি দেন। কিন্তু আমার মানসপটে আম্মার সেই সুন্দর অবয়ব সর্বদা জেগে থাকে। গোলাপি শাড়িতে আধ ঘোমটা দেওয়া সেই মানুষটি, যার মুখে সারাক্ষণ একটা হাসি লেগে থাকে।
মা, ‍তুমি জান না, তুমি চলে যাওয়ার পর থেকে গোলাপি আমার প্রিয় রং। যেখানে যা কিছু গোলাপি দেখি, তোমার কথা মনে পড়ে। তোমার গোলাপি মশারির নিচে শুয়ে আমাদের যে সর্বশেষ রাত কেটেছিল, সেটা ভুলি কীভাবে? কীভাবে ভুলি, মৃত্যুর পরে এক পাশে কাত হয়ে থাকা তোমার সেই মুখ। সেই তোমাকে শেষ দেখা। মা, তুমি কি দেখেছিলে আমাকে? তোমার মেয়ে ২৪ ঘণ্টা সফর শেষে গিয়েছিল তোমার মুখটা শেষবারের মতো দেখবে বলে! অথচ বেঁচে থাকতে কতবার তুমি বলেছ ঢাকায় আসার জন্য! কতবার কথা দিয়েও যাইনি। সামান্য কারণে এড়িয়ে গেছি। আমি ব্যস্ত থেকেছি জীবনযাপনের সামান্য সব অনুষঙ্গ নিয়ে। আজ যখন তুমি খুব ভেতর থেকে ডাক দাও, দাঁড়াও এসে আমার ঘরের দরজায়, তখন বুঝতে পারি আমার সত্তাজুড়ে কতখানি ছিলে তুমি মা!
‘কবিতা বুঝিনি আমি, অন্ধকারে একটা জোনাকি
যত্সামান্য আলো দেয়, নিরুত্তাপ, কোমল আলোক।
এই অন্ধকারে এই দৃষ্টিগম্য আকাশের পারে
অধিক নীলাভ সেই প্রকৃতি আশা পড়ে আছে
এই বোধ সুগভীরে কখন আকৃষ্ট করে নিয়ে
যুগ যুগ আমাদের অগ্রসর হয়ে যেতে বলে
তারকা, জোনাকি–সব; লম্বিত গভীর হয়ে গেলে
না-দেখা গহ্বর যেন অন্ধকার হৃদয় অবধি
পথ করে দিতে পারে; প্রচেষ্টায় প্রচেষ্টা; যেন
অমল আয়ত্বাধীন অবশেষে করে দিতে পারে
অধরা জ্যোৎস্নাকে; তাকে উদ্‌গ্রীব মুষ্টিতে ধরে নিয়ে
বিছানায় শুয়ে শুয়ে আকাশের, অন্তরের সার পেতে পারি।
এই অজ্ঞানতা এই কবিতায় রক্তে মিশে আছে
মৃদু লবণের মতো, প্রশান্তির আহ্বানের মতো।
মাঝে মাঝে ভাবি, জীবনটাকে যদি বিনয় মজুমদারের কবিতার মতো দেখা যেত। যদি আমি হতাম অন্ধকারে একটা জোনাকি, যৎসামান্য আলো বিলিয়ে আশ্চর্য কোমলতায় উজ্জ্বল করতাম চারদিক। হয়ে গেলাম রক্ত মাংসের মানুষ। তবু তো জীবনানন্দ দাসের মতো ভাবতে পারতাম— ‘এই পৃথিবীতে আমি অবসর নিয়ে শুধু আসিয়াছি।’ সবকিছুকে দেখতে পারতাম গভীর নিরাসক্তির সঙ্গে। ষড়রিপুর দৌরাত্ম্যে নিরাসক্ত থাকতে পারলাম কই! আমি নিজে সেটা হতে চাইলেও আশপাশের মানুষ হতে দেয় না। ভিড়ের মধ্যে কেউ যে ব্যতিক্রম হতে চাইতে পারে, এটাও তখন হতে পারে বড় বিস্ময়।
আমার মা যেন কেমন নিরাসক্ত মানুষ ছিলেন। কোন কিছুর প্রতি আসক্তি ছিল না। যেটা ছিল বিরাট বিস্ময়ের। আমার বোনেরা কোথাও নিয়ে যেতে চাইলে রাজি হতেন না। ঘরের মধ্যে থাকতে চাইতেন সব সময়। অসুস্থ হলে সুস্থ হওয়ার তাড়াও বোধ করতেন না মনে হয়। যে কারণে খুব বড় ধরনের সমস্যা ছাড়াই চলে গেলেন পৃথিবী ছেড়ে। আমার বোনেরা আম্মাকে বেঁচে থাকার আগ্রহবোধ করার জন্য অনেক কিছু বলত। ছোট বোন তানিয়া আম্মাকে জিজ্ঞাসা করেছিল, ‘আপা আসবে আগামী আগস্টে। তার আগে তুমি সুস্থ হয়ে উঠবে না আম্মা?’ শুরুতে আম্মা কোন উত্তর দেননি। পরে বারবার জিজ্ঞাসার পরে ওপরে নিচে মাথা দুলিয়ে ‘হ্যাঁ’ বলেছিলেন। ওই ছিল আম্মার শেষ উত্তর। পরদিন সকালে সবাইকে ছেড়ে চলে যান তিনি।
আব্বার কবরের পাশে আম্মাকে চিরদিনের জন্য রেখে আমি নিউইয়র্কে চলে আসি। আসার সময় আমার সনদ ও নম্বরপত্রগুলো নিয়ে আসি। এই সনদগুলো পেতে দুই বছর ধরে অনবরত আমি চেষ্টা করেছি। দুই বছর আগে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির সার্টিফিকেট পাই। একবার পরীক্ষা দিয়েই পাস করেছিলাম। চারটা ওয়ার্কশপও করি। ফিঙ্গারপ্রিন্ট করে ফেলি। সবকিছু করার পরেও মাস্টার্স ছাড়া আর কোন পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট না থাকায় শিক্ষাগত যোগ্যতার স্থানটি পূর্ণ হচ্ছিল না। এ জন্য বাংলাদেশে এক সাংবাদিক ভাইকে অনুরোধ করি। তিনি পুরান ঢাকায় বেশ কয়েকবার আমার স্কুল ও কলেজে গিয়ে তেমন সুবিধা করতে পারছিলেন না। পরে আমাদের এক পারিবারিক বন্ধু, যিনি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, তিনি তার অধীনে থাকা অফিসার পাঠান স্কুল-কলেজগুলোতে। তখন তারা নড়ে–চড়ে বসে। আমাদের আরেকজন পারিবারিক বন্ধু ও আইন বিভাগের অধ্যাপক অনার্সের সার্টিফিকেট পেতে সাহায্য করেন।
নতুন বছরে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। একটু বিস্তারিত ভাবতে গেলে আসলে পুরো জীবনটাই মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের সমষ্টি। আমার জীবনসঙ্গী যে আম্মার মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যে অনেক ডলার খরচ করে আমাকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়েছিলেন, তার ঋণ ভুলি কীভাবে? কিংবা জ্যাকসন হাইটসে আমাদের সাবেক প্রতিবেশী বড় ভাই যিনি রাত তিনটায় একজনের বাসায় গিয়ে তাকে ঘুম থেকে তুলে এনে আমার টিকিট করিয়েছিলেন তাঁর কথা! কত যে ঋণ এই জীবনে, কীভাবে তার শোধ দেব?
আমাদের পারিবারিকভাবে ঘনিষ্ঠ আরেক বড় ভাই গত বছর আমাদের ছেড়ে চলে যান। উনি কি কখনো ভেবেছিলেন, ২০২০ সালটা তার দেখা হবে না! নিশ্চয়ই ভাবেননি। ওনার স্ত্রী এখন ঢাকায় গিয়ে পড়ে আছেন। অথচ নিউইয়র্ক শহরে ভালোভাবে থাকার জন্য তিনি ড্রাইভিং শিখেছিলেন। আমি আর তিনি একই ব্যক্তির কাছে ড্রাইভিং শিখেছিলাম। বয়সে তিনি আমার চেয়ে অনেক বড় হওয়া সত্ত্বেও আমার আগে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। আমি পেলাম ওনার অনেক পরে, তিন বারের চেষ্টায়।
বানরের থাবা নামে একটা ভয়ংকর গল্প আছে, যেখানে সন্তানের মৃত্যুর বিনিময়ে বাবা-মা প্রচুর অর্থ সম্পদের মালিক হন। অথচ সেটা তারা কখনো চাননি। আমি আমার মায়ের মৃত্যুর পরে পেলাম আমার সব সার্টিফিকেট, সেটা জমা দিয়ে পেলাম স্কুলে চাকরি। নিউইয়র্ক শহরে আমার কর্মজীবন শুরু হল। আমি মাস গেলে বেতন পেতে শুরু করলাম। ড্রাইভিং পাস করে আমি এখন এই শহরে একা গাড়ি চালাতে পারি। মায়ের মৃত্যু, স্কুলের চাকরি, ড্রাইভিং পাস—সবই ঘটে গেল একই বছরে। আমার জীবনের মোড় ঘোরানোর বছর। আমার জীবনের সবচেয়ে বেদনার বছর, অনেক প্রাপ্তিরও বছর। আমার সুখের পাশে এভাবে একটা অসুখ লুকিয়ে থাকে। পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থলের মতো মানুষের জীবনেও সুখের চেয়ে দুঃখই বেশি। তবু নদী বয়ে যায়। আমার হৃদয়ে জমে থাকা দীর্ঘশ্বাসগুলো বাষ্প হয়ে নামে ইস্ট রিভারে।