সুদূরেও শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখতে চান সামসুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামসুল আলম
সামসুল আলম

সৃষ্টিশীল ও প্রতিভাবান একজন সংগীতশিল্পী সামসুল আলম। দীর্ঘ এক যুগ ধরে গানের পেছনে ছুটছেন। সুদূর আমেরিকায় এসেও প্রতি দুবছর পর পর প্রাণের টানে ছুটে যান প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। বাংলা মায়ের গান তাঁকে টেনে নিয়ে যায় দিনাজপুরের নিজ শহর গাসিপাড়ায়, যেখানে তাঁর বেড়ে ওঠা। প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
সামসুল ইসলাম মঞ্চে গান গাইতে উঠলে উপমহাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী কিশোর কুমারের সেই বিখ্যাত প্রেমের গান-চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারি—এ অমর গান দিয়ে শুরু করেন। তাঁর প্রিয় শিল্পী কিশোর কুমার। স্কুল জীবন থেকে নিজ বাড়িতে সংগীত চর্চায় মনোনিবেশ করেন।
সংগীতের আবহে বেড়ে ওঠা শিল্পী আলম বলেন, স্কুল জীবন থেকে গিটার ছিল তাঁর সঙ্গী। রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখার পাশাপাশি গিটারে গানের সূর তোলে বন্ধুদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিলেন। রংপুর বেতারে তিনি নিয়মিত গান করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ১৯৯৬ সালে ডিভি লটারি নিয়ে প্রথম আমেরিকার আটলান্টা শহরে আসেন। আমেরিকায় এসে বেশ কিছুদিন ব্যাংক ও বিমানবন্দরে কাজ করেন। এরপর আটলান্টা থেকে আরাকানসাসের পাইন বল্ফ শহরে আসেন। সংগীত ও ব্যবসায় টানা ১০ বছর পরিশ্রম করেছেন। আমেরিকার বিভিন্ন রাজ্যে যেখানে গান করার আমন্ত্রণ পান সেখানে ছুটে যান।
বর্তমানে আলম রিয়েল এস্টেট ও ডিপার্টমেন্টাল স্টোর ব্যবসায় সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন, হঠাৎ বৃষ্টি নামে তাঁর একটি গানের অ্যালবাম বেরিয়েছে। সুস্মিতা সাহা ও সামসুল আলম দ্বৈতকণ্ঠে আধুনিক গানের অ্যালবাম ছাড়াও দুটি গান তিনি করেছেন। আধুনিক গান নিয়ে তাঁর মাথায় এখন শর্ট ফিল্ম তৈরির ভাবনা। তিনি মনে করেন, আমাদের দেশের শিল্পীদের নিয়ে এখনো আমেরিকার মাটিতে কোনো ফিল্ম বানানো হয়নি। তিনি এ ক্ষেত্রে একটি ভালো মানের শর্ট ফিল্ম তৈরির কাজে হাত দিয়েছেন। গৎবাঁধা নিয়মের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করার মধ্যে একটা আনন্দ খুঁজে পান তিনি। তাই তিনি এত কিছুর মধ্যেও সময় বের করে তাঁর গিটারসহ গান নিয়ে ছুটে যান মাছ শিকারে। মাছ ও হরিণ শিকার তাঁর শখ। সাংস্কৃতিক আবহে নিজেকে ফিরে পেতে আমেরিকার আরকানসাসে তিনি নিজ বাড়িতে গড়ে তুলেছেন স্টুডিও। দিন শেষে গান গেয়ে রিলাক্স করেন তিনি। বৈচিত্র্যময় জীবনে আনন্দ উল্লাসে সবার মাঝে বেঁচে থাকতে চান শিল্পী সামসুল আলম।