সুন্দর আগামীর জন্য আবার সুযোগ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডন গার্ডিয়ান
ডন গার্ডিয়ান

আটলান্টিক সিটিতে নির্বাচনী দামামা বেজেছে। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এখন আটলান্টিক সিটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র ডন গার্ডিয়ান এবং ডেমোক্র্যাট দলীয় মেয়র প্রার্থী ফ্রাঙ্ক এম গিলিয়াম জুনিয়র দুজনই যুযুধান প্রার্থী। দুজনই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
ঐতিহ্যগতভাবে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রভাবিত, যা বিগত সময়ে মেয়র নির্বাচনের ফলাফলে প্রতিভাত হয়। কিন্তু ২০১৩ সালের মেয়র নির্বাচনে রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী ডন গার্ডিয়ানের বিজয়ে ডেমোক্র্যাটদের আধিপত্যে ছেদ পড়ে। এ অবস্থায় হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটরা যেমন আদা জল খেয়ে নেমেছেন, তেমনি রিপাবলিকানরাও তাদের অর্জিত গৌরব ধরে রাখার লক্ষ্যে অহর্নিশ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আটলান্টিক সিটিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। মেয়র নির্বাচনের মহাযজ্ঞে তাদের অনেকেই শামিল। তারা এখন থেকেই হিসাব নিকাশে ব্যস্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে। দুই প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতির পোস্টমর্টেম করছেন তাঁরা। নির্বাচন সামনে রেখে সিটি হলে মেয়র কার্যালয়ে রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র ডন গার্ডিয়ানের মুখোমুখি হয়েছিল প্রথম আলো। নিচে তার চুম্বক অংশ তুলে ধরা হলো।
‘ভিশন’ সম্পর্কে জানতে চাইলে ডন গার্ডিয়ান বলেন, আটলান্টিক সিটিকে আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তোলাই হচ্ছে তাঁর মূল ‘ভিশন’। এ জন্য সিটি বাজেট সহনশীল পর্যায়ে রাখা, প্রোপার্টি ট্যাক্স কমানো, স্টকটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ, অষ্টিওপেথিক মেডিকেল স্কুলের ক্যাম্পাস স্থাপন, আটলান্টিক কেয়ার এর করপোরেট অফিস স্থাপন, বন্ধ হয়ে যাওয়া রিভেল, ট্রাম্প প্লাজা ও আটলান্টিক ক্লাব ক্যাসিনোর সম্পত্তির যথাযথ ব্যবহার, গার্ডেনারস বেসিন পর্যন্ত বোর্ডওয়াক সম্প্রসারণ, চেলসি হাইটসে ক্রিকেট মাঠের ব্যবস্থা, মহাসাগর কেন্দ্রিক কারিগরি সেন্টার স্থাপন, আটলান্টিক সিটির অধিবাসীদের জন্য ‘মেয়র বৃত্তি’ র বরাদ্দ বাড়ানো, শহর জুড়ে বাইসাইকেল লেইন চালু, ক্ষুদ্র ব্যবসায়ী ও বাড়ির ক্রেতাদের জন্য আর্থিক সুবিধা দেওয়া, সিটি মালিকানাধীন সম্পত্তিতে অফিস অথবা ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষিণ-পূর্ব ইনলেটে হাউজিংয়ের উন্নয়ন, কার ওয়াশ সেন্টার স্থাপন, গার্ডেনারস বেসিন ও কাস্পিয়ান পয়েন্টের উন্নয়ন, বিভিন্ন কোম্পানির করপোরেট অফিস স্থাপনসহ আরও অনেক প্রকল্প তাঁর ভিশনের মধ্যে আছে। তিনি বিশ্বাস করেন এই শহরকে যদি আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তোলা যায় তাহলে এই শহরের অধিবাসীদের যথাযথ কর্মসংস্থান হবে এবং এর ফলে তাঁরা উন্নততর জীবনযাপন করতে পারবেন।
দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হলে কোন বিষয়টা তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে? প্রশ্নে ডন গার্ডিয়ান বলেন, দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত হলে এই শহরের অধিবাসীদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করাটাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আর এই উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার জন্য আমি ট্যাক্স কমানোর চেষ্টা করব। এ ছাড়া নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়িক কর্মকাণ্ড বৃদ্ধি, শহরের অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ-এ সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
আটলান্টিক সিটির অপরাধ কমানোর ব্যাপারে নিজের পরিকল্পনা তুলে ধরে ডন গার্ডিয়ান বলেন, আটলান্টিক সিটির অপরাধ প্রবণতা হ্রাস করার লক্ষ্যে সিটির সর্বত্র পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ জন্য নয় শ এলইডি সড়ক বাতি পুনঃস্থাপন করা হবে। এ ছাড়া আরও বেশি ভিজিল্যান্স ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আছে। দ্বিতীয় শ্রেণির পুলিশ অফিসারসহ বর্তমান পুলিশ অফিসারদের বহাল রাখা, পুলিশ অফিসারের শূন্য পদ যথাসময়ে পূরণ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে।
আটলান্টিক সিটির রাজস্ব আয় বাড়ানোর ব্যাপারে রিপাবলিকান প্রার্থী বলেন, অধিক রাজস্ব আয়ের সংস্থানের লক্ষ্যে তাঁর প্রচেষ্টা আগের মতোই চলবে যাতে নতুন নতুন প্রকল্প চালু করা যায়। আর তা চালু করা গেলে এই সিটিতে থিতু হওয়ার ব্যাপারে জনগণের মধ্যে আগ্রহ দেখা দেবে। এর ফলে সিটির জনসংখ্যা বৃদ্ধি পাবে, যা ট্যাক্সের হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আগামী বছর স্টকটন বিশ্ববিদ্যালয়, সাউথ জার্সি গ্যাস, হার্ডরক ক্যাসিনোর কার্যক্রম শুরু হলে সিটির রাজস্ব আয় বৃদ্ধি পাবে যা সিটির রাজস্ব ঘাটতি মেটানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে। আটলান্টিক সিটিতে নতুন নতুন কর্মসংস্থানের ব্যাপারে তিনি বলেন, আটলান্টিক সিটির মেয়র পদে পুনর্নির্বাচিত হলে বিগত সময়ের মতো তাঁর কর্মদক্ষতা ও পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি নিত্যনতুন ব্যবসায়িক প্রকল্প আনবেন। ভিন্নধর্মী ব্যবসা-বাণিজ্যকে স্বাগত জানাবেন যাতে আটলান্টিক সিটির ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য বৃদ্ধি পায় এবং এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া আটলান্টিক সিটিতে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির সদর দপ্তর স্থাপনের প্রচেষ্টা চালাবেন যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আগামী বছর স্টকটন বিশ্ববিদ্যালয়, সাউথ জার্সি গ্যাস ও হার্ডরক ক্যাসিনোর কার্যক্রম শুরু হলে বিপুলসংখ্যক দক্ষ-অদক্ষ লোকের কর্মসংস্থান হবে বলে তিনি মন্তব্য করেন।
আটলান্টিক সিটিতে বহুজাতিক কমিউনিটির লোকজনের বসবাস এবং তাঁদের কৃষ্টি ও সংস্কৃতিতে রয়েছে ভিন্নতা। এই বহুজাতিক ও ভিন্ন ভিন্ন সংস্কৃতির বিকাশে তাঁর সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে ডন গার্ডিয়ান জানান। বর্তমানে বদর ফিল্ড, কেনেডি প্লাজা, গার্ডেনারস বেসিন কেন্দ্রিক যে সব সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে তা আরও বেগবান করার উদ্যোগ গ্রহণ করবেন তিনি।
আটলান্টিক সিটিতে আরও বেশি বেশি পর্যটক আকর্ষণের ব্যাপারে ডন গার্ডিয়ান বলেন, দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হলে তিনি আরও বেশি বেশি সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করবেন। শুধু জুয়া খেলা ছাড়া অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডে পর্যটকেরা যাতে অংশ নিতে পারেন তার ব্যবস্থা করবেন। এ ছাড়া বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদন কেন্দ্র ‘স্টিল পিয়ার’ এ ‘রোলার কোস্টার’ চালু হলে আটলান্টিক সিটির বিনোদন জগতে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে তিনি মনে করেন।
একজন মেয়র হিসেবে আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলে ডন গার্ডিয়ান বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশি আমেরিকানরা কর্মঠ, ত্যাগী, বন্ধুবৎসল, পরোপকারী ও শান্তিপ্রিয়। বিগত মেয়র নির্বাচনে তাঁর বিজয়ের পেছনে বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ভূমিকা তিনি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। তিনি বলেন, অন্যান্য কমিউনিটির লোকজনের মতো বাংলাদেশ কমিউনিটির লোকজনেরাও আটলান্টিক সিটির উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি আমেরিকানদের সুখ-দুঃখের সাথী হিসেবে বিগত মেয়র নির্বাচনের মতো আগামী নির্বাচনেও তাঁরা আবার ভোট দিয়ে পুনর্নির্বাচিত করবেন, যাতে তাঁদের আরাধ্য স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন।
প্রথম মেয়াদে মেয়র হিসেবে অর্জিত বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সিটির প্রতিটি পার্ক ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন ও সংস্কার সাধন, চেলসি হাইটসের মাঠে ফুটবল, বেসবলের নতুন টার্ফ স্থাপন, স্ট্যান্ড স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সিটির বাস্কেটবল কোর্টগুলোর সংস্কার, হেরল্ড আর ব্রাউন পার্কে খেলার মাঠ, এমফি থিয়েটার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, টেক্সাস অ্যাভিনিউ খেলার মাঠে ফুটবল টার্ফ স্থাপন, ২০১৭ সালে সম্পত্তি কর কমিয়ে করদাতাদের ৮৩ মিলিয়ন করের বোঝা কমানো, ‘মেয়রের কর্মসংস্থান ও প্রশিক্ষণ কর্মসূচি’র মাধ্যমে প্রায় ৭০০ জনের অধিক লোকের কর্মসংস্থান করা, সিটিতে স্টকটন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন, সাউথ জার্সি গ্যাসের সদর দপ্তর স্থাপন, বন্যার পানির হাত থেকে সিটিবাসীকে মুক্ত করার লক্ষ্যে বালটিক অ্যাভিনিউতে ড্রেনেজ ক্যানেল প্রকল্প গ্রহণ যা প্রায় সমাপ্তির পথে, সিটির রাস্তাঘাটের প্রায় পঞ্চাশ শতাংশের সংস্কার সাধন, সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সুযোগ দেওয়ার লক্ষ্যে ৫৫০টি হাউজিং ইউনিট তৈরি করেছেন তিনি।
আটলান্টিক সিটিবাসী তাঁকে কেন দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত করবেন? প্রশ্নে ডন গার্ডিয়ান বলেন, তিনি যখন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন সিটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। এর ওপর তাঁর মেয়াদের প্রথম দিকে কয়েকটি ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় সিটির অর্থনীতির ওপর ব্যাপক চাপ পড়ে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি আর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ এর মতো ক্যাসিনো বন্ধ হয়ে যাওয়ায় যে দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছিল তা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তাঁর গতিশীল নেতৃত্বে সিটি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই যেভাবে কার্যকর ভূমিকা রেখেছেন, তারই ফলশ্রুতিতে আজ সিটি জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞকে সামনে রেখে আটলান্টিক সিটি পুনর্গঠনের যে প্রক্রিয়া তিনি শুরু করেছেন তা সমাপ্ত করার মাধ্যমে অর্জিত সাফল্য উপভোগ করার নিমিত্তে নগরবাসী তাঁকে আবার ভোট দেবেন। আটলান্টিক সিটির মেয়র হিসেবে তাঁর সততা, যোগ্যতা ও দক্ষতার ব্যাপারে তাঁর ওপর জনগণের আস্থা আছে এবং তাঁকে ভোট দিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে নির্বাচিত করার মাধ্যমে তাঁদের স্বপ্নসাধ পূরণ করবেন বলে তিনি বিশ্বাস করেন।
আসন্ন নির্বাচন উপলক্ষে আটলান্টিক সিটিবাসীর উদ্দেশ্যে ডন গার্ডিয়ানের বার্তা হলো—‘আটলান্টিক সিটি আমার ও আপনার শহর। এই শহর পুনর্গঠনের উদ্দেশ্যে আমার ঘোষিত ভিশনগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমাকে আবার পুনর্নির্বাচিত করুন, যাতে করে এই সিটি আন্তর্জাতিক মানের সিটি হিসেবে পরিচিতি পায় এবং আপনারাও এর গর্বিত অংশীদার হতে পারেন। আপনারা যদি আমাকে দ্বিতীয় মেয়াদের জন্য মেয়র নির্বাচিত করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ বংশধরদের সুন্দর আগামীর জন্য এবং আপনারা যাতে এই সিটিতে গর্বিতভাবে ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে আমি ও আমার প্রশাসন সৎ থেকে আপনাদের পাশে থেকে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাব।’