সুন্দরবন রক্ষায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নাগরিক অধিকারের আন্দোলন-সংগ্রামের জন্য পরিচিত ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারে ৭ জানুয়ারি এই প্রতিবাদ সমাবেশ হবে।

স্থানীয় সময় বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে আমেরিকার মূলধারার নাগরিক সংগঠন যোগ দেবে। যোগ দেবেন প্রবাসী সংগঠকেরা।

সুন্দরবন রক্ষায় ৭ জানুয়ারি বিশ্বজুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবির প্রতি সংহতি জানিয়ে নিউইয়র্কে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে প্রতিবেশ আন্দোলন, ফ্রেন্ডস অব আর্থ ইউএস, প্রোগ্রেসিভ ফোরাম, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কসহ (বেন) কয়েকটি পরিবেশবাদী সংগঠন সুন্দরবন রক্ষায় বিশ্বব্যাপী ডাকা প্রতিবাদ দিবসের প্রতি সংহতি জানিয়েছে।

নিউইয়র্কে প্রতিবাদ কর্মসূচির সংগঠকেরা সংবাদমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।

বিবৃতিতে জানানো হয়, রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিলে বাংলাদেশের কাছে সুপারিশ করেছে ইউনেসকো। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করেছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি-বিষয়ক প্রতিষ্ঠানটি। তা সত্ত্বেও সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছে। মুনাফালোভীদের স্বার্থে সুন্দরবনের বিনাশ মেনে নেওয়া যায় না।