সুপ্রিম কোর্টে শূন্য পদে গারল্যান্ডকে মনোনয়ন দিলেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আপিল কোর্টের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের প্রধান বিচারক মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে মনোনয়নের কথা ঘোষণা করেছেন। সিনেটে অনুমোদন পেলে তিনি রক্ষণশীল বিচারপতি আন্তোনিন স্কালিয়ার স্থলাভিষিক্ত হবেন। স্কালিয়া গত মাসে মারা যান। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
৬৩ বছর বয়সী গারল্যান্ড নিজের মধ্যপন্থী অবস্থানের কারণে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সিনেটরদের প্রশংসা অর্জন করেছেন। ১৯৯৭ সালে অধিকাংশ ডেমোক্রেটিক ও সাতজন রিপাবলিকান সিনেটরের সমর্থনে আপিল কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হন তিনি। কিন্তু এবার রিপাবলিকান নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন, ওবামা তাঁর মেয়াদের শেষ বছরে সুপ্রিম কোর্টের জন্য কোনো মনোনয়ন দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, ওবামার মনোনীত বিচারপতির মনোনয়ন নিশ্চিত করতে তিনি সিনেটের শুনানিও আহ্বান করবেন না। এই মনোনয়নের অধিকার কেবল পরবর্তী প্রেসিডেন্টের।
প্রেসিডেন্ট ওবামা ও তাঁর ডেমোক্রেটিক সহযোগীরা আশা করছেন, শুধু দলীয় কারণে একজন সুপরিচিত ও সর্বজনমান্য বিচারকের মনোনয়ন নিশ্চিত করতে অস্বীকার করলে রিপাবলিকানরা ২০১৬ সালের নির্বাচনে রাজনৈতিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার সম্মুখীন হবেন।