সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অঙ্গরাজ্যের আদালতে আইনি লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্ভপাত অধিকার বাতিল করে সুপ্রিম কোর্টের আদেশের পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে জাতীয় পর্যায়ে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে অঙ্গরাজ্যগুলোর আদালতে আইনি লড়াই শুরু হয়েছে। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার এই আইনি লড়াই শুরু হয়। খবর রয়টার্সের।

লুইজিয়ানা ও উটাহ অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন সাময়িকভাবে আটকে দিয়েছেন বিচারকেরা। আইডাহো, কেনটাকি, মিসিসিপি ও টেক্সাসের ক্লিনিকগুলোও একই ধরনের সিদ্ধান্ত চেয়ে আবেদন করেছে।

গত শুক্রবার গর্ভপাত অধিকার-সংক্রান্ত ১৯৭৩ সালের ঐতিহাসিক ‘রো বনাম ওয়েড’ মামলার রায় বাতিল করেন সুপ্রিম কোর্ট। এরপর ১৩টি রাজ্যে আগে থেকে থাকা গর্ভপাত নিষিদ্ধ কিংবা গর্ভপাতকে কঠোর বিধিনিষেধের আওতায় আনার আইন কার্যকর হয়। এসব রাজ্যের মধ্যে এই ছয় রাজ্যে আইনি লড়াই শুরু হলো।

লুইজিয়ানায় শুক্রবার থেকে গর্ভপাত পরিষেবা বন্ধ হয়ে যায়। গতকাল অরলিন্স প্যারিশ জেলা দেওয়ানি আদালতের বিচারক রবিন গিয়ারুসো রাজ্যে নিষেধাজ্ঞা কার্যকর সাময়িকভাবে স্থগিত করে আদেশ দেন। পরে আবার গর্ভপাত পরিষেবা চালু হয়। লুইজিয়ানার তিনটি গর্ভপাত সেবা প্রদানকারী ক্লিনিকের একটি ‘হোপ মেডিকেল গ্রুপ ফর উইমেন ইন শ্রিভপোর্ট’। তাঁদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

দিনের শেষ দিকে ‘প্ল্যানড প্যারেন্টহুড’ অধিভুক্ত প্রতিষ্ঠানের আবেদনে উটাহ অঙ্গরাজ্যের তৃতীয় জেলা আদালতের বিচারক অ্যান্ড্রু স্টোনও নিষেধাজ্ঞা কার্যকর সাময়িক স্থগিত করে আদেশ দেন। সুপ্রিম কোর্টের রায়ের ফলে এই রাজ্যে ২০২০ সালে পাস হওয়া নিষেধাজ্ঞার আইনটি শুক্রবার কার্যকর হয়েছিল। জেলা আদালতের আদেশের ফলে পুনরায় গর্ভপাত পরিষেবা চালু হয়।

এক বিবৃতিতে প্ল্যানড প্যারেন্টহুড অ্যাসোসিয়েশন অব উটাহের প্রেসিডেন্ট ক্যারি গ্যালোওয়ে বলেন, ‘আজকে জয় হলো। কিন্তু সামনে যে সন্দেহাতীত দীর্ঘ ও কঠিন লড়াই রয়েছে, সে ক্ষেত্রে এটি শুধুই প্রথম ধাপ।’

রিপাবলিকান পার্টি শাসিত লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি বলেন, ‘আমাদের অঙ্গরাজ্যের আদালতগুলোতে এসব আইনের সুরক্ষায় আমার কার্যালয় পুরোপুরি প্রস্তুত, ঠিক যেভাবে আমাদের ফেডারেল আদালতগুলোতে আমরা প্রস্তুত ছিলাম। তবে রিপাবলিকান শাসিত উটাহের অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।’

রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ের পর অঙ্গরাজ্যের সংবিধানের অধীনে রিপাবলিকান সমর্থিত যেসব গর্ভপাত আইন রয়েছে, সেগুলো চ্যালেঞ্জ করে দেশজুড়ে আবেদনের হিড়িক পড়ে। এরই ধারাবাহিকতায় দুটি আদালত এই আদেশ দিয়েছেন।

অন্তঃসত্ত্বা হওয়ার ছয় সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ করে রিপাবলিকান নিয়ন্ত্রিত টেক্সাসে গত বছর থেকে একটি আইন কার্যকর হয়। ‘রো বনাম ওয়েড’ পূর্ববর্তী গর্ভপাত বিধিনিষেধ প্রয়োগ থেকে কর্মকর্তাদের বিরত রাখা হবে কি না, সে বিষয়ে আজ মঙ্গলবার শুনানি গ্রহণের কথা রয়েছে হ্যারিস কাউন্টির একজন বিচারকের।

আরও পড়ুন

গর্ভপাতের সাংবিধানিক অধিকার দেওয়া প্রায় পাঁচ দশকের একটি পুরোনো আদেশ বাতিল করে শুক্রবার রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট ৬-৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ রায় দেন। জাতীয় আইনটি বাতিল করে আদেশে বলা হয়েছে, এখন অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাতের অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারবে।

আরও পড়ুন

এই রায়ের ফলে রিপাবলিকান অধ্যুষিত রাজ্যগুলোতে গর্ভপাত নিষিদ্ধ কিংবা বিধিনিষেধ আরোপ করে ইতিমধ্যে পাস হওয়া আইনগুলো (ট্রিগার ল) কার্যকর হয়।

গর্ভপাত অধিকার আইনটি বাতিল হওয়া কয়েক দশক ধরে চলে আসা রক্ষণশীল আন্দোলনের বড় বিজয় হিসেবেই বিবেচিত হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের আদেশের পর থেকে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একই সঙ্গে শুরু হয় আইন লড়াইও।