সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে হৃদয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকায় পড়তে আসা কয়েকজন সমমনা বন্ধুর গড়ে তোলা একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘হৃদয়ে বাংলাদেশ’। আর্থিক অসচ্ছলতার কারণে পড়তে না পারা বা সুবিধাবঞ্চিত বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা করার লক্ষ্যে ২০০৬ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার পরের বছর ক্যালিফোর্নিয়ায় এই সংগঠনের নিবন্ধন করা হয়। পরে আয়কর প্রতিষ্ঠান থেকে কর মওকুফের জন্য আবেদন করে সব অনুদানের ওপর কর মওকুফ গৃহীত হয়।
‘হৃদয়ে বাংলাদেশ’ দেশের সব অঞ্চলের ছাত্রছাত্রীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পর্যায়ে বৃত্তি দিয়ে থাকে। প্রতিবছর প্রায় ২০০ জনের মতো ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি এখন একটা প্রতিবন্ধী বিদ্যালয় ও ঢাকার মিরপুর দুয়ারীপাড়ায় একটা বস্তির স্কুলে আর্থিক অনুদান দিয়ে থাকে।
হৃদয়ে বাংলাদেশের সব সদস্যই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। আমাদের আর্থিক সংগ্রহ, দেশে টাকা পাঠানো, সব শিক্ষার্থীর কাছে টাকা পৌঁছাতে এই প্রতিষ্ঠান সর্বোত্তম চেষ্টা করে যেন খুব কম খরচে টাকাটা দেওয়া যায়, আর সব থেকে বেশিসংখ্যক শিক্ষার্থী সুবিধা পেতে পারে।
দেশজুড়ে হৃদয়ে বাংলাদেশের অনেক স্থানীয় স্বেচ্ছাসেবক রয়েছেন। তাঁরা নিজ নিজ এলাকায় আর্থিকভাবে বাধাপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের খুঁজে ঢাকার স্বেচ্ছাসেবক দলের কাছে পাঠান। পরে ঢাকা ও আমেরিকার কর্মীরা মিলে কোনো নির্দিষ্ট ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার সুপারিশ করেন। এরপর সেই ছাত্রছাত্রীকে বৃত্তির জন্য চূড়ান্ত করা হয় এবং মাসে মাসে নির্ধারিত হারে বৃত্তির টাকা পৌঁছানো হয়। প্রতিষ্ঠানের স্থানীয় কর্মীরা সময়ে
সময়ে বৃত্তিধারী ছাত্রছাত্রীদের পড়াশোনার খবর সংগ্রহ করে পাঠায়। আবার মাঝে মাঝে ছাত্রছাত্রীদের কাছে তাদের স্কুল-কলেজের বিভিন্ন পরীক্ষার ফলাফল চাওয়া হয়। এসব ফলাফলের ওপর ভিত্তি করে তাদের বৃত্তি বহাল থাকে অথবা অনেক সময় বন্ধ করা হয়। সংগঠনটির সার্বিক লক্ষ্য থাকে যেন তাদের বৃত্তি নিয়ে ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে, ভালো ফল করে তাদের জীবনে একটা সুন্দর স্থানে পৌঁছাতে পারে। শুধু টাকার অভাবে তাদের পড়ালেখা যেন থেমে না যায়।
সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার পথ যেন বন্ধ হয়ে না যায়, সেই লক্ষ্যে সব সময় কাজ করে হৃদয়ে বাংলাদেশ। সময়ের পরিক্রমায় এখন অনেক ছাত্রছাত্রী সরাসরি সংগঠনটির ওয়েবসাইট থেকে বৃত্তির জন্য আবেদন করতে পারে। এরপর সংগঠনের কর্মীরা আবেদনটি পরীক্ষা-নিরীক্ষার পর সরাসরি ছাত্রছাত্রীদের ফোনে বা দেখা করে একটা সাক্ষাৎকার নেন, সঙ্গে তার রেফারেল ব্যক্তিদের সঙ্গে কথা বলে চূড়ান্ত করা হয়।
কর্মকর্তারা বলেন, হৃদয়ে বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে তাদের অগণিত দাতাদের বদৌলতে। পৃথিবীর সব প্রান্ত থেকে অসংখ্য বন্ধুবান্ধব, সহকর্মী, জানা-অজানা অনেক ব্যক্তি এগিয়ে এসেছেন, নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন। সেই অর্থেই তাদের সংস্থা সামনে এগিয়ে আজ এখানে পৌঁছেছে। তাদের সংগঠনের বৃত্তি নিয়ে কেউ চিকিৎসক হয়েছেন, কেউ প্রকৌশলী হয়েছেন, কেউবা হয়েছেন কলেজের শিক্ষক। বর্তমানে তাদের দুই শর বেশি নিয়মিত দাতা আছেন, আবার অনেকে এককালীন একটা অর্থ সাহায্য করে থাকেন। অনেকে আবার একজন নির্দিষ্ট ছাত্রছাত্রীকে দুই-চার বছরের বৃত্তির জন্য মাসিক হারে অর্থ সাহায্য করে থাকেন।
হৃদয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে কেউ সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্নকে বাস্তবে পৌঁছে দিতে পারেন। একটা অপরিণত ছেলেকে যেন সময়ের আগেই অর্থাভাবে কর্মক্ষেত্রে না যেতে হয় বা একটা মেয়েকে বিয়ের পিঁড়িতে না বসতে হয়, তাই হৃদয়ে বাংলাদেশ তাদের চলার পথের সঙ্গী হয়। তাদের ভাগ্য নিজেদেরই গড়ে নিতে হবে, শুধু হৃদয়ে বাংলাদেশ তাদের হার না মানতে অনুপ্রেরণা জোগায়। তাদের সামনে এগিয়ে যেতে স্বপ্ন দেখায়।