সুবীর কাস্মীর পেরেরার কবিতা
মূল্যবোধ
নির্বোধের জংলাধারে শুকনো খড়কুটো
হৃদয়ে জমে থাকা গতিহীন স্বপ্নগুলো
তপ্ত বালু-নদে বাঁধে বাসা,
ভস্মভোগী অনাহারীর মতো!
পেছনে ফেলে আসা স্মৃতির বাসরে
আলপনা এঁকে যায় মেধাহীন রং তুলি,
আজন্ম আমি করি পান,
জমে থাকা নর্দমার জল।
মূল্যবোধের অমূল্য বাঁধনে
উই পোকাদের আগমন
বাসা বাঁধে মানব মননে।
ধূসর বনে সবুজের অবগাহন
জন্মের প্রথম প্রহর রেখেছে আমায় জন্মান্ধ করে;
মাটি থেকে ভালোবাসার গলিত লাভা
ঘাসের শিশির সিক্ত অবগাহন
মন মন্দিরে বেড়ে ওঠা বাংলা বর্ণের পঙ্ক্তিমালা
আমি দেখেছি বিশ্ব জয়ের স্বপ্ন কাব্য।
আমার ধূসর পৃথিবীতে অচেনা মাটির তেতো স্বাদ
শ্বেত পাথরের গায়ে অজানা পরশ
মৃতপ্রায় বৃক্ষরাজি, নেই কোকিলের কুঞ্জন
দিগ্ভ্রান্ত মানুষের ছুটে চলা
গন্তব্যহীন পথিকের মিথ্যা মরীচিকা
প্রাণহীন বৃদ্ধাশ্রমের টাকা-অঙ্কের খেলা
আমাদের ভাবতে শেখায়।
আমি নিজেকে দেখি, আমি পেছনে দেখি
আমি হৃদয়ে দেখি, দেখি এক টুকরো ভালোবাসা
দেখি পারিবারিক বন্ধন, দেখি আমার বাংলা।
আমাদের ভালোবাসায় সিক্ত হয় অচেনা মানুষ
পত্রহীন বৃক্ষ শাখায় অঙ্কুরিত আশার নিশানা
ওরা দেখে, ওরা শিখে। ওদের ধূসর বনে
আজ সবুজের অবগাহন।
যদি চাও তো চলে এসো
যদি কখনো মনে করো
এই বারান্দার রোদ্দুর তোমাকে
এক ফোটা ভোরের আলোর উষ্ণতা
রোমাঞ্চিত করেছিল,
আবার চলে এসো তুমি
শারদের নীল আকাশের ভেলায় চড়ে।
বাগানের শেফালি ফুলের
এক ফোটা রেণুর পরশ যদি পেয়ে থাক;
কোনো কামুকতা নয়,
এক চিলতে ভালোবাসার টানে-
তুমি চলে এসো।
কবিতাকে যদি ভালোবেসে থাকো;
কবিতা কাব্যাকাশে হাজার শব্দরাশি থেকে
নিয়ে এসো এক পঙ্ক্তির পুষ্পমালা,
এখানেই সুরের ঝংকারে মুখরিত করব
না বলা কথার,
অসমাপ্ত কবিতা।