সুযোগ পেলেই টিকা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস খন্দকার,জিন্নুরাইন জায়গীরদার,শামুসদ্দীন আলমগীর ,জামিল উদ্দিন

করোনাভাইরাস মহামারিতে বিশ্ব যখন লন্ডভন্ড অবস্থা, তখন বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে আশার আলো হয়ে এসেছে করোনার টিকা। টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে সবারই প্রত্যাশা, করোনাকে পরাজিত করে জয় হবে মানবসভ্যতার। একদিকে করোনার তাণ্ডব, অন্যদিকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও কার্যকারিতা নিয়ে জনমনে উদ্বেগ। এমনকি বিভিন্ন দেশে জরুরিভিত্তিতে টিকার অনুমোদন ও প্রয়োগের পর অনেককেই টিকা নিতে সংকোচ প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশিরাও ইতিমধ্যে টিকা নিয়েছেন। টিকা গ্রহণের পর নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশি মার্কিন কয়েকজন চিকিৎসক। টিকা নিয়ে তাঁরা খোলামেলা আলোচনা করেন।

ফেরদৌস খন্দকার

বাংলাদেশি মার্কিন এই চিকিৎসক বলেন, ৭ জানুয়ারি আমি ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করি। টিকা গ্রহণের পর প্রায় তিন দিন জ্বর ছিল, সঙ্গে শরীর ব্যথা, মাথা ধরা এবং নাকে গন্ধ না থাকার মতো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়। উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যাদের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে, টিকা গ্রহণের পর তাদের ক্ষেত্রে অন্যান্যের চেয়ে পার্শ্বপ্রতিক্রিয়া সামান্য বেশি দেখা যায়। কিন্তু এসব পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত অন্যান্য টিকা নেওয়ার পরও হয়ে থাকে, তাই এ নিয়ে উদ্বেগ প্রকাশ ও গুজব ছড়ানোর কিছু নেই।

ফেরদৌস বলেন, কেউ সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে থাকলে সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার জন্য ১৪ দিন অপেক্ষা করা উচিত। যুক্তরাষ্ট্রে সম্মুখসারির অনেক কর্মী করোনার টিকা নিতে অপারগতা প্রকাশ করার কারণ সম্পর্কে তিনি বলেন, এত তাড়াতাড়ি টিকা বাজারে আসায় অনেকেই এর ওপর আস্থা রাখতে পারেনি। অনেকেই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া ও কার্যকারিতা সম্পর্কে জানার অপেক্ষায় আছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিজস্ব প্রাইমারি ডাক্তারের সঙ্গে টিকার ব্যাপারে যোগাযোগ রাখার পরামর্শ দেন এই চিকিৎসক। যখনই টিকা গ্রহণের সুযোগ আসবে, তখনই টিকা নিতে সবাইকে অনুরোধ জানান।

জিন্নুরাইন জায়গীরদার

চিকিৎসক জিন্নুরাইন বলেন, যুক্তরাজ্যে সৃষ্ট করোনাভাইরাসের নতুন প্রজাতি যুক্তরাষ্ট্রে এখনো তেমন হানা না দিলেও বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বি.১.১.৭ নামে পরিচিত করোনাভাইরাসের নতুন এই প্রজাতি আগের তুলনায় অনেক বেশি সংক্রমণশীল। নতুন এই প্রজাতি আরও মারাত্মক রোগের কারণ না হলেও আবিষ্কৃত করোনার টিকা নতুন এই প্রজাতির ক্ষেত্রে কতটুকু কার্যকর, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

আয়ারল্যান্ডের কনোলি হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার প্রথম আলোকে বলেন, বিজ্ঞানীরা পরীক্ষা করে আশ্বস্ত করেছেন আবিষ্কৃত টিকা নতুন এই প্রজাতির ক্ষেত্রেও সমানভাবে কার্যকর। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি আরও বলেন, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে সাধারণত আরও দ্রুত মিউটেশন ঘটে থাকে। কিন্তু এ পর্যন্ত করোনাভাইরাসের গঠন অর্থাৎ জিনোমে খুব বেশি পরিবর্তন না হওয়ায় টিকার কার্যকারিতার ওপর খুব বেশি প্রভাব পড়বে না।

টিকা নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে এই চিকিৎসক বলেন, ‘আমি ৭ জানুয়ারি ফাইজারের টিকা গ্রহণ করেছি। টিকা নেওয়ার স্থানে সামান্য ব্যথা ছাড়া আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি সবাইকে অনুরোধ করব, যখন সুযোগ আসবে তখন টিকা নেওয়ার জন্য।’

শামুসদ্দীন আলমগীর

ডা. শামসুদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা অনুমোদন দেওয়ার পর ১৮ ডিসেম্বর আমি টিকার প্রথম ডোজ এবং ৮ জানুয়ারি দ্বিতীয় ডোজ গ্রহণ করি। অন্যান্যদের ক্ষেত্রে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা শুনলেও টিকা গ্রহণের পর আমার কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়নি। সামান্য শরীর ব্যথা হয়ে থাকে, যা সাধারণত অন্যান্য যেকোনো ধরনের টিকা নেওয়ার পরও অনুভূত হয়।

টিকা গ্রহণের পর অ্যালার্জিজনিত কোনো সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে শামসুদ্দীন বলেন, যাদের আগে থেকেই বিশেষ কোনো খাদ্যের প্রতি অ্যালার্জি কিংবা কোনো ওষুধে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে অল্পবিস্তর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই টিকা নেওয়ার আগে অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকলে তা জানানো ভালো। কেউ যদি একবার করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়, তাহলে তার আর টিকা নেওয়ার প্রয়োজন আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, একবার করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যাওয়ার ফলে যারা মনে করছেন আর টিকা নেওয়ার দরকার নেই, তাদের প্রতি আমার অনুরোধ, সবাই যাতে টিকা গ্রহণ করেন। কারণ চিকেন পক্সের মতো করোনার অ্যান্টিবডি সারা জীবনের জন্য সৃষ্টি হয় না। করোনায় আক্রান্ত হওয়া এবং এতে মৃত্যুর ঝুঁকি নেওয়ার চেয়ে করোনার টিকা নেওয়ার পর শরীর ব্যথা, অবসাদগ্রস্ত অনুভব করা, হালকা মাথা ধরার মতো মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করে করোনার সংক্রমণ প্রতিরোধ করা আরও বুদ্ধিমানের কাজ।

এই চিকিৎসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে করোনার টিকা সম্পর্কিত বৈজ্ঞানিক ভিত্তিহীন কোনো ভিডিও, সংবাদ থেকে ভুল তথ্য জেনে ভুলভ্রান্তি ও উদ্ভট গুজব না ছাড়িয়ে সবার উচিত সঠিক তথ্য জানা ও টিকা নেওয়া।

জামিল উদ্দিন

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মার্কিন এই চিকিৎসক বলেন, ‘১৬ ডিসেম্বর আমি প্রথম ধাপে ফাইজারের টিকা গ্রহণ করি। টিকা গ্রহণের পর শরীরজুড়ে মৃদু ব্যথা অনুভূত হচ্ছিল, বিশেষ করে কাঁধে। রাতে ব্যথানাশক ওষুধ টায়নল সেবনের পর পরদিন সকাল থেকে ব্যথা ধীরে ধীরে কমে যায়। সাধারণ ফ্লু–এর টিকা নেওয়ার পর যেরকম হালকা ব্যথা হয়, করোনার টিকা নেওয়ার পর সে তুলনায় একটু বেশি ব্যথা অনুভূত হয়েছিল।’

জামিল বলেন, ‘৮ জানুয়ারি আমি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করি। দ্বিতীয়বার আমার তেমন ব্যথা অনুভূত হয়নি। ব্যথা ছাড়া আমার অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আমি অপেক্ষায় আছি, কখন আমার পরিবারের সবার টিকা গ্রহণের সুযোগ হবে। সবার উচিত যখনই টিকা গ্রহণের সুযোগ আসবে, কোনো ভ্রুক্ষেপ না করে টিকা গ্রহণ করা।’