সুস্থ্য হলেও কাটছে না করোনার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবরস্থানে গেলেই চোখে পড়ে সারি সারি নতুন কবর।  ছবি: প্রথম আলো
কবরস্থানে গেলেই চোখে পড়ে সারি সারি নতুন কবর। ছবি: প্রথম আলো

অদৃশ্য শত্রু করোনাভাইরাস। কষ্টের অনুভূতি নিয়েই যেতে হয় হাসপাতালে। অনেককে ফিরতে হয় লাশ হয়ে। যারা সুস্থ হয়ে ফিরছেন, তারাও আছেন অজানা আতঙ্কে। আবার না জানি ভাইরাস ফিরে আসে তার দেহে! করোনাভাইরাস এখন প্রায় প্রতিটি ঘরে বাসা বেঁধে আছে। ভয়ে-আতঙ্কে ঘরে ঘরে কান্নার রোল। ফিউনারেল হোমগুলোতে শত শত লাশের সারি।

ব্রুকলিনে ম্যাকডোনাল্ডে বসবাসরত বাংলাদেশি আমেরিকান আবুল বশরের তিন ছেলেমেয়ে। ১০ এপ্রিল আক্রান্ত হন বড় ছেলে ইয়াসিন। পরদিন থেকে তার মা ও দুই বোন করোনায় আক্রান্ত হন। ভয়ে তাঁরা হাসপাতালে যাননি। প্রাইমারি ডাক্তারের সঙ্গে কথা বলেন। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন ডাক্তার। আত্মীয়স্বজনেরা যখন তাদের খোঁজখবর নিতে ফোন করেন, তারা তখন হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রতি রাতেই আবুল বশর কেঁদে কেঁদে প্রার্থনা করতে থাকেন ভাইরাস থেকে মুক্তির জন্য।

জ্যামাইকার এন আনোয়ার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পাঁচ দিন পর তাঁর মরদেহ দাফন করা হয়। তাদের ঘরে রয়েছেন এখন সাত সদস্য। বাবার মৃত্যুতে সন্তানেরা প্রতিনিয়ত আহাজারি করছেন। অন্যদিকে আতঙ্কে আছেন পরিবারে অন্যান্য সদস্য। না জানি কবে তারা আক্রান্ত হন এই ভয়ে।

ছেলে আতিকুল বলেন, ‘বাবাকে হারিয়ে আমরা গভীর শোকে মুহ্যমান। আবার ঘরের অন্য কেউ আক্রান্ত হয়ে যাই কিনা, এই ভয়ে সৃষ্টিকর্তার কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করি, যাতে তিনি আমাদের ক্ষমা করেন।’

লং আইল্যান্ডের আশরাফ আলীর বড় মেয়ে ছাড়া পরিবারের চার সদস্যের সবাই করোনায় আক্রান্ত। তাদের সবার চিকিৎসা চলছে হাসপাতালে। বড় মেয়ে সাবিহা জানান, আমাদের আত্মীয়স্বজনদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাই ভয়ের মধ্যে আছেন। কখন যে দুঃসংবাদ শুনতে হয়। আমার চাচির ঘরে দুজন অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের পরিবারের সঙ্গে কথা বললেই চাচি কাঁদতে থাকেন।

ব্রঙ্কসের জমির উদ্দিন তাঁর নিকট আত্মীয়ের লাশ দাফন করতে ওয়াশিংটন মেমোরিয়ালে যান গত ১৩ এপ্রিল। সেখানে দেখতে পান শতাধিক নতুন কবর। জমির উদ্দিন জানান, লাশ দাফন করতে আসা নিকট আত্মীয়রা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। এবং লাশ দাফনের পর হাত তুলে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছেন মহামারি থেকে সবাইকে রক্ষার জন্য।

আমেরিকায় করোনাভাইরাস মহামারিতে এ পর্যন্ত প্রায় ৩১ হাজার মানুষ মারা গেছেন। এর মধ্যে ১৩৯ জনের মতো বাংলাদেশিও মারা গেছেন প্রাণঘাতী এই মহামারিতে।