সেই কলম্বাস এখন আমেরিকায় বিতর্কিত

আমেরিকার আবিষ্কারক হিসেবে দিন দিন বিতর্কিত হয়ে পড়ছেন কলম্বাস। বিতর্কের ধাক্কায় কলম্বাস দিবসের স্থান দখল করে নিচ্ছে আদিবাসী দিবস।
কলম্বাস যে কোনো নতুন বিশ্ব আবিষ্কার করেননি, তা সহজেই বোধগম্য। তাঁর আগমনের বহু আগে থেকেই আমেরিকাতে স্থানীয় বাসিন্দা ও তাদের সভ্যতা-সংস্কৃতি বিদ্যমান ছিল। তাই নতুন বাস্তবতায় আমেরিকার জনক হিসেবে কলম্বাস দিবস পালনের যৌক্তিকতা ও গ্রহণযোগ্য দিন দিন ম্লান হয়ে যাচ্ছে।
অন্যদিকে কলম্বাস এখন আমেরিকায় ইউরোপীয় উপনিবেশবাদের হোতা এবং স্থানীয় আদিবাসীদের হত্যার অগ্রদূত হিসেবে নিন্দা ও ধিক্কারের শিকার। তাঁকে গণহত্যার জন্য দায়ী করে আমেরিকার বিভিন্ন শহর-নগর এমনকি রাজ্য কলম্বাস দিবস বর্জন করে আদিবাসী দিবস পালনের ধারা চালু করছে।
ইতালীয় নাগরিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের তৎকালীন রানির অর্থানুকূল্যে ১৪৯২ সালের ১২ অক্টোবর আমেরিকা ভূখণ্ডে অবতরণ করেন। আমেরিকা আবিষ্কারের জন্য তাঁর প্রতি সম্মান ও স্বীকৃতি হিসেবে ইতালি বংশোদ্ভূত আমেরিকানদের উদ্যোগে ১৮৬৯ সালে সানফ্র্যান্সিস্কো নগরে কলম্বাস দিবস পালন শুরু হয়। ১৯৩৭ সাল থেকে আমেরিকায় সরকারিভাবে ‘কলম্বাস দিবস’ পালিত হচ্ছে। এ দিন সরকারি ছুটি। আর ১৯৭১ সাল থেকে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের সোমবার এ দিবস পালনের ধারা চালু করা হয়।
কিন্তু সময়ের ব্যবধানে কলম্বাসের প্রতি আমেরিকানদের আগ্রহ, এমনকি শ্রদ্ধাবোধে চিড় ধরছে। হারিয়ে যাচ্ছে কলম্বাস দিবস পালনের সংস্কৃতি ও উৎসব। কলম্বাস দিবসের জায়গা দখল করছে আদিবাসী দিবস। আমেরিকার বিভিন্ন শহর-নগর এমনকি অঙ্গরাজ্য ইতিমধ্যেই এই সংস্কৃতি শুরু করেছে। কলম্বাসকে উপনিবেশবাদের হোতা এবং আদিবাসী ও তাদের ইতিহাস-সংস্কৃতি-সভ্যতা নির্মূলের আসামি বিশেষ মনে করা হচ্ছে।
বিস্ময়ের ব্যাপার যে সানফ্র্যান্সিস্কো নগরে কলম্বাস দিবস পালন শুরু হয় সে নগরই কলম্বাস দিবস পরিহার করে আদিবাসী দিবস পালন করছে। এর সঙ্গে সুর মিলিয়েছে অস্টিন (টেক্সাস), সিয়াটল, ডেনভার। এমনকি বড় নগর লস অ্যাঞ্জেলেসও একই পথে হাঁটার দিকে ঝুঁকছে।
কলম্বাসবিরোধী ঢেউ লেগেছে নিউইয়র্কেও। সেপ্টেম্বরে সেন্ট্রাল পার্কে ১২৫ বছর আগে স্থাপিত কলম্বাসের ভাস্কর্য লাল রং (রক্তের প্রতিকৃতি) দিয়ে বিকৃত হয়। দাবি উঠেছে এই ভাস্কর্য সরিয়ে নেওয়ার। মেয়র বিল ডি ব্ল্যাজিও কলম্বাস ভাস্কর্যের ভাগ্য, তথা সেন্ট্রাল পার্ক থেকে এটি সরিয়ে অন্যত্র নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছেন।
আলাস্কায় বর্তমানে বসবাসকারী বিপুলসংখ্যক আদিবাসী বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করছেন। ৩ অক্টোবর সল্টলেক সিটি দাপ্তরিকভাবে আদিবাসী দিবস পালনের ঘোষণা দিয়েছে। তবে একই সঙ্গে তাঁরা কলম্বাস দিবসও পালন করবে বলে জানিয়েছে।