সেই তো ছিল ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন মাত্র এ দেশে, মানে নিউইয়র্কে এসেছি। আসার পরের বছর ছেলে কোলে এল। ওকে নিয়ে তখন ব্যস্ত সময় কাটে আমার। সারা দিন বাসায় থাকি। জ্যান্ত পুতুলটাকে নিয়ে খেলি, কখনো কখনো তাকে সামলাতে গিয়ে হিমশিম খাই। নিজের জন্য কোনো সময় নেই আমার। সে ঘুমালে রান্না-বান্না আর টিভি দেখা সমানতালে চলে, সেই সঙ্গে চলে ঘর গোছানো। অবশ্য দুজন মাত্র মানুষের সংসার তেমন একটা অগোছালো হওয়ার সুযোগ কমই ছিল, যত দিন না পিচ্চু আরেকটু বড় হলো, আর তার খেলনা বাড়তে লাগল। তিনি একটু বড় হওয়ার পর ঘরের কাজ ও রান্না-বান্না হতো তার বাবা কাজ থেকে ফিরলে। দিনে সময় হতো না। কারণ তত দিনে তিনি বুঝে গিয়েছিলেন, দিনের বেলা ঘুমানো মানে হলো সময়ের অপচয়। তীর্থের কাকের মতো উন্মুখ হয়ে তখন উইকএন্ডের জন্য অপেক্ষা করে থাকতাম। উইকএন্ড এলে বাইরে যাওয়া হবে সেটা ভেবে। মাঝেমধ্যেই মৃদু অনুযোগ করতাম, ‘উফ ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না’, বলে। ভাবতাম সন্ধ্যার দিকে কোনো পার্ট টাইম কাজ অথবা ভলান্টিয়ারিং করব কিনা, যখন সে ঘরে ফিরবে। কর্তা তখন বলত, ‘এনজয় করো… এনজয় করো এই দিনগুলো। পরে যখন কাজ শুরু করবে, তখন বলবে সেই তো ছিল ভালো।’ আমি কিছু বলতাম না। মনে মনে ভাবতাম, আসলে সে কি করে বুঝবে মাঝেমধ্যে কেমন একঘেয়ে লাগে।

তারপর ছেলে স্কুল শুরু করলে আমিও কাজ শুরু করলাম, তবে পার্টটাইম। শুধু ততক্ষণ, যতক্ষণ ও স্কুলে থাকে। তারপর সে আরেকটু বড় হলে আমিও ফুলটাইম কাজ শুরু করলাম। সেই থেকে শুধু ছুটে চলা আর ছুটে চলা। এমনই ছুটে চলা যে, একটু বিশ্রাম নেওয়ার সময়টাও যেন আর পাচ্ছি না। উইকেন্ডগুলোতে বেড়ানো, দাওয়াত রক্ষা, কেনাকাটা/বাজার করা ও সপ্তাহের রান্না করা, বিশ্রামের সময় কোথায়! নির্ধারিত পাওনা ছুটিগুলো নিলেও বাইরে কোথাও ঘুরতে যাওয়া হতো। তাই প্রায়ই ভাবতাম, শুধু ঘরে থাকার জন্য কদিন ছুটি নিতে হবে; একটু বিশ্রাম দরকার। কোথাও যাব না, স্রেফ ঘরে শুয়ে-বসে দিনগুলো পার করে দেব। প্রায় দিনই সকালে কাজে যাওয়ার সময় ভাবতাম—ইস আজ যদি বাসায় থাকতাম, তাহলে এটা করতাম, ওটা করতাম; বাসার যাবতীয় পেন্ডিং কাজগুলোর কথা মনে পড়ত তখন। অথচ উইকেন্ড এলে ওসব কাজের কথা ভুলেও আর মনে পড়ত না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন রাজনৈতিক কারণে ভার্সিটি প্রায়ই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেত। খুব আরাম করে সেই দিনগুলো উপভোগ করতাম। গল্পের বই সাথি হয়ে যেত। সেই সঙ্গে গান-বাজনা, সেলাই-ফোড়াই, এটা-সেটা বানানো, বেড়ানো তো ছিলই। অবশ্য ক্লাসের পড়াও করতে হতো। সেসব দিনের কথা মনে করে ভাবতাম—আহা এ রকম ছুটি আর কি কখনো পাব? হয়তো রিটায়ারমেন্টের পর এমন দিন আসবে! এই ছুটে চলার দিনগুলোতে কর্তার কথাটি প্রায়ই মনে পড়ত, ‘সেই তো ছিল ভালো।’ সত্যিই তখন ভাবতাম, ‘সেই দিনগুলোই ছিল ভালো।’ এভাবেই চলে যাচ্ছিল এতগুলো বছর। মাত্র তিন সপ্তাহ আগেও এমনই ছিল।

তিন সপ্তাহ আগে অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো! যখন ঘোষণাটি পেলাম অনির্ধারিত সময়ের জন্য আমাদের কাজ বন্ধ থাকবে, তখন তাৎক্ষণিকভাবে খুশিই হয়েছিলাম। আহা, এই ছুটিতে কত কিছু করা যাবে। তবে বাস্তবতা দেখিয়ে দিল অন্য কিছু। এখন অফুরন্ত অবসর। শুয়ে, বসে, ঘরের কাজ করে, না করে, অনলাইনে ওয়েবিনার/ট্রেনিং, অফিসের কাজ করে, রান্না-বান্না শেষ করেও হাতে অনেক সময় থেকে যায়। শুধু যে কাজগুলো আর করতে পারছি না এখন, তা হলো—আমার প্রিয় একটি কাজ, গান শোনা। আমার সারা জীবনের অভ্যাস, গান শুনতে শুনতে ঘরের কাজ করা, আর সেই সঙ্গে গলা মেলানো। নাহ, কিছুতেই আর তা করতে পারি না এখন। মন বসে না। বই নিয়ে বসেছিলাম। দেখলাম মনোযোগ দিতে পারছি না। কদিন আগে বেশ আগ্রহের সঙ্গে আমার আরেকটি প্রিয় কাজ ক্র্যাফটস নিয়ে বসেছিলাম। কয়েকটা জুয়েলারি বানিয়েছি অনেক কষ্ট করে, সময় নিয়ে। বিছানার ওপর সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। কিন্তু বসতে ইচ্ছা করে না। বাগান করা? সেলাই? উঁহু নাহ, উৎসাহ পাচ্ছি না। রুটিনমাফিক যে কাজগুলো রয়েছে, তা-ই করে যাচ্ছি। খুব অবাক হয়ে যাচ্ছি, এত সময় পেয়েও কেন সেই পেন্ডিং কাজগুলো করতে পারছি না।

মাথার পেছনে শুধু একটিই চিন্তা কাজ করে, ‘বাঁচব তো?’ নাহ, মৃত্যুকে যে ভয় পেয়ে এসব ভাবি, তা নয়। মৃত্যু তো চিরন্তন সত্য এবং তা যেকোনো সময়েই চলে আসবে। কিন্তু এভাবে? সারা দুনিয়ার মানুষ আজ আতঙ্কিত। প্রতিদিনই দেখছি বিভিন্ন দেশে কীভাবে মানুষের মৃত্যু হচ্ছে। নিউইয়র্কের কথা সবাই জানে। চরম বিপদের মধ্যে এসে পড়েছে বিশ্বের রাজধানী খ্যাত এই নিউইয়র্ক শহর। কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে সামাল দিতে। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। পরিচিত, অপরিচিত মানুষের মৃত্যু সংবাদ। এসব দেখেশুনে ভাবছি, যেকোনো সময় তো নিজেও ধরা খেয়ে যেতে পারি। প্রতিটা নিশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওপরওয়ালাকে ধন্যবাদ জানাই। ভাবি, আবার কি আগের মতো সব হবে? আবার কি সবার সঙ্গে দেখা হবে? আতঙ্ক কাজ করে। দেশে-বিদেশে আমার ভাই-বোন, আত্মীয়-বন্ধুরা রয়েছে। তাদের সঙ্গে আর দেখা না হওয়ার আতঙ্ক মেনে নিতে কষ্ট হচ্ছে, খুউব! ছোট ভাইটা দশ মিনিটের ড্রাইভিং দূরত্বে থাকে, ওর সঙ্গেও দেখা হবে না? আর বাচ্চাটার কথা যখন মনে হয়, মাথাটা ঘুরে ওঠে। ও যেন সুস্থ থাকে আল্লাহর রহমতে। প্রতিদিন আল্লাহকে বলি, আমার নিজের পরিবার, আমার ভাই-বোন, শ্বশুরবাড়ির সবাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, চেনা-অচেনা, সর্বোপরি দুনিয়ার সব জায়গায়, সবাইকে মাফ করে দিন। আমাদের বিপদমুক্ত করুন হে আল্লাহ!

নাহ, আমি তো এমন ছুটি চাইনি! এভাবে বন্দীদশা চাই না! আমার সেই পরম আকাঙ্ক্ষিত ছুটি আমি কিছুতেই আর উপভোগ করতে পারছি না। বারবার মনে হচ্ছে সেই ছুটে চলার দিনগুলোই তো ছিল ভালো।