সেই বিশ্ববিদ্যালয়েই স্নাতক

সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসের লন্ড্রি রুমে হঠাৎ শিশুর কান্না। প্রথম শুনলেন প্যাট্রিক কগলান নামের এক ছাত্র। এগিয়ে দেখলেন, আবর্জনার বাক্সে সদ্যোজাত একটা মেয়ে। দেখভাল না করলে ওকে বাঁচানো কঠিন হবে। ডেকে আনলেন এস্টার রেইজার নামের আরেক শিক্ষার্থীকে। তাৎক্ষণিক পরিচর্যা শুরু করে তাঁরা জরুরি বিভাগে খবর দিলেন। এ ঘটনা ১৯৮৪ সালের নভেম্বরের।
সেই শিশু এখন ৩১ বছরের তরুণী। নাম জিলিয়ান সোবল। তাঁকে দত্তক নিয়েছিলেন স্যাম ও হেলেন সোবল নামের যুগল। যে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে জন্ম ও জীবনের শুরু, সেখান থেকেই সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছেন জিলিয়ান। লালন-পালনকারী মা-বাবা সম্পর্কে তিনি বলেন, ‘যতবার আমি তাঁদের দেখি, কান্না থামাতে পারি না। কারণ তাঁরাই আমার জীবনের সব।’
জিলিয়ানের জীবনের এ ঘটনা প্রথমে প্রকাশিত হয় সান ফ্রান্সিসকো ক্রনিকল পত্রিকায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ব্যাপারটা জানত না। পরে একসময় নিজের জীবনকাহিনি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে একটি চিঠি লেখেন জিলিয়ান। প্যাট্রিক এখন আর বেঁচে নেই।
এস্টার রেইজার বলেন, মুমূর্ষু শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন নার্সিংয়ের শিক্ষার্থীরা। তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে শরীরে প্যাঁচানো ভেজা ময়লা তোয়ালে খুলে নেওয়া হয়। তখন শরীরটা তার রক্তশূন্য নীলাভ হয়ে গিয়েছিল। হাসপাতালে পাঠানোর পর সেখান থেকেই শিশুটিকে দত্তক নেন সোবল দম্পতি।
জিলিয়ান বলেন, নিজের জন্মকাহিনি তিনি কৈশোরে প্রথম জেনেছেন। তারপরই এস্টারকে খুঁজে বের করেন। প্রথমে তাঁকে একটি চিঠি লেখেন এই বলে, ‘আমরা কখনো পরস্পরকে দেখিনি, কিন্তু আপনি আমার জীবনের একটি বড় অংশ। আশা করছি কোনো একদিন আমাদের দেখা হবে।’
নিরাশ করেননি এস্টার। চিঠির জবাব দিয়েছিলেন জিলিয়ানকে। পরে তাঁদের দেখা হয়। জন্মদাতার দেখাও পেয়েছেন। অপেক্ষা এখন গর্ভধারিণীকে খুঁজে পাওয়ার। আর এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। তাঁর ভাষ্য, ‘জীবনে সব সময়ই উত্থান-পতন আছে। আমি ভালোবাসা এবং আনন্দ ছাড়া এখন আর কিছুই অনুভব করছি না। ’