সেই সময়ের শিশুরা হৃদ্রোগের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক নগরের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালানো হয়। সেই হামলার ভয়াবহতা এখন স্মৃতি। কিন্তু সে সময়ের শিশু অর্থাৎ বর্তমান যুবসমাজের জন্য ওই হামলা শুধু স্মৃতির বিষয় নয়। তাদের শরীর এখনো সেই হামলার প্রভাবমুক্ত নয়। এসব ব্যক্তির হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে বলে সম্প্রতি এক গবেষণায় জানানো হয়েছে।
টুইন টাওয়ার হামলার সময় যারা শিশু ছিল তারা এখন যুবায় পরিণত হয়েছে। এ ধরনের ৩০০ জন ব্যক্তির ওপর সম্প্রতি একটি গবেষণা চালায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এতে দেখা যায়, টুইন টাওয়ার হামলা পরবর্তী প্রভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সে সময়ের শিশুরা, যারা এখন তরুণ যুবায় পরিণত হয়েছে। এ যুব সম্প্রদায়ের একটি বড় অংশেরই রয়েছে হৃদ্‌রোগের ঝুঁকি, যা বিধ্বস্ত টুইন টাওয়ার থেকে সৃষ্ট ধুলাবালি ও ধোঁয়ার কারণে সৃষ্ট। ৭ সেপ্টেম্বর এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে।
গবেষণায় ৩০০ জনের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জনের রক্তের নমুনায় ধুলাবালি থেকে সৃষ্ট এক ধরনের রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে। ৯/১১ হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ার থেকে সৃষ্ট ধুলাবালি ও ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় এমনটা হয়েছে বলে মনে করছেন গবেষকেরা। একই সঙ্গে তাদের ধমনিতে পাওয়া গেছে চর্বির অস্তিত্ব, যা হৃদ্‌রোগের ঝুঁকি সৃষ্টি করেছে।
গবেষক দলের সদস্য ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক লিওনার্দো ট্র্যান্সডি জানান, বিষাক্ত রাসায়নিকের কারণে ওই সব শিশু, যারা বর্তমানে যুবা, তাদের দীর্ঘমেয়াদি কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি রয়েছে। শুধু তখনকার শিশুরাই নয়, ৯/১১ পরবর্তী অধিকাংশ আক্রান্ত ব্যক্তিই ফুসফুস ও মানসিক স্নায়ুরোগে ভুগছেন। এটি তাদের বিভিন্ন স্নায়বিক রোগের পাশাপাশি হৃদ্‌রোগের ঝুঁকিতে ফেলছে।
তিনি জানান, গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের রক্তের নমুনায় একটি বিশেষ রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে, যা টেফলনের মতো রাসায়নিক দ্রব্য থেকে আসে। সড়ক কার্পেটিং, ইলেকট্রনিকস, প্লাস্টিক, বস্ত্রসহ বিভিন্ন সামগ্রী তৈরিতে এ রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছাড়া ৯/১১ হামলায় সৃষ্ট ধুলাবালি হরমোনসহ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বৃদ্ধিকেও বাধাগ্রস্ত করতে পারে।