সেই হালখাতার উৎসব

ব্রুকলিন, নিউইয়র্কের পাঁচটি বরোর একটি বরো। আমি যে স্কুলে আছি সেখানে সেদিন ছিল চীনা নিউ ইয়ারের জমজমাট আয়োজন। এ বছর ওদের প্রতীক হলো কুকুর। ড্রাগন নিয়ে একটা শোভাযাত্রা হচ্ছে। স্কুলের চায়নিজ বাচ্চারা ঐতিহ্যবাহী চায়নিজ পোশাকে সজ্জিত। অন্য বাচ্চারাও সেজে এসেছে। আমেরিকা হলো বহু জাতির নানা সংস্কৃতির দেশ। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে। রশ হাশানাহ, নিউ ইয়ার, হ্যালোইন, চীনা নিউ ইয়ার, সেন্ট প্যাট্রিক ডে, ইস্টার, থ্যাংকস গিভিং, হানুকা, হোলি, ঈদ, ক্রিসমাস কত কী!
তবে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ এখনো চালু হয়নি। তবে সেই দিন বেশি দূরে না। অদূর ভবিষ্যতে পয়লা বৈশাখও উদ্যাপিত হবে নিশ্চয়ই। চীনা নিউ ইয়ারের শোভাযাত্রা দেখতে দেখতে মন কেমন করে উঠল। মন ছুটে গেল জন্মভূমিতে। স্মৃতি-ঝলমল শৈশব আমাদের। সুনামগঞ্জ, ছোট্ট মহকুমা শহর। মেঘালয়ের কোল ঘেঁষে সুরমা নদীবিধৌত সুনামগঞ্জ। আমাদের বাসায় কার্ড পাঠিয়ে দাওয়াত করত শহরের প্রায় সব বড় বড় দোকান। হালখাতার সেই উৎসব আজও মনে পড়ে।
কার্ডের ওপরে গণপতির ছবি। আব্বাকে প্রশ্ন করে জেনেছি, গণেশ
হলেন ধন-দৌলতের দেবতা। ব্যবসাকেন্দ্রের চিঠিগুলোয় তাই থাকত গণেশ ঠাকুরের প্রতীক। শুভ হালখাতা। আব্বার সঙ্গে আমরাও যেতাম কাপড়ের দোকানে, স্বর্ণকারের দোকানে, মিষ্টির দোকানে। চৈত্রসংক্রান্তিতে সব হিসাব-নিকাশ শেষ। টাকা পাওনা থাকলে পরিশোধ করা হতো। পরদিন বছরের শুরু। নতুন হিসাব শুরু হতো।
বাড়ির কাছে মেলা বসত। বৈশাখী মেলা। পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ, পালাগান কত কী। বেলুনওয়ালা, বাঁশিওয়ালা। হাওয়াই মিঠাই আর চিনির তৈরি গ্লাস, ঘর, কাপ পিরিচ কত কী। এগুলো আমাকে খুব আকর্ষণ করত। রসে ভেজা খাজা, গজা, চিড়া, মুড়ি, খই, তালের পাখা, শিক্কা, মাটির হাঁড়ি-কলস, পিতল কাঁসার তৈজসপত্রও নিয়ে বসত বিক্রেতারা। গ্রামীণ মৃৎশিল্পীরা বছরজুড়ে এই দিনটার দিকে তাকিয়ে থাকত।
নাগরদোলায় চড়ার খুব শখ ছিল। কিন্তু যখনই নাগরদোলা ঘুরতে শুরু করত তখনই ভয় পেয়ে আমার কান্না শুরু হতো। নাগরদোলা থামিয়ে আমাকে নামিয়ে নেওয়া হতো। পুতুলনাচ দেখতাম। সার্কাসের ক্লাউনের কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়তাম। বেলুন উড়িয়ে, বাঁশি বাজাতে বাজাতে বাড়ি ফিরতাম।
নববর্ষের সকাল থেকে আমরা সবকিছু ভালো করে করার চেষ্টা করতাম। বছরের শুরুর দিনটি ভালোভাবে চললে সারা বছর ভালো চলা যাবে, এমন ধারণা বদ্ধমূল ছিল মনে। সত্যি কথা বলতে হবে। মিথ্যা বলা যাবে না। আমরা নতুন কাপড় পরতাম। মা করলা (তিতা) টক, পোলাও, মাছ, মাংস রান্না করতেন। আর ঘন দুধের পায়েস। কিন্তু আমরা পান্তা ইলিশ খাইনি কখনো। আমাদের সুনামগঞ্জ মাছের দেশ। হাওর-বাঁওড় ভরা। প্রচুর মাছ পাওয়া যায়। তবে ইলিশ মাছ পাওয়া যেত না।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালে রোকেয়া হলে একবার ধানমন্ডি হকার্স থেকে শাড়ি কিনে রাতভর হাতে মানে সুঁই-সুতা দিয়ে পেটিকোট সেলাই করে সকালে শাড়ি পরে রমনার বটমূলে গেলাম আমি, চমন, এভলিন। সেই আমার রমনার বটমূলে প্রথম বৈশাখবরণ। ১৯৮৫ সালের কথা। বৈশাখী মেলায় তালের পাখা, ভেঁপু, বেলুন-বাঁশি, কদমা, বাতাসা, মুড়ির মোয়া, খই, মুড়ি, তিলের নাড়ু আরও কত কী যে পসরা বসেছিল। হরেক রঙের কাচের চুড়ি। আমরা দুহাত ভরে কাচের চুড়ি পরেছিলাম।
স্মৃতিরা হাতছানি দিয়ে ডাকে। দেশে ফিরে যাই উৎসবে পার্বণে। দেশ আমার দেশ—আমার বাংলাদেশ। দেশে কৃষিকাজ সব সময় ঋতু নির্ভর। প্রকৃতিনির্ভর। এই কৃষিকাজের সুবিধার্থেই সম্রাট আকবরের সময় থেকে ফসল তোলার সময়ানুযায়ী গণনা শুরু হয় বঙ্গাব্দ। মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)। হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনের ওপর ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামেই পরিচিত ছিল। পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব ভাবনার একটি উক্তি উল্লেখ করি, ‘প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী—কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ!’ উৎসবের প্রয়োজন তাই মানুষের জীবনে অপরিহার্য। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হোক নববর্ষ। আশা রাখি, অদূর ভবিষ্যতে পয়লা বৈশাখে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে নববর্ষবরণ উৎসবের আয়োজন করা হবে।
ছবির ক্যাপশন: শৈশবের সেই হালখাতা আর বৈশাখী মেলা ভুলতে পারেন না ডানা ইসলাম। নিউইয়র্কের এই সংস্কৃতিকর্মী তাই এখানকার সব মেলায় অংশ নেন প্রাণের টানে।