সেই 'কাচের দেয়াল' ভাঙলেন হিলারি

আট বছর আগে হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বের নির্বাচনে বারাক ওবামার কাছে পরাজয় স্বীকার করে তাঁর জীবনের সেরা ভাষণটি দিয়েছিলেন। সেই ভাষণে নারীদের সামনে প্রতিবন্ধক হিসেবে কাচের দেয়ালের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, এই কাচের দেয়ালটিতে এখন ১৮ মিলিয়ন ভাঙা টুকরো। সেবার হিলারি ১৮ মিলিয়ন ভোট পাওয়া সত্ত্বেও ওবামার কাছে পরাস্ত হয়েছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনয়ন নিশ্চিত করে আট বছর পর সেই কাচের দেয়ালটি ভেঙে ফেললেন হিলারি। মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে ক্যালিফোর্নিয়া, নিউ জার্সিসহ মোট চারটি অঙ্গরাজ্যে জয়ের ফলে তাঁর সংগৃহীত ডেলিগেটের সংখ্যা ২ হাজার ১৮৪।
অন্যদিকে সিনেটর বার্নি স্যান্ডার্স মন্টানা ও সাউথ ডাকোটায় জয় পাওয়ায় তাঁর সংগৃহীত ডেলিগেটের সংখ্যা ১ হাজার ৮৫২। দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজন ২ হাজার ৩৮৩ ডেলিগেটের সমর্থন, যা ‘মহা মঙ্গলবারের’ নির্বাচনের আগেই নিশ্চিত করতে সক্ষম হন হিলারি।
নিউইয়র্কের ব্রুকলিনে তাঁর নির্বাচনী সদর দপ্তরে এক ভাষণে হিলারি এই ঐতিহাসিক জয়ের জন্য বিগত দেড় শ বছর ধরে নারী অধিকার আন্দোলনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি এক ঐতিহাসিক বিজয়, কিন্তু এই বিজয় কোনো একজন ব্যক্তির নয়।
হিলারি তাঁর দলীয় মনোনয়ন নিশ্চিত করলেও প্রাইমারি পর্যায়ে তাঁর প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স এখনো লড়াই থেকে সরে দাঁড়াননি। মঙ্গলবার মধ্যরাতের পর ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকাতে স্যান্ডার্স এক ভাষণে হিলারিকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানান। কিন্তু প্রতিটি ভোটের জন্য বাছাইপর্বের নির্বাচনের শেষ দিনটি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন তিনি। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটিক পার্টির শেষ প্রাইমারি। স্যান্ডার্স অবশ্য তারও পর, জুলাই মাসের শেষ সপ্তাহে ফিলাডেলফিয়ায় দলের সম্মেলন পর্যন্ত ‘সামাজিক, অর্থনৈতিক, বর্ণগত ও পরিবেশ’ প্রশ্নে ন্যায়বিচারের জন্য তাঁর লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।
গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ওবামা টেলিফোনে হিলারি ও স্যান্ডার্সের সঙ্গে কথা বলেন। হোয়াইট হাউস সূত্র থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ওবামা আলাদাভাবে স্যান্ডার্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আগে বলা হয়েছিল বুধবার তিনি হিলারিকে আনুষ্ঠানিকভাবে তাঁর সমর্থন ঘোষণা করবেন, কিন্তু বৃহস্পতিবার স্যান্ডার্সের সঙ্গে এই বৈঠকের আগে তেমন সম্ভাবনা নেই বলে জানা গেছে। ওবামা ইঙ্গিত করেছেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থীর পক্ষে তিনি প্রত্যক্ষ নির্বাচনী অভিযানে অংশ নিতে উদ্গ্রীব।