সেতু তৈরি করুন, দেয়াল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু তৈরি করুন, দেয়াল নয়—এমন লেখা হাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছিলেন লরেন্স ড্রাইসেফ। ৫৬ তলা এই ভবনে সপরিবার বাস করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। লরেন্স বলছিলেন, ট্রাম্প জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন। যত দিন তিনি একতা ফিরিয়ে আনতে না পারছেন, তত দিন আন্দোলন চলবে।

নির্বাচনের এক দিন পর ফেসবুক, টুইটারের মাধ্যমে তরুণেরা সংগঠিত হয়ে আন্দোলনে যুক্ত হন। তাঁরা ইউনিয়ন স্কয়ার ও কলম্বাস সার্কেল থেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বেলা সাড়ে তিনটা থেকে ঘটনাস্থলে আসেন। আন্দোলনের একপর্যায়ে তাঁরা যুক্তরাষ্ট্রের পতাকা ছিঁড়ে ফেলেন। তাঁরা চিৎকার করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট নন, ডাম্প ট্রাম্প...’ ইত্যাদি। মধ্যরাত পর্যন্ত চলে এ বিক্ষোভ।
ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ম্যানহাটনের ৫৬ নম্বর স্ট্রিটের আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাত ১২টা নাগাদ পুলিশ তরুণদের ঠেলে এক কোনায় সরিয়ে দেয়। তরুণেরাও চিৎকার করে বলতে থাকেন, দেখো, এই হলো গণতন্ত্র। সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থল থেকে পুলিশ অস্থিতিশীলতা তৈরি ও বাধা দেওয়ার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।
লরেন্স ড্রাইসেফ তিন-চারজন বন্ধু নিয়ে বিক্ষোভে অংশ নেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আমার নিজের তাগিদে এসেছি। যাঁরা ধর্ম, বর্ণ বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার, তাঁদের আমরা জানিয়ে দিতে চাই, তাঁরা একা নন। আমরা আছি তাঁদের সঙ্গে।’
একজন নারী বলেন, ‘একজন রেসিস্ট, সেক্সিস্ট, রেপিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন না। তাঁকে মুসলিমদের অধিকারের দিকে নজর দিতে হবে। নারী, সমকামী সবার কথা ভাবতে হবে।’
ডোনাল্ড ট্রাম্প বিপুলসংখ্যক মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এখন তাঁর বিরুদ্ধে আন্দোলন করে কী লাভ—জানতে চাইলে ইওনাইট ফ্রিডম্যান নামের এক নারী বলেন, ভোটাররা যেন ভোটকেন্দ্রে না যান, তা নিশ্চিত করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভীতি ছড়িয়েছেন। বহু মানুষ ভয়ে ভোট দিতে যাননি। সবাই ভোট দিলে তিনি জিততে পারতেন না। বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের ধারণা, ট্রাম্পের বক্তব্যের কারণে দলে দলে মানুষকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
এর আগে সকালে বারুশ কলেজে স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার বিজয়ী নিউইয়র্ক টাইমস-এর সাবেক উপসম্পাদক কার্লা রবিনস। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় যা বলেছেন, তার ভিত্তিতেই সবকিছু করবেন কি না, সেটা একটা ধাঁধা। করলে তিনি কী কী করবেন? মেক্সিকানদের ফেরত পাঠিয়ে দেবেন? এমন অন্তঃসারশূন্য বক্তৃতা কারও মুখ থেকে কখনো শোনা যায়নি।
বারুশ কলেজের অধ্যাপক থমাস মেইন বলেন, ট্রাম্প নির্বাচনী প্রচারের শুরু থেকে দক্ষিণপন্থী এবং প্রথম সারির নয়—এমন অনেক সাইটে প্রচুর মানুষ ভিজিট শুরু করেন। মার্কিন সমাজের একটা অংশ চরম দক্ষিণপন্থী হয়ে উঠেছে।
এদিকে ফিফথ অ্যাভিনিউ ৫৬ নম্বর স্ট্রিটে যাওয়ার পথে ট্যাক্সিচালক বললেন, তিনি ট্রাম্পকে ভোট দিয়েছেন। সেনেগাল থেকে দুই যুগ আগে চলে আসা ওই ট্যাক্সিচালক বলেন, ট্রাম্প চাইলে যুক্তরাষ্ট্র থেকে কাউকে তাড়াতে পারবেন না। তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তিনি নির্বাচনে জিততে ওসব কথা বলেছেন। তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিতে জাতিতে বিভেদ সব সময় ছিল। ট্রাম্প শুধু তা ব্যবহার করেছেন।