সেদিনে কিশোরেরা আজ ষাটোর্ধ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৮ সালের সব কিশোর আজ ষাটোর্ধ্ব। চোখে-মুখে বয়সের ছাপ। পাকা চুল, লম্বা দাড়ি। কিশোরের উন্মাদনা নেই শরীর ও মনে। অট্টহাসি নেই; আড্ডা নেই। বয়সের ভারে দুর্বল। জীবনের বেলাভূমে দাঁড়িয়ে কেবল আলসেমি শরীরজুড়ে। অনেকেই আক্রান্ত বিভিন্ন রোগে। নিজেদের মধ্যে ফোনালাপও এমনকি কমে গেছে। কাছাকাছি থেকেও অনেকের দেখা-সাক্ষাৎ হয় না আবার।

শুক্রবার জুমাবার। এ দিন মসজিদে স্বল্প পরিসরে পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়; চলে কোলাকুলি। শারীরিক ও মানসিক কুশল বিনিময় হয়। বউ বাচ্চাদের আলোচনাই চলে দীর্ঘ সময়। বাচ্চারা শিক্ষায় ভালো করছে, কিংবা ভালো চাকরি করছে, কেউ অধ্যয়নরত, আবার অনেকের বাচ্চারা বিয়ে সম্পন্ন করেছে, অনেকে আবার দাদা-নানা হয়েছেন।

কিছু সময় আলাপের পরই আগেকার দিনের কোলাহল-আড্ডার কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ছাড়েন অনেকে। উঠে আসে হারিয়ে যাওয়া বন্ধুদের কথা। ইতিমধ্যে অনেকেই পরপারে বিদায় নিয়েছেন। ভাবতেও অবাক লাগে পরিচিত কয়েকজন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছেন। কেউবা চলে গেছেন হার্ট অ্যাটাক কিংবা সড়ক দুর্ঘটনায়।

প্রবাস সত্যি নির্মম। অনেকের নীরব আর্তনাদ শোনা যায় কান পাতলেই। কাঙ্ক্ষিত গ্রিনকার্ডের স্বপ্ন বাস্তবায়নে বিফল হয়ে লাশ হয়ে দেশে ফিরে গেছেন অনেকে। কেউ কেউ যুগের পর যুগ রয়েছেন গ্রিনকার্ডের অপেক্ষায়। দেশে ফেলে আসা স্ত্রী, যৌবন, এমনকি সন্তানও অধরা। অনেক সন্তান প্রবাসে থাকা বাবার সঙ্গে ফোনালাপ করে করেই কৈশোরে উপনীত হয়েছে, পদার্পণ করেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে। কাছ থেকে দেখা হয়নি বাবাকে। এ উভয় জীবনই ভীষণ বেদনাদায়ক। স্ত্রীও তাঁর মর্মবেদনা প্রকাশ করেননি; নীরবে কেঁদে কেঁদেই কাটিয়ে দিয়েছেন সোনালি দিনগুলো। অনেক বাবার সন্তানকে দেখার ভাগ্য হয়নি; এক বুক যন্ত্রণা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আবার কেউ এ দেশে বিদেশি কাউকে বিয়ে করে নতুন জীবন গড়েছেন। জীবন যৌবন শেষ করে বার্ধক্যে উপনীত তাঁরাও। বৃদ্ধাশ্রমেই কাটিয়ে দিচ্ছেন বাকি জীবন কল্পনা ও গল্পে।

সেদিন হঠাৎ করে দেখা লালু ভাইয়ের সঙ্গে। ১৯৮৮ সালের দিকে একটি রেস্তোরাঁয় কাজের সুবাদে তাঁর সঙ্গে পরিচয়। সহজ-সরল স্বভাবের মানুষ। একটি সাংস্কৃতিক দলের সঙ্গে এ দেশে এসেছিলেন। টাকার বিনিময়ে বাদক দলের ঢোল বাদকের সহযোগী পরিচয়ে। আসার পর এলাকার একজনের সহযোগিতায় থাকা-খাওয়া ও পরে চাকরির ব্যবস্থা হয়। অবৈধ অভিবাসীর অভিশাপ থেকে মুক্তি পেতে দিশেহারা অবস্থায় ছুটির দিনে চষে বেড়াতেন চারপাশ। ব্রুকলিনে থাকতেন। টুকটাক ইংরেজি জানতেন। যে এলাকায় বসবাস করতেন, তা ছিল স্প্যানিশ অধ্যুষিত। বাসার কাছেই ছিল স্প্যানিশ ডেলি স্টোর। চা, কফি, সিগারেট সেখান থেকেই নিতেন। স্প্যানিশদের সঙ্গে আড্ডা শুরু হতে সময় লাগেনি। ধীরে ধীরে আড্ডায় এক স্প্যানিশ নারীর সঙ্গে সখ্য গড়ে ওঠে, যা ভালোবাসায় রূপ নিতে সময় লাগেনি। বছর ঘুরতেই সেই মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। পেয়ে যান আমেরিকায় বাস করার বৈধতাও।

লালু ভাইয়ের ঘরে সন্তান আসেনি। নিঃসন্তান জীবন কাটিয়ে দেন সেই ভালোবাসা বুকে নিয়েই। সেই জীবনসঙ্গীও মারা গেলেন গেল বছর। এ দেশে বাংলাদেশের বেশ কয়েকজন স্প্যানিশ মেয়ে বিয়ে করে বৈধতা পেয়েছেন। এরপরই তাঁরা ওই স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার গড়েছেন। লালু ভাই তেমন লোক নন। তাঁর দৃষ্টিতে এই দ্বিতীয় বিয়ে করা লোকেরা প্রতারক ও স্বার্থপর। অনেকে আবার চুক্তির মাধ্যমে বিয়ে করে বৈধতা লাভ করেছেন, সেটা অবশ্য ভিন্ন। লালু ভাইয়ের মতে স্প্যানিশ নারীরা অতি সরল, ভালোবাসে অন্তর থেকে। তাঁর নিজের বিবাহিত জীবন বর্ণনা করতে গিয়ে লালু ভাই বলেন, ‘বছর পর বছর আমাকে দেখভাল করেছে। বাংলাদেশে নিয়ে গেছি কয়েকবার।’ বউয়ের গুণগান করতে করতে ভাবুক হয়ে পড়েন লালু ভাই; আবেগে কেঁদে ফেলেন।

লালু ভাই বলেন, ‘ভাই বুড়ো হয়েছি; মানসিকভাবে দুর্বল, বিভিন্ন রোগে আক্রান্ত।’ পরিচিত কয়েকজনের কথা স্মরণ করে জানতে চান, ‘ওরা কেমন আছে?’ আলাপের মধ্যেই লালু ভাই বলেন, ‘সেদিনের সব কিশোর আজ ষাটোর্ধ্ব।’

আলাপে আলাপে লালু ভাই আমাকেও নিয়ে গেলেন আশির দশকে। ফ্লাশব্যাকে আজও চোখ ধাঁধিয়ে দেয় সে সময়ের হাজারো রঙিন ইতিহাস। হাজারো স্মৃতি কড়া নাড়ে দরজায়। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়নি বহু বছর। সময়ের ব্যবধানে আজ নিউইয়র্কে ট্রেনের প্রত্যেক বগিতে বাংলা ভাষার লোক পাওয়া যায়, এক সময় যা ভাবাই যেত না। এখানে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করছে কলেজ ইউনিভার্সিটিতে। এটা ভীষণ গর্বের ব্যাপার। এ ধারা অব্যাহত থাকুক। দেশের ঘুনেধরা রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে এখানকার ঐক্য যেন ক্ষয়ে না যায়। যেন এক সঙ্গে সবাই মিলে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশকে, নিজেদেরকে। এখানকার মূলধারায় নিজেদের বক্তব্য তুলে ধরতে হলে এর তো কোনো বিকল্প নেই। আর এ ক্ষেত্রে এই পুরোনো অভিজ্ঞ মানুষদের সঙ্গে নতুন প্রজন্মের যোগটি শক্ত সুতায় বাঁধতে হবে। একের অভিজ্ঞতা অন্যের প্রাণশক্তির সঙ্গে মিলে, তবেই না এই প্রবাসে সবাই এগিয়ে যেতে পারবে।