সেনসাসে ঘণ্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ হচ্ছে

আমেরিকার আসন্ন সেনসাসে চাকরির সুযোগ রয়েছে। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য কমিউনিটির লোকজনের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক স্টেট সিনেটর, স্টেট অ্যাসেম্বলিওমেন ও সিটি কাউন্সিলম্যান।
১৯ ডিসেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সেনসাস ব্যুরোর উদ্যোগে এক কর্মশালায় স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ ও সিটি কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোমসহ অন্য কর্মকর্তারা এই আহ্বান জানান। সেনসাসে দেওয়া কোনো তথ্য ইমিগ্রেশন কারও কাছে প্রকাশ করে না বলেও নিশ্চিত করেন তাঁরা।
কর্মশালায় কমিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন ও ফাহাদ সোলায়মান বলেন, সেনসাসের ফরম পূরণের জন্য ঘণ্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যেন অবিলম্বে সেনসাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। টেলিফোন ও বাসায় গিয়ে এসব ফরম পূরণে সহায়তা দিতে হবে নিজ ভাষার মানুষকে। এ কাজে বিশেষ পারদর্শিতা প্রদর্শনে সক্ষমরা পরবর্তীতে সেনসাস ডিপার্টমেন্টে স্থায়ীভাবে চাকরির সুযোগও পেয়ে থাকেন।
ফেডারেল সুযোগ-সুবিধা নির্ধারণের পাশাপাশি নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণে ১০ বছর পর পর এই সেনসাস অনুষ্ঠিত হয়। তাই সবাই সেনসাসে অংশ নিলে চিকিৎসা সুবিধা থেকে যোগাযোগ, পরিবেশ, শিক্ষা, কর্মসংস্থানসহ সব পর্যায়ে তহবিল বরাদ্দ পাওয়া যাবে।
নির্বাচিত জনপ্রতিনিধিরা এ সময় বলেন, ইমিগ্রেশনের স্ট্যাটাস না থাকলেও সেনসাসে অংশ নিতে হবে। কারণ, যাদের গ্রিন কার্ড নেই তাঁদের চিকিৎসা ব্যবস্থাও রয়েছে হাসপাতালে। বেশ কিছু ইনস্যুরেন্স কোম্পানিও কার্ড ইস্যু করে অবৈধভাবে বসবাসরতদের জন্য। এই সুযোগ অব্যাহত রাখতে সেনসাসে অংশ নেওয়ার বিকল্প নেই।