সেনাবাহিনীকে বাড়তি কর্তৃত্ব দিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি স্মারকে অনুমোদন দিয়েছেন, যার বলে দক্ষিণ-পশ্চিম সীমান্তে নিয়োজিত সীমান্তরক্ষীদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী। এর আগে সীমান্তে নিয়োজিত সেনা সদস্যদের মূল কাজ ছিল শুধু সীমান্ত রক্ষায় নিয়োজিত কর্মীদের সহায়তা করা। কিন্তু নতুন কর্তৃত্ববলে তারা এখন নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজন মনে করলে অভিবাসনপ্রত্যাশীদের আটকও করতে পারবে। এরই মধ্যে এ সম্পর্কিত অনুমোদনপত্রটি পেন্টাগনের হাতে পৌঁছেছে বলে ২২ নভেম্বর সিএনএনকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মিশেল বালদানজা।
হোয়াইট হাউস থেকে আসা এই অনুমোদনের বলে সীমান্তে বিশেষ কর্তৃত্ব পেয়েছে সেনা সদস্যরা। এখন থেকে তারা ভিড় নিয়ন্ত্রণ, সাময়িক আটক, তল্লাশিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে। একই সঙ্গে সুরক্ষার খাতিরে অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহারও করতে পারবে। এ ক্ষেত্রে আগের মতো তাদের সীমান্তরক্ষী বাহিনীর শরণ নিতে হবে না।
অভিবাসন নিয়ন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটিই সর্বশেষ। এই পদক্ষেপ নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কারণ নিয়মিত বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে লাগানো বিশেষত সাধারণ মানুষকে তল্লাশিসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার ক্ষেত্রে আমেরিকায় আইনি বাধা রয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলি স্বাক্ষরিত এ সম্পর্কিত নির্দেশে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের কাছ থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মার্কিন সেনাবাহিনী বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের মতো করে কোনো তল্লাশি, গ্রেপ্তার বা কোনো কিছু বাজেয়াপ্ত করতে পারবে না।’
তবে নতুন নির্দেশনায় এই সবকিছু করা যাবে কি যাবে না, তার এখতিয়ার সেনাবাহিনীর হাতেই তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ২১ নভেম্বর প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, ‘আমাদের গ্রেপ্তার করার কোনো এখতিয়ার নেই। আমরা শুধু সাময়িক আটক করতে পারি। অর্থাৎ আমরা যদি দেখি, কোনো সীমান্তরক্ষীর নিরাপত্তা হুমকির মুখে, কোনো অভিবাসনপ্রত্যাশী কাউকে মারতে উদ্যত, তবে আমরা তাকে আটক করে সীমান্ত রক্ষা কর্তৃপক্ষের কাছে নিতে পারি। এ ক্ষেত্রে চূড়ান্ত গ্রেপ্তারের সিদ্ধান্তটি নেবে সীমান্তরক্ষী বাহিনী। এ ক্ষেত্রে পূর্ববর্তী আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না। কারণ আমরা কাউকে গ্রেপ্তার করতে যাচ্ছি না।’
নতুন এই নির্দেশনার কারণ হিসেবে বলা হচ্ছে গোয়েন্দা তথ্যের কথা। প্রতিরক্ষা মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) ও বিচার মন্ত্রণালয়ের কাছে পাঠানো এ সম্পর্কিত এক গোয়েন্দা তথ্যে জানানো হয়েছে, মধ্য আমেরিকা থেকে ক্যারাভান নিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে সীমান্তরক্ষী বাহিনীর আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। অভিবাসন প্রত্যাশীরা সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে বলেও তথ্য রয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষাপটে সীমান্ত ও সীমান্তরক্ষীদের সুরক্ষায় সেনাবাহিনীকে বাড়তি এই কর্তৃত্ব দেওয়া হয়েছে।
এর আগে এ সম্পর্কিত এক বক্তব্যে ডিএইচএস মন্ত্রী কির্স্টজেন নিলসেন বলেন, ‘আমেরিকার সীমান্তে তিজুয়ানায় ৬ হাজার ২০০ মানুষ সমবেত হয়েছে। মেক্সিকালিতে রয়েছে আরও ৩ হাজার মানুষ। এদের সবাই দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করতে চায়। এই সংকট এখন চরম বাস্তবতা। দেয়ালের ওপাশেই এই বাস্তবতা আমাদের জন্য অপেক্ষা করছে।’