সেন্ট্রাল পার্ক থেকে বর্ণবাদী ডাক্তারের ভাস্কর্য সরানোর দাবি

নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে ডা. জে ম্যারিয়ন সিমসের ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছেন উদারপন্থীরা। ১৯ আগস্ট নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ওই ভাস্কর্যের সামনে তাঁরা প্রতিবাদী কর্মসূচিও পালন করেন। ১৯ শতকের এ চিকিৎসকের ভাস্কর্যটিকে আন্দোলনকারীরা বর্ণবাদের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন বলে নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ডা. জে ম্যারিয়ন সিমস ১৯ শতকে দাস হিসেবে রাখা নারীদের ওপর বিভিন্ন ধরনের নৃশংস পরীক্ষা চালিয়েছিলেন। বৈজ্ঞানিক পরীক্ষার নামে তিনি কৃষ্ণাঙ্গ দাসদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছেন বলে জানা যায়। ১২ আগস্ট শার্লোটসভিলে শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের সহিংসতার পর পুরো আমেরিকায় উদারপন্থী আমেরিকান বিশেষত ফ্যাসিস্টবিরোধীরা ব্যাপক আন্দোলনে নামে। একই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট নিউইয়র্কে ডা. সিমসের ভাস্কর্য অপসারণের দাবি ওঠে।
আন্দোলনকারীদের একজন ও ব্ল্যাক ইয়ুথ প্রজেক্ট ১০০-এর সদস্য রোসানা মার্সিডিজ বলেন, ‘জে ম্যারিয়ন সিমসের মতো সাম্রাজ্যবাদী, বর্ণবাদী খুনি ও নির্যাতকের কোনো ভাস্কর্য সেন্ট্রাল পার্কে থাকতে পারে না। এটি প্রচ্ছন্নভাবে বর্ণবাদ ও উগ্রপন্থী মতবাদকেই প্রশ্রয় দেওয়ার শামিল।’
সাউথ ক্যারোলাইনার অধিবাসী সিমসকে বিবেচনা করা হয় আধুনিক প্রসূতিবিদ্যায় পথিকৃৎ হিসেবে। তিনি শিশু জন্মদানের জন্য বিশেষ অস্ত্রোপচারের আবিষ্কারক। একই সঙ্গে ১৮৫৫ সালে সিমসই প্রথম নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনাটি হচ্ছে, তিনি তাঁর পরীক্ষার জন্য দাস-নারীদের ব্যবহার করেছিলেন। এমনকি আফ্রিকান-আমেরিকান এসব নারীর অস্ত্রোপচারের সময় তিনি কোনো চেতনানাশকও ব্যবহার করেননি। তাঁর পরীক্ষাকালীন অস্ত্রোপচারের সময় বহু দাস-নারী মারা গেছেন বলেও জানা যায়। আর তাঁর এ নৃশংস কাজটিই তাঁর অবদানকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন আরেক ২৪ বছর বয়সী আরেক আন্দোলনকারী সেশাত ম্যাক।
নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, ‘সবদিক থেকেই জে ম্যারিয়ন ছিলেন একজন বর্ণবাদী। তিনি যা কিছু করেছেন তার পুরোটাই করেছেন নিজের লাভের কথা চিন্তা করে। তিনি এমনকি কৃষ্ণাঙ্গ নারীদের ওপর পরীক্ষা চালানোর সময় চেতনানাশক ব্যবহারেরও প্রয়োজন বোধ করেননি।’
শুধু এখন নয় বহু বছর ধরেই সিমসের ভাস্কর্য অপসারণে দাবি করে আসছেন উদারপন্থীরা। ১৮৯২ সালে স্থাপিত এ ভাস্কর্যটি অপসারণের দাবি বহুবার উঠলেও এ বিষয়ে নিউইয়র্ক প্রশাসন তেমন কোনো উদ্যোগ নেয়নি। সর্বশেষ ২০১১ সালে শহর কর্তৃপক্ষ জানিয়েছিল যে, সিমসের ভাস্কর্যটি সরানো না হলেও তার ঠিক সামনেই তার বিতর্কিত পরীক্ষণ প্রণালি সম্পর্কে সবিস্তারে তুলে ধরা হবে, যাতে ইতিহাসের একমুখী পাঠ এড়ানো যায়।
তবে শহর কর্তৃপক্ষের এ মতের সঙ্গে একমত নন আন্দোলনকারীরা। আরেক আন্দোলনকারী এলসা ওয়েইথ বলেন, ‘এর মতো আক্রমণাত্মক ও অশোভন ভাস্কর্য আমি দেখিনি। এমনকি অস্ত্র উদ্ধত করে রাখা কোনো সৈনিকের ভাস্কর্যও এতটা অশোভন নয়। এ ভাস্কর্য অনেক আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। কারও ভাস্কর্য মানেই তাকে স্মরণীয় ও বরণীয় হিসেবে মেনে নেওয়া। সেখানে কোনো বিতর্কিত ব্যক্তির ভাস্কর্য থাকা উচিত নয়। তার সম্পর্কে জানতে হলে জাদুঘর আছে, ইতিহাস বই আছে। কারও ইচ্ছা করলে সেখান থেকে জানতে পারে।’