সেন্ট্রাল পার্কে সদর অ্যাসোসিয়েশনের বনভোজন

নিউইয়র্কের সবুজ অরণ্য ঘেরা সেন্ট্রাল পার্কে ১ সেপ্টেম্বর বসেছিল নিউইয়র্কপ্রবাসী সিলেট সদরবাসীদের মিলনমেলা। আমেরিকার জাতীয় ছুটি লেবার ডের সপ্তাহান্তে সদর অ্যাসোসিয়েশনের আয়োজনে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
চমৎকার আবহাওয়া, আর সহনীয় তাপমাত্রায় ১ সেপ্টেম্বর প্রবাসের অগ্রসর কমিউনিটি হিসেবে পরিচিত সিলেট সদরের লোকজন কাটিয়েছেন এক ভিন্ন রকমের দিন। ব্যতিক্রমী এ বনভোজনের উদ্বোধন হয় সকাল ১০টায়। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, বনভোজন কমিটির নেতৃবৃন্দ ও অতিথি হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্রের কমান্ডার মুকীত চৌধুরী উপস্থিত ছিলেন।
বিশ্বের ব্যস্ততম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক এই সেন্ট্রাল পার্ক। এত কোলাহলের মধ্যেও শান্ত, সুন্দর ও নয়নাভিরাম সবুজের সমারোহ সত্যি বিস্ময় জাগায়। পর্যটকদের কাছে তাই এ সেন্ট্রাল পার্কের আবেদন অনেক। নৌকা ভ্রমণ থেকে শুরু করে থিয়েটার, কনসার্ট স্টেজ, ছোটদের জন্য চিড়িয়াখানাসহ এখানে আছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। প্রায় সাড়ে তিন বর্গ কিলোমিটার আয়তনের এই পার্কের একটি অংশে করা হয় সিলেট সদরের এবারের বনভোজন আয়োজন। অনেকেই এতে যোগ দেন পরিবার-পরিজন নিয়ে। আড্ডায় মেতে ওঠেন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে। সিলেট শহর বা শহরতলিতে বেড়ে ওঠার গল্পে নস্টালজিক হতে দেখা যায় অনেককেই।
শাড়ি-চুড়ি পরা সুরমাপারের নারীদের বিচরণে মনে হয়েছে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন জন্ম ও বেড়ে ওঠার শহর সিলেটেরই মালিনীছড়া বা খাদিমনগর চা বাগানে। ছিল শিশু-কিশোর, তরুণ-তরুণীদের সরব উপস্থিতি। লাউড স্পিকার হাতে সদর থানা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দুরুদ মিয়ার পরিচালনায় দিনভর সজীব ও প্রাণবন্ত ছিল পুরো অনুষ্ঠান। শুরুতেই সংগঠনের সভাপতি আব্দুল মালিক খান স্বাগত জানান সবাইকে; করেন কুশল বিনিময়।

সুস্বাদু খাবার পরিবেশন, ছোট-বড়দের রকমারি খেলাধুলা ও প্রতিযোগিতা ছিল বরাবরের মতোই। এসব পরিচালনায় যোগ্য ব্যবস্থাপনার স্বাক্ষর রেখেছেন বনভোজন কমিটির আহ্বায়ক সুফিয়ান খান, সদস্যসচিব গোলাম রব্বানী ও সমন্বয়ক হাজি এনাম। অনুষ্ঠানে সিলেট সদরের সাবেক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাসুম চৌধুরী, ইয়ামীন রশীদ, শাহাব উদ্দিন, মামুন আহমেদ, মাহবুব রহমান, জুয়েল চৌধুরী, জুবায়ের চৌধুরী, নীপা চৌধুরী, নেওয়াজ চৌধুরী, আবদার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন দিনভর। নানা খেলাধুলা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে দিনব্যাপী ব্যস্ত থাকতে দেখা গেছে উপস্থিত ব্যক্তিবর্গকে। সিলেট সদর ও এর বাইরে থেকেও অনেক সমাজকর্মী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি ছিল বনভোজনে। এদের মধ্যে অন্যতম শাহীন আজমল, তফাজ্জল লিটন, সাইফুল ইসলাম, আব্দুল মোসাব্বির, হাবিবুর রহমান, হেনা বেগম ও রুমা আহমেদ।
আহ্বায়ক সুফিয়ান খান এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শমসের আলী, ফখরুল ইসলাম দেলওয়ার, অ্যাটর্নি মঈন চৌধুরী, ফেরদৌস খন্দকার, জেসমিন বুখারীসহ আরও অনেকে। অধিকাংশ সিলেট সদরবাসীদের বসবাস ভিন্ন ভিন্ন বরোগুলোতে থাকা সত্ত্বেও, কষ্ট করে বনভোজনের এই আয়োজনে অংশ নিতে ম্যানহাটনে আসার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি আব্দুল মালিক খান।
খেলাধুলার প্রতিযোগিতা ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ। প্রতিযোগিতায় ছিল টানটান উত্তেজনা। কেউ খেলেছেন বালিশ নিয়ে, কেউ দিয়েছেন দৌড়। এর মধ্যে বিজয়ীরা পেয়েছেন আকর্ষণীয় সব পুরস্কার। বিজয়ীরা ছিলেন উষা রহমান, রাইসা, সুহা, ইপা চৌধুরী, সায়রা চৌধুরী, জারা, মাহিয়া ও রওশন।