সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আ. লীগের বিজয় দিবস পালন

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে।
১৫ ডিসেম্বর অরল্যান্ডো শহরের প্রাণকেন্দ্রে একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, জাতীয় চার নেতার কথা, আত্মত্যাগের কথা, বীর শহীদদের কথা ও দেশের উন্নয়নের কথা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেলী আহসান এবং সার্বিক সমন্বয়ক ছিলেন রুমেল হোসেন। আলোচনায় অংশ নেন—সামসুর রহমান, ইলিয়াস ঠাকুর, কনক রেজা, আবদুর রহমান, করিমুজ্জামান, মেহেদী হাসান, মো. সেলিম, মো. খসরু প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা মাহমুদ, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মো. খসরু ও আ. মামুন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে নতুন কমিটির শীর্ষ তিনটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সাবেক সভাপতি মাহবুবুর রহমান। পূর্ণাঙ্গ কমিটি শিগগির ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
নতুন কমিটির শীর্ষ পদে থাকছেন—সভাপতি মোয়াজেম ইকবাল, সাধারণ সম্পাদক শেলী আহসান ও সহসভাপতি জসিম উদ্দিন।
সাবেক সভাপতি মাহবুবুর রহমান বলেন, দক্ষ, অভিজ্ঞ, বুদ্ধিমান ও ত্যাগী বিবেচনায় নতুন কমিটি পরিচালনার ভার এঁদের ওপর অর্পিত হয়েছে।
শেলী আহসান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।
জসিম উদ্দিন বলেন, প্রবাসে থেকে দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করছি। ভবিষ্যতে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করে সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে সহযোগিতা করব।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সংগীত ও নৈশভোজ। দেশের গান ও বিজয়ের গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী মো. খসরু। এ ছাড়া ছিলেন স্থানীয় শিল্পী লাবনী, ফারজানা রিমি, পলি ইসলাম, তালাত, বাচ্চু প্রমুখ। সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন বাচ্চু।