সেন্ট্রাল ফ্লোরিডায় দুর্গাপূজা ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডায় দুর্গাপূজার প্রস্তুতি সভার এক ফাঁকে সবাই একসঙ্গে
ফ্লোরিডায় দুর্গাপূজার প্রস্তুতি সভার এক ফাঁকে সবাই একসঙ্গে

এবারই প্রথমবারের মতো সেন্ট্রাল ফ্লোরিডায় বড় আকারে দুর্গাপূজা উদ্যাপনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। অঞ্জলী হিন্দু সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার পক্ষ থেকে পূজা উদ্যাপন উপলক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের যাঁরা বসবাস করছেন, তাঁরা এখানে দুর্গাপূজা উদ্যাপন করে আসছেন। তবে সেসব খুব বড় পরিসরে ছিল না। এবার সেন্ট্রাল ফ্লোরিডার অরল্যান্ডো ও লিজবার্গের বাংলাদেশি বংশোদ্ভূত হিন্দু জনগোষ্ঠী দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে গত মার্চ থেকে কাজ শুরু করেছে।
দুই দিনব্যাপী দুর্গাপূজা আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর লিজবার্গ এলিমেন্টারি স্কুলে আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পূজা উদ্যাপন করা হবে। আয়োজকেরা আশা করছেন, পুরো সেন্ট্রাল ফ্লোরিডায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা হিন্দু সম্প্রদায় দুর্গাপূজায় অংশগ্রহণ করবে।
পূজা উদ্যাপন কমিটির অন্যতম সদস্য সংগীতশিল্পী স্বপন অধিকারী বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় এককভাবে দুর্গাপূজা উদ্যাপনের দাবি জানিয়ে আসছিল। এবার প্রথমবারের মতো দুই দিনব্যাপী দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে তিন দিনব্যাপী পূজার পাশাপাশি মেলার ব্যবস্থা থাকবে।
কমিউনিটি থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে স্বপন বলেন, এবার স্থানীয় শিল্পীরা প্রাধান্য পাবেন। নাচ, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দুই দিনব্যাপী একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। দুই মাস ধরে মহড়া চলছে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শিশু-কিশোরদের সঙ্গে গৃহিণীরাও নাচ, গানে অংশ নেবেন। পূজা উদ্যাপনের সার্বিক দায়িত্বে থাকছেন স্বপন অধিকারী, অনিক রয়, সুব্রত, বাদল, নেরেশ রসময়, বিষু, রিপন ও গৌতম ভৌমিক।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে প্রতিমা সংগ্রহ করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দিন পূজায় অঞ্জলি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। যে কেউ পূজার বিভিন্ন ইভেন্টে অংশ নিতে পারেন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে স্থানীয় আমেরিকান কমিউনিটি ও প্রশাসনকে আমন্ত্রণ জানানো হবে। দুর্গাপূজার যেকোনো বিষয়ে স্বপন অধিকারী (ফোন: ৩৫২ ৪০৪ ২৭২১), অনিক (ফোন: ৪০৭ ৭৭৯ ৯১৮৫) ও সুব্রতের (ফোন: ৪০৭ ২৫৫ ৯১০৯) সঙ্গে যোগাযোগ করতে অঞ্জলী হিন্দু সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি