সেপ্টেম্বরে টিকার বুস্টার ডোজ দিতে প্রস্তুত নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

নিউইয়র্কে করোনার টিকার বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নগরের স্বাস্থ্য কমিশনার ডেভ চোকশি ১৭ আগস্ট এ তথ্য জানিয়েছেন।

করোনার পূর্ণ ডোজ টিকা গ্রহণের আট মাস পরে বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা আসছে বলে ১৬ আগস্ট মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার জানিয়েছেন, সে অনুযায়ী আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে।

করোনার টিকা প্রদানের জন্য নিউইয়র্ক নগরে অবকাঠামো প্রস্তুত করা আছে। ২০২০ সালের মার্চে মহামারির ধাক্কায় নাজুক হওয়া যুক্তরাষ্ট্রের এ নগরে টিকা প্রদান করা হয়েছে আগ্রাসীভাবে। ব্যাপক প্রচারণা এবং প্রয়াসের পরও নিউইয়র্ক নগরে কিছু জনসমাজের মধ্যে টিকা প্রদানের হার এখনো সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্যসেবীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। টিকা না নেওয়া কমিউনিটিতে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ছে। টিকা দেওয়া হয়েছে এমন লোকজন সংক্রমিত হলেও তাদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার একেবারেই নগণ্য।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণবিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে টিকার বুস্টার ডোজ দেওয়ার নির্দেশনা আসছে। বুস্টার ডোজ কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ডেলটা ধরন প্রতিরোধেও কার্যকর বলে বলা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের ১৩ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক নগরের ১৮ থেকে ৪৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গদের মধ্যে মাত্র ২৮ শতাংশ পূর্ণ ডোজের টিকা নিয়েছেন। নগরে ল্যাটিনো এবং হিস্পানিকদের মধ্যে ৪৮ শতাংশ এবং একই বয়স অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গদের মধ্যে ৫২ শতাংশ লোকজন পূর্ণ ডোজের টিকা গ্রহণ করেছেন।

কোভিড-১৯ এর টিকা গ্রহণে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন মনোভাব বিরাজ করার কারণে মহামারি নিয়ন্ত্রণ জটিল হয়ে উঠেছে বলে মনে করেন স্বাস্থ্যসেবীরা। একদিনে ডেলটা ভাইরাসের উৎকণ্ঠা, অন্যদিকে বিভিন্ন জনগোষ্ঠীকে সচেতন করে টিকা প্রদানে সম্মত করাই এখন বিশাল কাজ হয়ে দাঁড়িয়েছে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আসছে সপ্তাহেই হোয়াইট হাউস থেকে বুস্টার ডোজের টিকা নিয়ে নির্দেশনা আসতে পারে। নার্সিং হোম, স্বাস্থ্যসেবী এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা বয়স্ক লোকজনকে ক্রমান্বয়ে বুস্টার ডোজ দেওয়া হবে এবং মধ্য বা সেপ্টেম্বরের শেষের দিকে তা ব্যাপকভাবে শুরু হবে বলে মনে করা হচ্ছে।