সেবাশ্রম ফাউন্ডেশনের বার্ষিক তীর্থযাত্রা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি দিয়ে তীর্থযাত্রার শুভ সূচনা করা হয়
শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি দিয়ে তীর্থযাত্রার শুভ সূচনা করা হয়

বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে ১৫ জুন সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের বার্ষিক তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের তীর্থযাত্রা উপলক্ষে শ্রী দিপংকর রায়কে আহ্বায়ক, শ্রী রামদাস ঘরামিকে সদস্যসচিব করে গঠিত কমিটি এ তীর্থযাত্রা সম্পন্ন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন—শ্রী উত্তম মণ্ডল, শ্রী উজ্জ্বল রায়, পঙ্কজ রায়, অখিল ওঝা। সদস্যরা হলেন—নিতীশ বিশ্বাস, প্রীতিশ বালা, কুমারেশ সরকার, বিধান চন্দ্র পাল, বিমলেন্দুকর, সুনীল রায়, সদানন্দ ঘোষ, সুব্রত সরকার, নেপাল দাস, গুরুদাস হালদার, প্রশান্ত মল্লিক, প্রদীপ চন্দ্র, দেবব্রত ঘোষ, রাখী বিশ্বাস, বীথি মণ্ডল ও কানন বিশ্বাস।

সকাল ১০টায় শ্রী প্রদীপ ভট্টাচার্য, শ্রী বিজয় ভৌমিক, উত্তম মণ্ডল, নেপাল দাস, নেপাল মজুমদার ও স্বামী দেবা প্রিয়ানন্দ মহারাজের সমন্বয়ে গঠিত কীর্তন দলটি ভগবানের নাম কীর্তন করে শঙ্খ ধ্বনি ও উলুধ্বনি দিয়ে যাত্রার শুভ সূচনা করেন। দুপুরে নিউজার্সির ইসকন মন্দিরে পৌঁছালে ভক্তদের খিচুড়ি প্রসাদ দিয়ে আন্তরিকভাবে আপ্যায়ন করানো হয়। ভক্তরা এখানে দুপুরের ভোগ আরতি ও কীর্তনে অংশ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

পরে ভক্তরা নিউজার্সিতে অবস্থিত সাই দত্ত পীঠ মন্দিরে পৌঁছান, দুপুরে অন্ধ প্রসাদ গ্রহণ করেন। এই মন্দিরের পরিচালনা পর্ষদ সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কর্মকর্তা ভক্তদের সম্মানে সাই দত্ত পীঠ বাবার মূর্তির সামনে বিশেষ পূজা ও সম্মান প্রদর্শনের অনুষ্ঠান আয়োজন করেন। এই মন্দিরে ভারত থেকে আগত খ্যাতনামা ভজন শিল্পীরা ভজন পরিবেশন করেন।

মন্দির পরিক্রমার সর্বশেষ স্থান নিউইয়র্ক আপ স্টেটের রঙ্গনাথ মন্দিরে পৌঁছে ভক্তরা পূজা অর্চনা দিয়ে পরিবার পরিজনদের জন্য মঙ্গল কামনা করেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই মন্দিরে শ্রী বিজয় কৃষ্ণ ভৌমিকের দিক নির্দেশনায় সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন একটি ধর্ম সভার আয়োজন করে। শ্রী বিজয় কৃষ্ণের উপস্থাপনায় গীতা পাঠ, ভজন কীর্তন, হরিকথা ও প্রার্থনা দিয়ে সভাটি সাজানো হয়। সভায় ধর্মীয় আলোচনা করেন স্বামী দেবাপ্রিয়ানন্দ মহারাজ এবং ভজন পরিবেশনা করেন যথাক্রমে সবিতা দাস, সত্যকী রায়, ইতি মণ্ডল, পার্বতী রুনা, প্রদীপ ভট্টাচার্য, মিলন রায়, নেপাল দেবনাথ, ত্রিনয়নী তালুকদার, ডা. লক্ষণ কর, জয়দেব গাইন, রামদাস ঘরামি, কার্যকরী পরিষদের পক্ষ থেকে নিহার সরকার ও দিপংকর রায়।

ডা. সঞ্জিত বিশ্বাস, ডা. কৃষ্ণা রায় ও ডা. লক্ষণ করের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ভক্তদের প্রাথমিক চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। অনুষ্ঠানে র‌্যাফল ড্রয়ের ব্যবস্থা ছিল। সোনার চারটি দেব দেবীর মূর্তিসহ মোট ২৫টি ধর্মীয় পুরস্কার ছিল এই র‌্যাফল ড্রয়ে। অনুষ্ঠানটি উজ্জ্বল রায়ের উপস্থাপনায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে। উজ্জ্বল রায়কে সহযোগিতা করেন রামদাস ঘরামি, দিপংকর রায়, উত্তম মণ্ডল, জয়দেব পাইন ও পঙ্কজ রায়।