সেরা স্কুলে বাঙালির সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে আক্রান্ত পৃথিবীতে এখন সব উৎসবের রং ফিকে হয়ে গেছে। প্রতি বছরের মতো নিউইয়র্কের সেরা স্পেশালাইজড বা বিশেষায়িত স্কুলে এবারও সুযোগ পেয়েছে বাঙালি অনেক ছেলেমেয়ে। ওদের ক্ষুদ্র জীবনে এটাই সবচেয়ে বড় অর্জন। তবু ওরা আনন্দে উদ্বেল হতে পারছে না। ওদের বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বিমর্ষ। নিউইয়র্ক শহরের সব স্কুল বন্ধ থাকায় সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে এত বড় কৃতিত্ব ভাগ করে নিতে পারছে না। সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কের বিশেষায়িত স্কুলগুলোতে বাঙালি ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ছে।
শাশ্বত উদ্যোম (ঐক্য): মা কথিতা রহমান ইউনিসেফ হেডকোয়ার্টারে চাকরি করেন, বাবা সাঈদ খালেদ চিকিৎসক। তাদের দুই ছেলের মধ্যে ছোট শাশ্বত উদ্যোম ঐক্য। জ্যামাইকার আইএস ২৩৮ সুসান বি অ্যান্থনি স্কুলের ছাত্র ঐক্য স্কুলে বন্ধুদের কাছে ‘কিং অব ম্যাথ’ নামে পরিচিত। কঠিন কঠিন জ্যামিতিক সমাধান তার সবচেয়ে প্রিয়। স্কুলে পড়ার চেয়ে বিশ্ব রাজনীতি ও ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসে। তবে স্কুলের পড়া সে নিয়মিত করে। তাকে বাসা থেকে ম্যাথ ও ইংলিশ পড়ার জন্য জোর দেওয়া হয়, যখন সে সেভেন গ্রেডে পড়ে। পাশাপাশি স্পেশালাইজড স্কুলের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, তার ওপর ধারণা নেওয়া ও ওভাবে প্রস্তুতি নিতে তার বড় ভাই উচ্ছ্বাস সাহায্য করে।

উচ্ছ্বাস ব্রঙ্কস সায়েন্স হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করেছে। ঐক্যের প্রথম পছন্দের স্কুল ছিল স্ট্যাইভ্যাসেন্ট, সেটাই সে পেয়েছে। ঐক্য তার স্কুলের শিক্ষক ও খান টিউটোরিয়ালে যারা তাকে গাইড করেছে টানা তিন মাস, তাঁদের প্রতি কৃতজ্ঞ। ঐক্য স্বপ্ন দেখে শিশুদের জন্য সাইকোলজিক্যাল রিসার্চ করবে। যদিও মাঝে মাঝেই সে লেখক হওয়ার কথাও ভাবে, কল্পনার রঙে নতুন কোন বিষয় নিয়ে লিখে সব শিশুর আনন্দ দিতে চায়। ঐক্য বন্ধু ভালোবাসে, খেলতে পছন্দ করে আর বাংলা মাছ আর ভাত তার অনেক প্রিয়।

ফারহান খান: ফারহান খান রোহানের মা মনিরা আকঞ্জি নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনে ও বাবা আসলাম আহমেদ খান এমটিএতে চাকরি করছেন। ফারহান যখন এই দেশে আসে, তখন ওর বয়স মাত্র তিন বছর। তার বড় ভাই ফারদিন খান রুপাইয়ের বয়স আট বছর। মাত্র আট বছরের সন্তানের কাছে তিন বছরের শিশু সন্তানকে রেখে কাজ করতে যেতে হতো মনিরাকে। সংগ্রামের সেই দিনগুলোর কথা ভাবলে এখনো মায়ের মন বেদনায় ছেয়ে যায়। তবে সন্তানেরা বাবা-মায়ের সংগ্রামের মূল্য বুঝেছে। বড় ছেলে পড়েছে ব্রঙ্কস হাইস্কুলে। এবার ছোট ছেলে ফারহান সুযোগ পেয়েছে স্ট্যাইভ্যাসেন্ট হাইস্কুলে। বর্তমানে ওয়াল্টার এইচ ক্রাউলি ইন্টারমিডিয়েট স্কুলের ছাত্র ফারহান ভবিষ্যতে এমআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। রুটিনমাফিক পড়াশোনা, তার নিজের পরিশ্রম, মা ও খান টিউটোরিয়ালের গাইডেন্স তার ভালো ফলাফলের পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে।
সাইফুল হোসেন (ঋদ্ধি): বাবা কাবির হোসেন ও মা কান্তা কাবিরের দুই ছেলের মধ্যে বড় সাইফুল ইসলাম ঋদ্ধি ছোট বেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। ব্রঙ্কসের পিএস/এমএস ১৯৪ স্কুলের ছাত্র ঋদ্ধির গণিতের প্রতি আকর্ষণ দুর্বার। নিউইয়র্কে একাধিক গণিত প্রতিযোগিতায় অংশ নিয়েছে। স্কুল স্টুডেন্ট ইলেকশনে সরাসরি ছাত্রদের ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়ে আলবেনিতে পলিটিক্যাল লিডারদের সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করার সুযোগ পায় সে।
স্কুলের বিভিন্ন সায়েন্স ফেয়ারে সাইফুলের অংশগ্রহণ সক্রিয় এবং চলতি বছরও সে প্রথম হয়েছে। সাইফুল সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। ভালো স্কুলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই মোটিভেশন–ই ওর মধ্যে কাজ করত। ব্রঙ্কস হাইস্কুল তার প্রথম পছন্দ ছিল। বাবা-মায়ের উৎসাহ, বিশেষ করে বাবার নিয়মিত মনিটরিং ও শিক্ষকদের কথা মেনে চলা ঋদ্ধির সাফল্যের মূল নিয়ামক। ঋদ্ধির ভবিষ্যৎ পরিকল্পনা ইয়েল ইউনিভার্সিটির পড়াশোনা করে নিউরোসার্জন হওয়া।
পারসা চৌধুরী: বাবা জসিম চৌধুরী ও মা শিলু চৌধুরীর দুই মেয়ের মধ্যে ছোট পারস্য চৌধুরী। ব্রঙ্কসের পিএস এমএস ১৯৪ স্কুলের ছাত্রী পারস্য ছোট থেকেই লেখাপড়ায় মনোযোগী। নিয়মিত পড়াশোনাই ওকে ভালো স্কুলে পড়ার সুযোগ করে দেয়। ব্রুকলিন টেকনিক্যাল হাই স্কুল তার দ্বিতীয় পছন্দ ছিল। প্রথমে ছিল ব্রঙ্কস সায়েন্স। তবু ব্রুকলিন টেকে সুযোগ পেয়ে সে খুব খুশি। পারস্যের এই সাফল্যের পেছনে বাবা–মায়ের পাশাপাশি শিক্ষকের অবদান খুব বেশি। মা শিলু চৌধুরীর ভাষায়, ছেলেমেয়েরা শিক্ষকের কথা বেশি শোনে । আমার মেয়ে সব সময়ই স্কুলের শিক্ষকদের অনেক পছন্দের ছিল। পারসা ভবিষ্যতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়োশোনা করতে আগ্রহী।
ফাতিমা মাশুকা: আইএস ২৯২ স্কুলের ছাত্রী ফাতিমা মাশুকা ছোট বয়স থেকে পড়াশোনায় মনোযোগী। একা একা হোমওয়ার্ক করে গুছিয়ে রেখে দিত। বড় বোনকে দেখে আগ্রহ জেগেছে, সে স্পেশালাইজড স্কুলে পড়বে। মাশুকার বড় বোন তাসনিম খান স্ট্যাইভ্যাসেন্টে পড়তেন। এখন তিনি ইউনিভার্সিটি অব শিকাগোতে পড়েন। মাশুকাও চেয়েছিল বোনের মতো স্ট্যাইভ্যাসেন্টে স্কুলে পড়তে। ব্রুকলিন টেকে সুযোগ পেয়েও সে খুব খুশি। স্পেশালাইজড স্কুলের পরীক্ষায় তার নম্বর ৫৫২.৬। ছোটবেলা থেকে লেখাপড়ার ব্যাপারে মা নিশাত সুলতানা খুব উৎসাহ দিতেন। ওর শিকক্ষেকরাও অনেক সহযোগিতা করেছে। মাশুকা স্বপ্ন দেখে, আইভী লীগের অন্তর্ভুক্ত কলেজে পড়ার।