সেলফির জাদুঘর

নিখুঁত সেলফি তোলা নাকি শিল্প। কোন অ্যাঙ্গেল থেকে কোন দিকে ফোকাস করতে হবে, সেলফিতে আসা বিশাল হাত কীভাবে ক্রপ করে কেটে ফেলতে হবে, সর্বোপরি হাসিটা কেমন হবে, এসবের ওপর নির্ভর করে সেলফিটা কেমন হবে। এসব কারণেই সেলফিকে শিল্পের পর্যায়ে ভাবতে চান অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমের রমরমা এই যুগে সেলফির কদর বেড়েছে, তা বলার আর অপেক্ষা রাখে না। তাই সেলফি জাদুঘর খোলার কথা ভাবেন যুক্তরাষ্ট্রের টমি হনটন এবং টেয়ার মামেদভ। লস অ্যাঞ্জেলসে গতকাল রোববার জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। নিজের ছবি নিজে তোলার ইতিহাস-সংস্কৃতি তুলে ধরাই যার উদ্দেশ্য। এ ছাড়া এই জাদুঘরটি তাঁদের জন্যও, যাঁরা কিনা মনে করেন যে কোনো মুহূর্তের ছবি না তোলার অর্থ হলো, মুহূর্তটি কখনো ছিলই না।
লরি গুয়েন নামের এক ইভেন্ট প্ল্যানার (৪৫) বলেন, তিনি সব সময় ছবি তোলেন না। কারণ তিনি বয়সে খুব নবীন নন। নিনা ক্রাউই নামের আরেক দর্শনার্থী বলেন, তিনি দিনে একটি সেলফি তোলেন।
প্রদর্শনীটি শুরু হয় আয়না দিয়ে যা কিনা সেলফির সবচেয়ে মৌলিক ধরন। কিন্তু পুরো বিষয়টিকে হনটন এবং মামেদভ মনে করছেন, শুধু ছবির চেয়ে আরও বেশি কিছু। হনটন বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে যে ‘বিস্ময়করভাবে সেলফির রয়েছে অতি সমৃদ্ধ ইতিহাস।’ বিখ্যাত চিত্রশিল্পীদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভ্যান গগ নিজের অনেক ছবি এঁকেছিলেন। এ রকম উদাহরণ আরও অনেকের রয়েছে। অর্থাৎ তাঁরা তাঁদের প্রতিকৃতি এঁকেছিলেন, আর এখন মানুষ নিজের ছবি তুলছে—এ দুটির মধ্যে বিস্তর ফারাক নেই। তবে শিল্পকর্মের কলাকৌশল ভিন্ন তা স্বীকার করে নিয়েই হনটন এ-ও বলেন, তখন যদি মুঠোফোন এবং সেখানে ক্যামেরা থাকত, প্রত্যেকেই সেলফি তুলত।
জাদুঘরটিতে মজার মজার বিষয়ও সামনে নিয়ে আসা হয়েছে। যেমন পুরুষদের তুলনায় নারীরা সেলফি বেশি তোলেন। বিভিন্ন শহরভেদে তা কেমন, তা-ও প্রদর্শনীতে সন্নিবেশিত করা হয়েছে। যেমন ব্রাজিলের সাও পাওলোতে ৬৫ দশমিক ৪ শতাংশ সেলফি তুলেছেন নারী, নিউইয়র্কে নারীদের সেলফি তোলার হার ৬১ দশমিক ৬ শতাংশ। আর রাশিয়ার মস্কোতে তা ৮২ শতাংশ। এর আগে ২০১৫ সালে ফিলিপাইনে একটি সেলফি মিউজিয়াম খুলেছিল। কিন্তু সেটি আর চালু থাকেনি।