সেশনসের ভাগ্য নির্ধারণ 'শিগগিরই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফ সেশনস
জেফ সেশনস

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের ভাগ্য ‘খুব শিগগিরই’ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। জেফ সেশন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত সমালোচনার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস এমন প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের নতুন যোগাযোগ প্রধান অ্যান্থনি স্ক্যরামুচ্চির বরাত দিয়ে ২৬ জুলাই এ তথ্য জানিয়েছে বিবিসি। 

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত থেকে জেফ সেশনস নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আর এ ঘটনাতেই এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র সেশনসের ওপর ভীষণ চটেছেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে তাঁর ক্ষোভের কথা প্রথম প্রকাশ্যে বলেন। সেখানে তিনি বলেন, ‘সেশনের এ অবস্থানের কথা আগে জানলে তিনি তাঁকে নিয়োগ দিতেন না।’ পরে এ নিয়ে তীব্র আলোচনা শুরু হলেও তিনি সেশনসকে আক্রমণ করা থেকে বিরত হননি। সর্বশেষ ২৫ জুলাই ট্রাম্প জেফ সেশনসকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেন। তাঁর আগের দিন তাঁকে ‘হতাশাজনক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
এদিকে প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেশনস পদত্যাগ করবেন না বলে তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে। এ অবস্থায় সেশনসের ব্যাপারে হোয়াইট হাউস কী ভাবছে এমন প্রশ্নের জবাবে ২৫ জুলাই অ্যান্থনি স্ক্যরামুচ্চি সাংবাদিকদের বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের বিষয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করা যাচ্ছে।’ প্রেসিডেন্ট জেফ সেশনসকে সম্ভবত চাচ্ছেন না-এক সাংবাদিকের এমন মন্তব্যের বিপরীতে হোয়াইট হাইসের এ নতুন যোগাযোগ পরিচালক বলেন, ‘সম্ভবত এটাই ঠিক।’
এদিকে, জেফ সেশনস সম্প্রতি হোয়াইট হাউস সংশ্লিষ্টদের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নবায়নের ব্যাপারে কিছু করার আহ্বান জানিয়েছিলেন বলে তথ্য প্রকাশ করেছিল সংবাদ সংস্থা এপি। এ বিষয়ে জানতে চাইলে স্ক্যরামুচ্চি বলেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে আগ্রহী নন।’