
যুক্তরাষ্ট্রে গুলি করে ১৪ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত তাশফিন মালিকের এক চাচা বলেছেন, ভাইঝির এ কাজে তাঁরা স্তম্ভিত। সে কেন এমন ভয়াবহ কাজ করল, তা তাঁদের বোধগম্য নয়। অন্যদিকে তাশফিনের সৎ ফুফু হিফজা বিবি বলেন, তাঁর ভাই সপরিবারে সৌদি আরবে গিয়ে বদলে গিয়েছিলেন। খবর এএফপি ও রয়টার্সের।
স্বজনেরা বলছেন, তাশফিনের পরিবার পাকিস্তানে থাকার সময় উদারপন্থী সুফি ইসলামের অনুসারী ছিল। সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করার সময়ই সম্ভবত তারা কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়ে।
তাশফিন (২৯) ও তাঁর স্বামী সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনো শহরে গত বুধবারের ওই হামলার পর নিজেরাও পুলিশের গুলিতে নিহত হন। জঙ্গি সংগঠন আইএস দাবি করেছে, এ দম্পতি তাদের অনুসারী ছিলেন।
এএফপি জানায়, তাশফিনের চাচা মালিক আহমেদ আলী আওলাখ একজন সাবেক প্রাদেশিক মন্ত্রী। বার্তা সংস্থাটিকে তিনি গতকাল বলেন, ‘ভাইঝির এ কাজে আমরা লজ্জিত ও স্তম্ভিত। সে কেন এমন ভয়াবহ কাজ করল?’ তিনি বলেন, তাশফিনের বাবা ক্রমেই পরিবার থেকে দূরে সরে যান। ঘনিষ্ঠ আত্মীয়দের বিয়েশাদিতেও তিনি দেশে ফেরেননি।
রয়টার্স জানায়, তাশফিনের সৎ ফুফু হিফজা বিবিও থাকেন পৈতৃক গ্রাম কারর লাল এসানেই। গতকাল তিনি বলেন, সৌদি আরবে গিয়ে তাশফিনের বাবার চিন্তাধারা বদলে যায়। তিনি মায়ের দাফনেও যোগ দেননি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তাশফিন পরে দুইবার পাকিস্তানে যান। দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইসলামাবাদের কট্টরপন্থী লাল মসজিদের কারও সঙ্গে তাশফিনের যোগাযোগ ছিল। তবে মসজিদটির ইমাম বলেছেন, তাশফিনের নাম তিনি আগে কখনো শোনেননি।