সৌদির বিরুদ্ধে মামলার বিল পাস ভুল: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলায় নিহত ব্যক্তিদের পরিবারগুলো সৌদি আরবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার-সংক্রান্ত বিল মার্কিন কংগ্রেসে পাস হওয়াকে ‘ভুল’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিলে ওবামা ভেটো দিলেও তা অগ্রাহ্য করে এটি পাস হয়।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এই বিল পাসের মাধ্যমে সারা বিশ্বে একটি ‘ভয়াবহ নজির’ তৈরি হলো। এর ফলে সারা বিশ্বে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধেও এমন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্র প্রস্তুত হলো।

গত বুধবার কংগ্রেসে বিলটি পাস হয়। এই প্রথম প্রেসিডেন্ট ওবামা ভেটো দেওয়ার পরও কোনো বিল পাসের ঘটনা ঘটল। দ্য জাস্টিস এগেইন্সট স্পনসরস অব টেররিজম (জেএএসটিএ) আইনটির ফলে ৯/১১ -এর হামলায় নিহত ব্যক্তিদের পরিবার সৌদি সরকারের যেকোনো সদস্যের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে পারে। বিলটি মার্কিন সিনেটে ৯৭-১ ভোটে এবং প্রতিনিধি পরিষদে ৩৪৮-৭৭ ভোটে পাস হয়। অর্থাৎ এ বিলটি এখন আইনে পরিণত হয়ে গেছে।

৯/১১-এর হামলায় অংশ নেওয়া ১৯ জনের মধ্যে ১২ জনই ছিলেন সৌদি নাগরিক। হামলায় ৩ হাজার মানুষ নিহত হয়। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে সৌদি সরকার।

বিলটি পাসের পর ওবামা সিএনএনকে বলেন, এটি একটি ভয়াবহ দৃষ্টান্ত। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবেই কংগ্রেস সদস্যরা এ বিলে সম্মতি দিয়েছেন।

চুপ সৌদি সরকার, ক্ষুব্ধ নাগরিকেরা: সৌদি আরবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার-সংক্রান্ত বিল পাস হওয়ার পর কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি সরকার। তবে দেশটির নাগরিকেরা এ আইনের তীব্র সমালোচনা করেছে। আইনটি ঠেকাতে সৌদি সরকার ব্যাপক প্রচারণা চালিয়েছে। আইনটি তাদের সার্বভৌম অধিকারের পরিপন্থী বলেও সতর্ক করে দেয় তেলসমৃদ্ধ দেশটির সরকার। তবে আইনটি পাস হওয়ার পর সৌদি কোনো প্রতিক্রিয়া না জানালেও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি নাগরিকেরা। দেশটির আশারক আল-আওশাত পত্রিকার প্রধান সম্পাদক সালমান আল-দোসারি টুইটারে লিখেছেন, ‘সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রকে সমস্ত সহযোগিতা বন্ধ করে দিলে কী হবে?’