সৌদির বিরুদ্ধে মামলার বিলে ওবামার ভেটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯/১১ সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারকে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার সুযোগ দিয়ে কংগ্রেসে পাস হওয়া বিলে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার ভেটো দেওয়ার শেষ দিনই প্রেসিডেন্ট হিসেবে ওই ক্ষমতা প্রয়োগ করেন ওবামা।

বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চালানো সন্ত্রাসী হামলা বা অন্য যেকোনো হামলার ভুক্তভোগী মার্কিন পরিবার সৌদি আরব সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে। সৌদি আরব ওই হামলার ঘটনায় সরকারের সম্পৃক্ততার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। তবে ৯/১১-এর হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত প্রায় সবাই ছিলেন সৌদি নাগরিক।

প্রেসিডেন্ট ওবামার এই ভেটো বানচাল করে দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। এ লক্ষ্যে আগামী সপ্তাহে কংগ্রেসে বিষয়টি উত্থাপন করা হবে। কংগ্রেস সদস্যরা আশাবাদী যে তাঁরা ওবামার এই ভেটো উল্টে দিতে পারবেন। যদি তা-ই হয়, তবে ওবামার শাসনামলে এই প্রথম প্রেসিডেন্টের কোনো ভেটো পাল্টে দেওয়ার ঘটনা ঘটবে। নিজ শাসনামলে ওবামা এ পর্যন্ত ১২ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন।

সিএনএন জানিয়েছে, ভেটোর বার্তায় ওবামা লেখেন, ৯/১১ সন্ত্রাসী হামলায় আক্রান্ত পরিবারের প্রতি তাঁর গভীর সহমর্মিতা রয়েছে। তবে এই বিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাগত স্বার্থের ক্ষতি করবে। পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের (সৌদি আরব) ক্ষতি সাধন করবে। 

তবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন মুখপাত্র বলেছেন, হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কংগ্রেসের ওই বিলে স্বাক্ষর করবেন।

 সৌদি আরব হুমকি দিয়ে রেখেছে,  তাদেরকে দায়ী করে মামলার অধিকারের বিল পাস করা হলে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ তুলে নেবে দেশটি।