ইয়েমেনে বিমান হামলায় প্রায় দেড় শ বেসামরিক লোকের প্রাণহানির পর যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, সৌদি আরবের সঙ্গে তাদের নিরাপত্তা সহযোগিতা কোনো ঢালাও ব্যবস্থা নয়। শনিবার রাতে ইয়েমেনে এক অন্ত্যেষ্টিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত হয়।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘সৌদি আরব-মার্কিন নিরাপত্তা সহযোগিতা কোনো ঢালাও ব্যবস্থা নয়। সৌদি আরবকে আমরা তার ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সহায়তা দিয়ে গেলেও ইয়েমেনের সংঘাতে যেভাবে লড়াই চলছে তা নিয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি এবং করা অব্যাহত রাখব।’
জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, রাজধানী সানার ওই ঘটনায় ৫০০ জনের বেশি লোক আহত হয়েছে।
মার্কিন উপদেষ্টা বলেন, ‘এটি এবং সাম্প্রতিক কিছু ঘটনার আলোকে আমরা সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সহযোগিতা অবিলম্বে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি, যা ইতিমধ্যেই অনেকটা কমিয়ে ফেলা হয়েছে। আমরা আমাদের সহায়তা পুনর্বিন্যাস করতে তৈরি, যাতে করে এটি মার্কিন নীতি, মূল্যবোধ ও স্বার্থের সঙ্গে আরও সাযুজ্যপূর্ণ হয়। এর মধ্যে আছে ইয়েমেনের দুঃখজনক সংঘাত অবিলম্বে ও টেকসইভাবে বন্ধের লক্ষ্যটি।’
মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র সৌদি নেতৃত্বাধীন জোট, ইয়েমেন সরকার, হুতি বাহিনী ও সালেহর পক্ষের বাহিনীকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ১০ এপ্রিলের মতৈক্যের আওতায় যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রকাশ্য অঙ্গীকার করার আহ্বান জানাচ্ছে।
তদন্ত করবে যৌথ বাহিনী: এএফপি জানায়, সানায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বিমান হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। গতকাল রোববার তারা এ কথা জানিয়েছে। মিত্রকে সমর্থন দেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র জানানোর পরই যৌথ বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা এল।
শনিবারের ওই হামলার প্রতিবাদে সানায় গতকাল বিক্ষোভ করেছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। সেখানে জাতিসংঘ কার্যালয়ের সামনে তাঁরা জমায়েত হয়ে ‘আল-সৌদের পতন হোক’ বলে স্লোগান দেন।
সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদারের আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট এবং হুথি বিদ্রোহীদের মিত্র বলে পরিচিত আলী আবদুল্লাহ সালেহ। গতকাল তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের সংঘাতে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করার পর থেকে ৬ হাজার ৭০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর বেশির ভাগই বেসামরিক লোক। শিয়া মুসলিম হুতি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্টকে উৎখাত করার পর তাদের বিতাড়িত করতে প্রতিবেশী সৌদি আরব আরও কয়েকটি আরব দেশকে নিয়ে জোট করে সেখানে হামলা চালাচ্ছে।