সৈয়দ জাফর আহমেদের মৃত্যুতে প্রোগ্রেসিভ ফোরামের শোক প্রকাশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবু জাফর আহমেদের (৬৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ।
প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলীম উদ্দিন সংগঠনের পক্ষ থেকে সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা। তাঁর মৃত্যুতে আরও শোক জানান মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি সামসাদ হুসাম ও সাধারণ সম্পাদক সুলেখা পাল।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কমরেড জাফর আহমেদের মৃত্যুতে বাংলাদেশের মেহনতি মানুষ একজন প্রকৃত বন্ধুকে হারাল। তাঁর মৃত্যু বাংলাদেশের বাম-প্রগতিশীল আন্দোলনের অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, কমরেড জাফর আহমেদ গত ২৮ মে রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে মারা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কৃতী ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ আবু জাফর আহমেদ অন্যতম। তিনি ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সৈয়দ মনোয়ার আলী ও মা সৈয়দা আমিরুন্নেসা খাতুন। সৈয়দ আবু জাফর আহমেদ ১৯৬৯ সালে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও মৌলভীবাজার সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর ভর্তি হন ঢাকা সিটি ল কলেজে। পরে উচ্চতর পড়াশোনার জন্য ১৯৭৯ সালে তিনি জার্মানি যান।
ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জাফর আহমেদ। ছাত্ররাজনীতির পাশাপাশি সিলেটের বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন তিনি। ১৯৭০ সালে তিনি কলেজছাত্র সংসদের সাহিত্য সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও পরে উভয় সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিলেটে শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে তিনি প্রথম কারাবরণ করেন। জেল থেকে বের হওয়ার পর আবার ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ফের গ্রেপ্তার হন তিনি এবং বিনা বিচারে দীর্ঘ এক বছর কারাগারে কাটান। এ ছাড়া এরশাদবিরোধী আন্দোলনেও সৈয়দ আবু জাফর আহমেদ সমান সক্রিয় ছিলেন। সে সময়ও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন।